কটন ক্যানডি বনাম শনপাপড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লকডাউনের পর থেকে অনলাইন খাবার-দাবার অর্ডারই ভরসা। আমার মেয়ে ঈশায়া তাঁর নিজের জন্য এটা-সেটা অর্ডার করছে। একদিন এক প্রায়োরিটি মেল পেলাম লন্ডন থেকে। বিষয় কী? লন্ডন থেকে কে আমার জন্য কী পাঠাল? খুলে দেখি চকলেট! আমাজনে দেওয়া ছিল। জিজ্ঞেস করলাম, কি বেটি! লন্ডন থেকে চকলেট? বলে, হ্যাঁ এটা লন্ডনেই হয়। তবে সে মজা করে চকলেটটা খেয়েছে। আমার একটা মাত্র মেয়ে, সব তাঁর মন মতো হচ্ছে কি না ভাবতে হয়। যাঁদের তিন/চারটি বাচ্চা তাঁদের কী অবস্থা হয় জানি না। এ অবস্থায় বাচ্চাদের জন্যই বেশি ভাবনা। দুই/তিন দিন আগে হবে আমাজনে খাবার অর্ডার করছে কিছু চকলেট, চিপস এসব কিছু। সে মোটামুটি ঘরকে দোকান বানিয়ে ফেলেছে। ভোগ সামান্যই হচ্ছে। আমি কখনোই তাঁকে কড়া শাসন করার প্রয়োজন পড়েনি। তেমন কোন চাহিদা তাঁর নেই বললেই চলে। খাওয়া-দাওয়া কম করে, তাই আর না করি না। তবে কিছু কিনতে হলে, খুব মায়া নিয়ে প্রশ্ন করবে—
-মম তোমার কী পয়সা হবে? আমি কী এটা অর্ডার করব?
-করো।
-কিন্তু দাম বেশি।
-কোনো সমস্যা না বেটি। তুমি একটা কিছু খা,বে এটাই বড় আমার কাছে।
সে পশমনিয়া টার্কিশ কটন ক্যানডি অর্ডার করতে গিয়ে জিজ্ঞেস করল—
-মম তুমি কি কখনো কটন ক্যানডি খেয়েছ?
-কি রকম দেখতে?
তখন বর্ণনা করল এটা মুখে দিলে নাই হয়ে যায়।
-ওহ হাওয়াই মিঠাই! গোলাপি রঙের? (আমার চোখেমুখে ঝিলিক)
-নাহ্, আরেকটা সাদা, এটাও মুখে মিশে যায়।
-হ্যাঁ খেয়েছি। আমরা এটাকে বলি শনপাপড়ি।
এটা ছাড়াতো তোর মায়ের দিন শুরু হতো না। তুমি খেয়েছ কখনো?
-হ্যাঁ।
-আমি তো অনেক দিন হাতে নিয়ে রেখে এসেছি। কারণ তুমি তো সবকিছু খাও না। এয়ারপোর্টে ক্যানডি স্টোরে সুন্দর করে সাজানো। বৈয়মের ভেতর হাওয়ার মিঠাই, শনপাপড়ি। আমি নিতে গিয়েও নিইনি।
সে কটন ক্যানডি এসে পৌঁছেছে। যথারীতি প্যাকেট খুলে ঠিকমতো পরিষ্কার করে নিলাম বাইরের বক্স। তারপর ভেতরের বক্স। সে শনপাপড়ি প্যাকেট খোলার পর মেয়ে সামান্যই মুখে দিয়েছে অনেকটা দ্বিধা নিয়ে।
-খাও আরেকটু
-না পরে খাব।
আমি তখন চা পান করব। পর পর দুটি খেলাম। মেয়েকে হাসতে হাসতে বললাম—
-তুমি তো আমার শিশুকালে নিয়ে গেলে, বেটি।
মেয়ে হাসছে। জিজ্ঞেস করলাম, বুঝেছ কী বলছি?
-yes, you got back your childhood.
