কথা আর কাজে এত ফারাক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউজার্সিতে ছুটি কাটাতে গিয়ে নাতি–নাতনিকে নিয়ে বিমান থেকে নামছেন ট্রাম্প। গত শুক্রবারের ছবি l রয়টার্স
নিউজার্সিতে ছুটি কাটাতে গিয়ে নাতি–নাতনিকে নিয়ে বিমান থেকে নামছেন ট্রাম্প। গত শুক্রবারের ছবি l রয়টার্স

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে ছুটি নিয়ে নির্বাচনের আগে বারবার খুঁচিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। প্রতিশ্রুতি দিয়েছিলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে জনগণের সেবায় নিজের পুরোটা সময় ব্যয় করবেন তিনি। ছুটির কথা মনেও আনবেন না। কিন্তু সেই ট্রাম্প রাজকাজ ফেলে গেছেন দীর্ঘ ছুটিতে। এক-দুদিন নয়, ১৭ দিনের ছুটি, প্রেসিডেন্ট ওবামার প্রথম বছরের আগস্ট মাসে নেওয়া ছুটির প্রায় দ্বিগুণ।

হোয়াইট হাউসে আসার পর ওবামা প্রথম আট মাসে অবকাশ কাটান ১৫ দিন। একই সময়ে ট্রাম্প অবকাশ কাটাচ্ছেন ৫৩ দিন।

২০১১ সালের ১৫ আগস্ট ট্রাম্প টুইট করেছিলেন, ‘গতকাল বারাক ওবামা গলফ খেলেছেন। এখন তিনি মারথাস ভিনেইয়ার্ডে যাচ্ছেন ১০ দিনের ছুটি কাটাতে। কাজের দারুণ নৈতিকতা।’ এরপর ২০১৩ সালের ডিসেম্বর মাসে তিনি টুইট করেন, ‘ক্রিসমাসে গোয়েন্দাদের পরিবার থেকে বিচ্ছিন্ন করে নিয়ে প্রেসিডেন্ট ওবামা নিজের এলাকা হাওয়াই যাচ্ছেন ১৭ দিনের ছুটি কাটাতে।’

ছুটি কাটাতে গত শুক্রবার হোয়াইট হাউস ত্যাগ করেন ট্রাম্প। তাঁর এই ছুটির দিনগুলো কাটবে নিউজার্সিতে নিজের গলফ ক্লাবে। এ ক্ষেত্রেও তাঁর কথার আরেকটি গরমিল সামনে চলে আসে। ২০১৪ সালের অক্টোবর মাসে ট্রাম্প টুইট করেন, ‘সারা দেশ থেকে ছুটে আসা ব্যক্তিদের সঙ্গে প্রেসিডেন্ট ওবামার ইবোলা মহামারি নিয়ে জরুরি বৈঠক করার কথা থাকলেও তিনি গলফ খেলার সিদ্ধান্ত নিয়েছেন!’ ২০১৬ সালে নিজের নির্বাচনী প্রচারণার সময় তিনি বলেছিলেন, ‘প্রেসিডেন্ট হলে গলফ খেলার মতো সময় আমার হাতে থাকবে না।’

রাজনীতিক ভাষ্যকারদের মতে, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে ট্রাম্প বারবার ছুটি নিয়ে সাবেক প্রেসিডেন্ট ওবামাকে খুঁচিয়েছেন, কারণ তিনি এই বিষয়টিকে রাজনৈতিক ইস্যু বানিয়ে নির্বাচনের বৈতরণি পার হতে চেয়েছিলেন।