কংগ্রেসের সিদ্ধান্ত মেনে নিচ্ছেন ট্রাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করছে আমেরিকা। মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগের পরিপ্রেক্ষিতে এটি আরোপ করা হচ্ছে। একই সঙ্গে রাশিয়ার ওপর আরোপিত কোনো নিষেধাজ্ঞা অপসারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা সীমিতকরণের পদক্ষেপ নিতেও মতৈক্যে পৌঁছেছেন মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের রিপাবলিকান ও ডেমোক্র্যাট সদস্যরা। এ আইনের বিপরীতে প্রেসিডেন্টের ভেটো দেওয়ার ক্ষমতা থাকলেও তিনি এর প্রতি সম্মতি জানাবেন বলে হোয়াইট হাউস ইঙ্গিত দিয়েছে বলে ২৩ জুলাই জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ সম্পর্কিত একটি আইনের বিষয়ে মার্কিন কংগ্রেসে উভয় দল একমত হয়েছে বলে ২২ জুলাই খবর প্রকাশ করে বিবিসি। আইনটির প্রাথমিক সংস্করণটি সিনেটে ৯৭-২ ভোটে পাস হয়। পরবর্তী সময়ে এর সঙ্গে ভবিষ্যতে ইরান ও উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের সুযোগ রেখে একে পরিমার্জন করা হয়। আইনের বর্তমান রূপটির ওপর ২৫ জুলাই প্রতিনিধি পরিষদে ভোট গ্রহণ হবে। এ ক্ষেত্রেও আইনপ্রণেতারা আইনটির পক্ষেই মত দেবেন, এটা একরকম নিশ্চিতই। আইনটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মস্কোর ওপর আরোপিত পূর্ববর্তী কোনো নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমতা সীমিতকরণের বিষয়টি। কারণ, এর আগে ক্রেমলিনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা হলেও কূটনৈতিক স্বাধীনতা প্রয়োজন বলে মন্তব্য করেছিলেন ট্রাম্প। এ পরিপ্রেক্ষিতেই নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রেসিডেন্টের ক্ষমতা সীমিতকরণের চিন্তা করছেন মার্কিন আইনপ্রণেতারা। এরই মধ্যে আইনটির প্রতি সমর্থন রয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।
এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি সারাহ এইচ স্যান্ডার্স বলেন, ‘রাশিয়ার ওপর আরও কিছু নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে দেশটির প্রতি কঠোর হওয়ার বিষয়ে প্রশাসন ইতিবাচক। আইনটির প্রাথমিক রূপ বেশ দুর্বল ছিল। কিন্তু প্রতিনিধি পরিষদ ও সিনেটের সমন্বয়ে আমরা এটি নিয়ে কাজ করেছি। এতে কিছু প্রয়োজনীয় পরিবর্তন আনা হয়েছে। আইনটির বর্তমান ভাষ্যের প্রতি আমাদের সমর্থন রয়েছে।’
হোয়াইট হাউস কর্মকর্তার বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানায়, নিষেধাজ্ঞা প্রত্যাহারের ক্ষমতা সীমিত করার পাশাপাশি মস্কোর ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের আইনে সম্মতি জানাবেন ট্রাম্প। আর আইনটি পাস হলে কংগ্রেসের উচ্চ ও নিম্নকক্ষে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা সত্ত্বেও প্রথমবারের মতো নীতি প্রণয়নবিষয়ক চাপের মুখে পড়বেন ট্রাম্প। স্বাভাবিকভাবেই আইনটি রুশ-মার্কিন সম্পর্কে গভীর রেখাপাত করবে। কারণ, কোনো নিষেধাজ্ঞা একবার আইন হিসেবে লিখিত হলে তার অপসারণ অনেক কঠিন হয়ে পড়ে। এ কারণে এ ধরনের আইনের বিরোধিতা হয়ে আসছে অনেক আগে থেকেই। পাশাপাশি এর মাধ্যমে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে মার্কিন কংগ্রেসের হস্তক্ষেপের মাত্রাও বেড়ে যায়। এ কারণেই দুই দলেরই সাবেক প্রেসিডেন্টরা বাধ্যতামূলক নিষেধাজ্ঞা সম্পর্কিত কোনো আইন প্রণয়নের ক্ষেত্রে সব সময়ই বিরোধিতা করেছেন। কিন্তু এ ক্ষেত্রে ট্রাম্পের ক্ষেত্রটি ক্রমেই সংকুচিত হয়ে আসছে। আর এর পেছনে নির্বাচনকালে রাশিয়ার সঙ্গে ট্রাম্প সংশ্লিষ্ট ব্যক্তিদের আন্তসংযোগের বিষয়টি কারণ হিসেবে কাজ করছে। ট্রাম্প নিজেও এটি বুঝতে পারছেন।