আহ্ চোখের সামনে সব ছবি স্পষ্ট অথচ কোথা দিয়ে অনেকগুলো বছর চলে গেছে। সামনে সে স্মৃতিগুলো ভেসে উঠল। মনে হয় এই তো সেদিন। মেয়েকে তখন বললাম, আমাদের সে শৈশবের দিনগুলো—
আমাদের সময় টফি, নাবিস্কো চকলেট ছাড়া তেমন কোনো চকলেটের প্রচলন ছিল না। বা থাকলেও আমাদের পরিবারে সবকিছু অ্যাফোর্ট করা সম্ভব ছিল না। হাওয়ার মিঠাই, শনপাপড়ি, ঘি চমচম, আচার—এসবই ছিল শৈশব। আমাদের অভাব-অনটনের সংসার। তিন বেলা নিয়মিত খাবারের বাইরে বিশেষ কোনো খাবার মিলত না। বড় জোর চার আনা, আট আনা মিলতো কখনো কিছু কিনে খাবার জন্য। হঠাৎ মেহমান অতিথি এসে পড়লেও মিলত বাড়তি কিছু মজাদার খাবার।
যেমন একটু নামীদামি পর্যায়ের মেহমান, লন্ডন বা আমেরিকাপ্রবাসী মামা-খালা কেউ না বলে এলেও হাতে মিষ্টির কম করে হলেও দুই থেকে তিনটা প্যাকেট থাকত। নিমকি, জিলাপি সঙ্গে রসগোল্লা। কখনো কখনো থাকত আমির্তী। লাল রঙের জিনিস অনেকটা জিলাপির মতো। হয়তো জিলাপির ‘খালাতো-চাচাতো’ ভাই হবে। কিংবা পাইন অ্যাপল ক্রিম বিস্কুট।
আগত অতিথি নিয়ে আম্মা ব্যস্ত হয়ে গেলেন, আমরা ভাইবোন ছোট যে কজন তাঁদের প্রধান কাজ ছিল মিষ্টি সব সাবাড় করে ফেলা। এ নিয়ে গণ তিরস্কারের কমতি ছিল না। এ-ওকে দোষারূপ ছিল প্রধান কাজ। কে কতটা খেয়েছে পরে বের হতো। আমরা প্রচণ্ড আনন্দে মিষ্টি খেতাম। কিন্তু কী দিন, আজকালকার বাচ্চারা মিষ্টি খায় না। যেমন আমার মেয়ে। অথচ আমার মিষ্টি জাতীয় খাবারের প্রতি পিঁপড়ার মতো ভালোবাসা ছিল।
খুব ছোটবেলা একবারই দাদার বাড়ি গিয়েছিলাম। দাদি, ফুফুরা ছোট মাটির পাতিলে গুড় ধরিয়ে দিতেন হাতে। সেটা ছিল আমার খুব প্রিয় খাবার। আমাদের কুশলী গ্রামে দানাদার নামে একটি মিষ্টি খুব বিখ্যাত ছিল। হাটের দিন সে মিষ্টি আব্বা নিয়ে আসতেন। আমার তিন ভাই আর আমি ছিলাম সেখানে প্রায় এক মাস। সে মিষ্টিও ছিল প্রিয়। তেমনি বড় ভাইয়েরও। প্রতিযোগিতা করে মিষ্টি খেতাম।
ছোটবেলা আমার হাতে পয়সা থাকুক বা না থাকুক—হাওয়াই মিঠাই আর শনপাপড়ি খাবার জন্য আমার জান প্রায় চলে যেত। প্রতিদিন একটা হাওয়াই মিঠাই না খেলে যেন আমার দিনটাই তিতা থাকত। নানি আমাকে পয়সা দিতেন বেশির ভাগ সময়। এই হাওয়াই মিঠাই শনপাপড়ি বলে ফেরিওয়ালা সুর তুললে আমার ঘরে থাকা দায় ছিল। কলোনির পাশেই একটি হিন্দু পাড়া। মাসিরা গুড়ের তিলি, চিনির তিলি, খাজা, গঁজা—এসব বানাতেন। পঁচিশ পয়সায় পাঁচটি তিলি মিলতো। কখনো বানানো হয়নি, তবু দাঁড়িয়ে থেকে নিয়ে আসতাম। কী সুন্দর দড়ির মতো করে রাবারের মতো ইলাস্ট্রেট করে ওপরে কিছুর সঙ্গে টানাতেন গরম খামির মতো জিনিসটা। তারপর তারের কিছুর সঙ্গে কেটে কেটে টুকরো করে তিলু হত।
শনপাপড়িওয়ালা কাচের বাক্সে শনপাপড়ি সাজিয়ে রাখত। বাসার সামনে এসে ‘এই শনপাপড়ি, হাওয়াই মিঠাই, হাওয়াই মিঠাই...’ বলার সঙ্গে সঙ্গে আমার কাজ ছিল ঘর থেকে বের হয়ে যাওয়া। যদিও নানির চোখ ফাঁকি দিয়ে বের হওয়া ছিল বিরাট কষ্টের। সম্ভবত চার আনাতে এক টুকরো মিলত। মুখে দিলে হাওয়াই মিঠাইয়ের মতো এটাও মিলিয়ে যেত। আমার কাছে তখন পৃথিবীতে এটাই ছিল শ্রেষ্ঠ মজার জিনিস। আর ছিল শুশু বোতলওয়ালার কাছের হজমি (কালো মতো চুকা একটা বস্তু), ঘি চমচম বা কট কটী। এসব মিলত ভাঙা গ্লাস, বোতল এসবের বিনিময়ে। ঘরে কিছু ভাঙলে সাবধানে রেখে দিতাম। এই ছিল আমাদের চকলেট শৈশব।
লকডাউনের এ জীবনে আজ আমি হঠাৎ নস্টালজিক হয়ে পড়লাম। মনে হল, নিমেষে ছোট বেলায় চলে গেছি। মেয়েকে এসব বলতে বলতে ফিরে গেলাম সে দিনগুলোতে। সময় কোথা থেকে কোথায় চলে গেছে অথচ আমাদের কাছে তা মনে হয় এই তো কিছুকাল আগের ঘটনা। শৈশব, অনন্ত শৈশব কী দ্রুতই না চলে যায়। দেখতে দেখতে আমার মেয়েও একদিন বড় হয়ে যাবে। সে তাঁর ছেলেমেয়েকে বলবে, ২০২০ সালে আমরা একটা সময় চাইলেই কিছু কিনতে পারতাম না। অনলাইনে অর্ডার দিলে সে জিনিস এসে পৌঁছাতে এক সপ্তাহ দুই সপ্তাহ সময় লাগত। এ রকম অনেক স্মৃতি।