কথা-কবিতায় বঙ্গবন্ধু ও শহীদ কাদরীকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাহিত্য একাডেমির ১০৫তম আসরে কবি, সাহিত্যিক ও আলোচকেরা
সাহিত্য একাডেমির ১০৫তম আসরে কবি, সাহিত্যিক ও আলোচকেরা

সাহিত্য একাডেমির ১০৫তম মাসিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। ৩০ আগস্ট জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে এই সাহিত্য আসরের আয়োজন করা হয়।

আগস্ট বাঙালি জাতির শোকের মাস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয় এই মাসে। এ ছাড়া বাংলা সাহিত্যের যেসব উজ্জ্বল নক্ষত্রের এই মাসে মৃত্যু হয়েছে, তাঁদের সবার প্রতি শ্রদ্ধা জানানো হয় আসরের শুরুতেই। পুরো আসর জুড়েই কথা, কবিতায় বঙ্গবন্ধুকে স্মরণ করা হয়। সাহিত্য একাডেমির একমাত্র উপদেষ্টা কবি শহীদ কাদরীরও মৃত্যু হয় এই আগস্ট মাসে। এ কারণে সাহিত্য একাডেমির পক্ষ থেকে আসরে ছিল বিশেষ পর্ব। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন একাডেমির পরিচালক মোশাররফ হোসেন।

কবি শহীদ কাদরী নিয়ে কথা বলেন কবি তমিজ উদ্দীন লোদী। টি এস এলিয়টের ‘এপ্রিল নিষ্ঠুর মাস’ বাণীর সূত্র ধরে তিনি বলেন, বাঙালি জাতির জন্য আগস্ট শোকের মাস।

আলোচনার শুরুতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে তমিজ উদ্দীন লোদী বলেন, বঙ্গবন্ধুর প্রিয় কবি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর গানটিকে তিনি বাংলাদেশের জাতীয় সংগীত করেছিলেন। কাজী নজরুল ইসলামকে বঙ্গবন্ধু এত ভালোবাসতেন যে, তাঁকে ভারত থেকে দেশে নিয়ে এসেছেন। তাঁরা দুজনও মারা গেলেন আগস্ট মাসে। কবি শহীদ কাদরীকেও হারাই আগস্ট মাসে। এঁরা সবাই ব্রিটিশ ভারতে জন্ম গ্রহণ করেছিলেন।

শহীদ কাদরীর প্রথম কবিতার বইয়ের প্রথম কবিতার ‘জন্মেই কুঁকড়ে গেছি মাতৃ জরায়ন থেকে নেমে’ লাইনটির উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, তাঁর কবিতায় পরাধীনতার সেসব অনুষঙ্গ উঠে এসেছে। এপ্রিল মাস যেমন নিষ্ঠুর মাস তেমনি আগস্ট মাস বাঙালি জাতির রন্ধ্রে রন্ধ্রে একটি শোকের আবহ বিরাজ করে। আমাদের সৌভাগ্য হয়েছিল কবি শহীদ কাদরীর ঘনিষ্ঠ সান্নিধ্যে যাওয়ার। তাঁর কবিতা আমাদের আকর্ষণ করেছে। যাঁরা কবিতার প্রতি অনুরাগী, কবিতার চর্চা করতে চায় কিংবা কবিতা নিয়ে বহুদূর যেতে চায় তাঁদের জন্য শহীদ কাদরী একটি বৃক্ষের মতো। কবিতা কর্মীরা অনুসন্ধিৎসু মন নিয়ে শহীদ কাদরীর কবিতায় ডুব দিলে প্রত্যাশিত বিষয়গুলো আহরণ করতে পারবে সহজেই। তিনি বলেন, শহীদ কাদরী শারীরিকভাবে না থাকলেও তাঁর কবিতার আভা ছড়িয়ে আছে আমাদের মাঝে।

