কথা ঘোরালেন ট্রাম্প

সিরীয় শরণার্থীদের যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়ার ব্যাপারে নিজের অবস্থান পরিবর্তন করলেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প বলেছেন, তিনি প্রেসিডেন্ট হলে তাঁর দেশে আশ্রয় পাওয়া সব সিরীয় শরণার্থীকে তাদের দেশে ফেরত পাঠাবেন।
আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, নিউ হ্যাম্পশায়ারে এক সমাবেশে এ কথা বলেন ট্রাম্প।
সিরীয় শরণার্থীদের প্রসঙ্গে এই ধনকুবের বলেন, ‘আমি জিতলে তারা ফিরে যাবে।’
অথচ কিছুদিন আগেই ট্রাম্প ফক্স নিউজকে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের উচিত আরও শরণার্থী নেওয়া।
ইউরোপে চলমান শরণার্থী-সংকটের প্রেক্ষাপটে বিভিন্ন মহলের সমালোচনার মুখে সম্প্রতি যুক্তরাষ্ট্র জানায়, তারা আগামী বছর ১০ হাজার সিরীয় শরণার্থীকে গ্রহণ করবে।
গতকাল বুধবার রাতে ট্রাম্প তাঁর সমাবেশের শ্রোতাদের উদ্দেশে বলেন, ‘আমি শুনেছি, আমরা দুই লাখ সিরীয় নিতে চাই। শুনুন, তারা (সিরীয়) আইএসের লোক হতে পারে।’
সিরিয়ায় চার বছর আগে সংঘাত শুরুর পর দেড় হাজার সিরীয়কে বসবাসের সুযোগ দিয়েছে যুক্তরাষ্ট্র।
হিলারি ক্লিনটনসহ বেশ কিছু ডেমোক্র্যাট যুক্তরাষ্ট্রকে সিরীয় শরণার্থী গ্রহণের সংখ্যা ১০ হাজার থেকে বাড়িয়ে ৬৫ হাজার করার আহ্বান জানিয়েছেন।