সাম্প্রতিক এক টুইটার পোস্টে তিনি লিখেছেন, ‘রুশ-সংশ্লিষ্টতার মিথ্যা গালগল্পে দুটি দল আমোদ করছে। এক ডেমোক্র্যাট আর অন্যটি রুশরা। এটা খুবই দুঃখজনক যে রিপাবলিকানরাও আমার পিঠেই দায় চাপাচ্ছেন। নিজেদের প্রেসিডেন্টকে রক্ষায় তারা কিছুই করছে না।’
তবে হোয়াইট হাউসের পক্ষ থেকে এমন ইঙ্গিত এলেও প্রেসিডেন্টের পরামর্শকদের মধ্যে এখনো কিছুটা সংশয় রয়েছে। এ বিষয়ে হোয়াইট হাউসের নতুন জনসংযোগ পরিচালক অ্যান্থনি স্ক্যরামুচ্চি বলেন, ‘আইনটিতে সই করার বিষয়ে প্রেসিডেন্ট এখনো সিদ্ধান্ত নেননি। তিনি শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে আমি মনে করি।’
২০১৪ সালে ক্রিমিয়ায় মস্কোর সম্প্রসারণবাদী তৎপরতার পরিপ্রেক্ষিতে রাশিয়া এমনিতেই মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। গত বছরের ডিসেম্বরে মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগের পরিপ্রেক্ষিতে দেশটির ৩৫ কূটনীতিককে বহিষ্কার করে ওয়াশিংটন। একই সঙ্গে আমেরিকায় দুটি রুশ স্থাপনাও বন্ধ করা হয়। এখন নতুন নিষেধাজ্ঞা আরোপের মধ্য দিয়ে এর পরিসর বাড়াতে যাচ্ছে ওয়াশিংটন।
ক্ষমতা গ্রহণের পর থেকেই ট্রাম্প প্রশাসনের সামনে মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ সবচেয়ে বড় বিতর্ক হয়ে দাঁড়িয়ে আছে। মস্কোর পক্ষ থেকে এ ধরনের অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করা হলেও মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর ভাষ্য অন্য রকম। নির্বাচনী প্রচারণাকালে ট্রাম্পের প্রচার শিবিরের সঙ্গে মস্কোর কোনো সংশ্লেষ ছিল কি না, তাই এখন খতিয়ে দেখছে তারা।
এ অবস্থায় রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে কংগ্রেসে উভয় দলের ঐকমত্যকে খুবই গুরুত্ব দিয়ে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। বিবিসিকে তাঁরা জানান, ট্রাম্পের মনোভাব যা-ই হোক না কেন, রাশিয়ার সঙ্গে একটি বিভেদরেখা অক্ষুণ্ন রাখার বিষয়ে কংগ্রেসের স্থির সিদ্ধান্তেরই বহিঃপ্রকাশ এটি। এটি ট্রাম্প প্রশাসনের সামনে একটি শাঁখের করাতের মতো। কারণ, ক্ষমতা থাকলেও কংগ্রেসে এর বিরুদ্ধে ভেটোও দিতে পারবেন না প্রেসিডেন্ট। কারণ, সে রকম কিছু করলে রাশিয়ার প্রতি আনুগত্য প্রশ্নে ট্রাম্পের বিরুদ্ধে বিদ্যমান সমালোচনার পালে আরও জোর হাওয়া লাগবে। আর এতে সই করাটা হবে নিজের অবস্থানের বিরুদ্ধে সম্মতি দেওয়ার শামিল।
সিনেটে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির জ্যেষ্ঠ ডেমোক্র্যাট সদস্য বেন কার্ডিন জানান, গভীর পর্যালোচনার পরই এমন ঐকমত্যে পৌঁছেছে দুই দল। মার্কিন জনগণ ও এর মিত্রদের পক্ষ থেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি একটি সুস্পষ্ট বার্তা দেওয়ার বিষয়ে কংগ্রেস ঐক্যবদ্ধ। আর এ বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের সহযোগিতা চাই।
সিনেটে ডেমোক্র্যাট নেতা চাক শুমার বিবিসিকে বলেন, প্রতিনিধি পরিষদ ও সিনেট এ আইনের বিষয়ে উভয় দলের ঐকমত্যের ভিত্তিতে কাজ করতে চায়। রাশিয়ার ওপর একটি নিষেধাজ্ঞা আরোপ করে একটি আইন খুবই প্রয়োজন হয়ে পড়েছে।
প্রসঙ্গত, বিদ্যমান নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য ওয়াশিংটনকে বেশ কয়েকবার আহ্বান জানিয়েছে মস্কো। গত সপ্তাহে দুই দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের আলোচনায় এ বিষয়ে একটি সমঝোতার আশাও তৈরি হয় বলে জানিয়েছিলেন এক রুশ কর্মকর্তা। কিন্তু নতুন নিষেধাজ্ঞা আরোপসংক্রান্ত আইন বিষয়টিকে কঠিন করে তুলবে। ফলে নির্বাচনী প্রচারণাকালে কিংবা সর্বশেষ জি-২০ সম্মেলনের ফাঁকে পুতিনের সঙ্গে বৈঠকে যে সম্পর্কোন্নয়নের ইঙ্গিত ট্রাম্প দিয়েছিলেন, তা বাস্তবে রূপ দেওয়া ট্রাম্পের পক্ষে অনেক কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন বিশ্লেষকেরা।