এর আগে আবৃত্তিকার এজাজ আলম কবি শহীদ কাদরীর কবিতা ‘টাকাগুলো কবে পাব’ আবৃত্তি করেন। কবি শহীদ কাদরীর স্ত্রী নীরা কাদরী স্মৃতি রোমন্থন করে বলেন, শহীদ কাদরী অসুস্থ থাকলেও অনেক যত্নশীল ছিলেন। ওষুধ খাওয়া, ডায়ালাইসিসের কথা ভুলে গেলেও আমার প্রয়োজনীয় বিষয়সমূহ মনে রাখতেন ঠিকই। শহীদ কাদরী ছোটবেলা থেকেই একা থাকতে পছন্দ করতেন। শহীদ কাদরী অন্যদের থেকে একটু আলাদা প্রকৃতির ছিলেন। অসংখ্য মানুষের ভিড়ে তাঁকে দেখেছি একজন হোমলেসের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতে। অন্য দেশের দ্বিতীয় শ্রেণির নাগরিক হয়ে বাঁচতে চাননি বলে, তিনি আমেরিকার নাগরিকত্ব নেননি।

শহীদ কাদরীকে নিয়ে লেখা কবি তমিজ উদ্দীন লোদীর একটি কবিতা পাঠ করেন নীরা কাদরী।

শহীদ কাদরীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে লেখক সোনিয়া কাদের বলেন, তাঁকে আমি নিউইয়র্কের সূর্য বলতাম। সাহিত্যের যেকোনো প্রয়োজনে তাঁর কাছে যেতাম। আজ তিনি নেই বলে কখনো কখনো অন্ধকার বোধ করি। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি স্বরচিত কবিতা পাঠ করেন।
লেখক আদনান সৈয়দ বলেন, কবি শহীদ কাদরীকে আমরা নিউইয়র্কের কবি বা এই শহরের কবি বললেও তিনি মূলত বাংলা সাহিত্যের কবি। তিন বছর হলো কবি নেই আমাদের মাঝে, কিন্তু এখনো মনে হয় তিনি জীবন্ত আমাদের মাঝে। সাধারণ মানুষ ও কবির মধ্যে পার্থক্য রয়েছে। কবি যা দেখেন তা লেখায় নিয়ে আসেন। ১৯৪২ সালের একটা অস্থির সময়ে শহীদ কাদরীর জন্ম। তাঁর কবিতায় দেখতে পাই ভেতরের সে অস্থিরতা। শহীদ কাদরীর কবিতার শব্দে শব্দে একটা চিত্রপট ভেসে ওঠে চোখের সামনে। শহীদ কাদরীর ‘একটি কবিতা সন্ধ্যা’র মাধ্যমে নিউইয়র্কের সাহিত্যপ্রেমীদের তিনি এক সঙ্গে করেছেন। একজন মানুষ কত বড় মনের হতে পারেন শহীদ কাদরী তার নিদর্শন।

ইউএস বাংলা পত্রিকার সম্পাদক ও লেখক আবু সায়ীদ রতন বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান এবং সাহিত্য একাডেমির গত মাসের বনভোজনে অক্লান্ত পরিশ্রমের জন্য পরিচালক মোশাররফ হোসেনসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

কবি শামস আল মমীন বঙ্গবন্ধুসহ আগস্ট মাসে গত হওয়া সবাইকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি স্বরচিত ‘এ পথের বাদশা আমি’ কবিতাটি পড়ে শোনান।

লেখক এ বি এম সালেহ উদ্দীন বলেন, শহীদ কাদরীকে নিয়ে কথা বলার ক্ষমতা আমার নেই। বিশ্বাস করি প্রার্থনায়। দোয়া করি তাঁর আত্মা শান্তিতে থাকুক। শহীদ কাদরীর কবিতার প্রায় প্রতিটি লাইন গবেষণা করার মতো।

