কঠোর জঙ্গিবাদবিরোধী অবস্থান নেবে যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্য শপথ নেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসলামি চরমপন্থার বিরুদ্ধে লড়াইকে তাঁর পররাষ্ট্রনীতির কেন্দ্রে রেখেছেন। ট্রাম্পের অভিষেকের পরপরই হোয়াইট হাউসের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। শপথ নেওয়ার সময় গত শুক্রবার নতুন প্রেসিডেন্ট অঙ্গীকার করেন, জঙ্গিবাদী হুমকির অবসান ঘটাতে সহযোগী দেশগুলোর সঙ্গে কাজ করবেন।
রিপাবলিকান পার্টির মনোনয়ন নিয়ে নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প অভিষেক ভাষণে বলেন, কট্টর ইসলামপন্থী সন্ত্রাসবাদের বিরুদ্ধে তিনি সভ্য বিশ্বকে ঐক্যবদ্ধ করবেন এবং বিশ্বের বুক থেকে এই সন্ত্রাসের নাম-নিশানা মুছে দেবেন।
ট্রাম্পের অভিষেকের পরপরই হোয়াইট হাউসের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, নতুন প্রশাসন জঙ্গি সংগঠনগুলোকে পরাস্ত করার বিষয়টিকে পররাষ্ট্রনীতির শীর্ষ লক্ষ্য হিসেবে নির্ধারণ করতে যাচ্ছে। ‘সবার আগে আমেরিকা’ শীর্ষক পররাষ্ট্রনীতির অংশ হিসেবে ট্রাম্প প্রশাসন ইসলামিক স্টেটের মতো জঙ্গি সংগঠনগুলোকে পরাজিত করার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে। আইএস এবং সমমনা সংগঠনগুলোকে ‘পরাজিত ও ধ্বংস’ করার লক্ষ্যে নতুন মার্কিন প্রশাসন ‘প্রয়োজনে আগ্রাসী যৌথ বাহিনী ও সামরিক জোট’ গড়ে অভিযানের পথ বেছে নেবে। এ ছাড়া জঙ্গি সংগঠনগুলোর অর্থায়ন বন্ধ করতে গোয়েন্দা তথ্য বিনিময়ের আওতা বাড়াবে এবং জঙ্গি প্রচারণা ও নিয়োগে বাধা দিতে ‘সাইবার যুদ্ধ’ শুরু করবে।