যুক্তরাষ্ট্রে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থীদের কয়েকজন মার্কিনদের চাকরির সুবিধা বাড়াতে বৈধ অভিবাসীদের সংখ্যা কমানোর পক্ষে। তাঁদের এই অবস্থানের ফলে দেশটির পুরোনো অভিবাসনব্যবস্থার সংস্কার জটিল হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর রয়টার্সের।
বৈধ অভিবাসীদের সংখ্যা কমানোর ক্ষেত্রে সরাসরি বক্তব্য দিয়ে যাচ্ছেন রিপাবলিকান পার্টির প্রার্থী স্কট ওয়াকার ও রিক স্যান্টোরান। গত ২০ বছরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অভিবাসীদের সংখ্যা কমানোর বিষয়টি আলোচ্য ছিল না। তবে বিষয়টি নিয়ে রিপাবলিকান প্রার্থীদের কঠোর মনোভাবে মন্দার কারণে ক্ষতিগ্রস্ত মার্কিন কর্মজীবী ভোটাররা খুশি হবেন। যখন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অভিবাসী হিস্পানিক ও এশীয়দের মধ্যে দলের সমর্থন বাড়ানোর প্রচেষ্টা নেওয়া দরকার, তখন রিপাবলিকান পার্টি আরও বেশি অভিবাসনবিরোধী বলে পরিচিতি হবে।
স্কট ওয়াকার বলেছেন, দেশের অর্থনীতির পরিস্থিতির কথা বিবেচনা করে অভিবাসীর সংখ্যায় একটা রাশ টানা উচিত। পরিস্থিতি ভালো হলে এ সংখ্যা বাড়ানো যেতে পারে।
আরেক প্রার্থী স্যান্টোরান চান, অভিবাসনের পরিমাণ ২৫ শতাংশ কমানো হোক। গত মাসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘অভিবাসী নীতি এমন করা উচিত, যাতে মার্কিন নাগরিকেরা সুবিধা পায়।’