কবি সুরীত বড়ুয়া বলেন, শহীদ কাদরীর সব বিষয়ে জ্ঞান ছিল। তিনি ছিলেন শব্দের জাদুকর। বিশ্ব সাহিত্য থেকে শুরু করে বাংলা সাহিত্যের কথা শুনতাম তাঁর মুখে বিভোর হয়ে।

লেখক স্বপন চক্রবর্তী বলেন, শহীদ কাদরী শুধু কবি নন, তিনি আকাশ ছিলেন। কবির সান্নিধ্যে যারা গেছেন তাঁরা জানেন এটি। শহীদ কাদরীর মতো ক্ষুরধার স্মৃতি শক্তি খুব কম মানুষের মধ্যে দেখেছি। শহীদ কাদরী যেখানে গেছেন আলোকিত করে রেখেছিলেন।

কবি কাজী আতীকের বড় ভাই প্রয়াত কবি কাজী ফয়সল আহমদ ছিলেন নিউইয়র্কের একজন স্বনামধন্য কবি। প্রয়াত কবির কন্যা নাদিয়া কাজী আহমদ এসেছিলেন এবারের সাহিত্য একাডেমির আসরে। নাদিয়া ইংরেজি সাহিত্যে পড়াশোনা শেষ করেছেন। বাংলা সাহিত্য নিয়ে কাজ করার ইচ্ছে আছে নাদিয়ার। সাহিত্য একাডেমির স্বপ্ন নতুন প্রজন্মকে নিয়ে কাজ করার। নাদিয়াকে আসরে উপস্থিত সবার সঙ্গে পরিচয় করিয়ে দিতে গিয়ে পরিচালক মোশাররফ হোসেন বলেন, আমাদের বাংলা সাহিত্য এ দেশে বাংলায় টিকে থাকবে না। ইংরেজি সাহিত্যে উঠে আসবে বাংলার কথা, আমাদের স্বপ্নের কথা। নতুন প্রজন্মের নাদিয়া এবং অন্যদের মধ্য দিয়েই বাংলা সাহিত্য ছড়িয়ে পড়বে একদিন বিশ্বব্যাপী। নাদিয়া সবাইকে ধন্যবাদ জানিয়ে কয়েকটি স্বরচিত কবিতা পাঠ করেন।

আসরে যাঁরা স্বরচিত ছড়া, কবিতা পাঠ করেন তাঁরা হলেন—কাজী আতীক, মুকুল সিদ্দিকী, কাউসারী রোজী, শাহ আলম দুলাল, শাম্মি আক্তার হ্যাপি, লুৎফা শাহানা, বেনজির শিকদার, তাহমিনা খান, শামস চৌধুরী রুশো, জেবুন্নেসা জ্যোৎস্না, সুরীত বড়ুয়া, সালেহীন সাজু, লিয়াকত আলী, শিবলী ছাদেক, হাবীবুর রহমান, আবুল বাশার, শাম্মি আক্তার, কামরুন নাহার রীতা, আবদুস শহীদ, মিয়া জাকির, আবু রায়হান, পলি শাহীনা প্রমুখ।

এ ছাড়া আসরের ছোট্ট বন্ধু সাফওয়ান নাহিন আবৃত্তি ও তামান্না আহমদ শান্তি স্বরচিত কবিতা পাঠ করে।

আসরে উপস্থিত ছিলেন—রাহাত কাজী শিউলি, আহমদ মাযহার, রাজুব ভৌমিক, মনিজা রহমান, নাসির শিকদার, তানভীর রাব্বানী, সেলিনা আক্তার, শাহীন সায়ীদ, মনিরা মমতাজ, সুমি আহম্মেদ, তোফাজ্জল লিটন, মো. মিঠু, সৈয়দ জাকির রনি, স্বপ্ন কুমার প্রমুখ।
সবাইকে আন্তরিক ধন্যবাদ ও আগামী আসরের আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানেন পরিচালক মোশাররফ হোসেন।