কনভেনশনের পর গ্রহণযোগ্যতাও কমল ট্রাম্পের
রিপাবলিকান কনভেনশনের আগে ডোনাল্ড ট্রাম্পের গ্রহণযোগ্যতা ৩২ শতাংশ থাকলেও এখন তা কমে ৩১ শতাংশে দাঁড়িয়েছে।
নিবন্ধিত ভোটারদের ৪০ শতাংশ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের পক্ষ
জো বাইডেনের গ্রহণযোগ্যতা ৪৫ শতাংশ থেকে বেড়ে ৪৬ শতাংশে দাঁড়িয়েছে
নিবন্ধিত ভোটারদের ৪৭ শতাংশ জো বাইডেনে আস্থা রেখেছেন
লাভ হলো না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা করেছিলেন রিপাবলিকান দলের জাতীয় কনভেনশনের পর তাঁর জনসমর্থনে বড় ধরনের উল্লম্ফন হবে। কিন্তু তেমন কিছু দেখা গেল না। কনভেনশনের পর পরিচালিত প্রথম জনমত জরিপেও প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেন থেকে পিছিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
রিপাবলিকান কনভেনশনের পর এবিসি নিউজ/ইপসস পরিচালিত জরিপের ফলাফল ডোনাল্ড ট্রাম্পের জন্য ঠিক সুখকর নয়। ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের মধ্যে কোন প্রার্থী বেশি গ্রহণযোগ্য—এ প্রশ্নই হাজির করা হয়েছিল জরিপে। সাধারণত বড় দলের জাতীয় কনভেনশনের পর ওই দলের প্রার্থীর গ্রহণযোগ্যতা বাড়ে। কিন্তু এবার দেখা গেল ভিন্ন চিত্র।
জরিপে ডোনাল্ড ট্রাম্পকে গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে বর্ণনা করেছেন জরিপে অংশ নেওয়া ভোটারদের ৩১ শতাংশ। অথচ এক সপ্তাহ আগে একই ধরনের জরিপে এ হার ছিল ৩২ শতাংশ। বেড়েছে প্রার্থী হিসেবে জো বাইডেনের গ্রহণযোগ্যতা। এক সপ্তাহ আগে বাইডেনের গ্রহণযোগ্যতা ৪৫ শতাংশ হলেও রিপাবলিকান কনভেনশনের পর তা বেড়ে ৪৬ শতাংশে দাঁড়ায়।
রয়টার্স/ইপসস পরিচালিত আরেকটি জরিপের তথ্য বলছে, নিবন্ধিত ভোটারদের ৪৭ শতাংশই জো বাইডেনের পক্ষে অবস্থান করছেন। আর ডোনাল্ড ট্রাম্পের পক্ষে অবস্থান করছেন ৪০ শতাংশ ভোটার।
রয়টার্সের এই জরিপ অবশ্য দুটি ভাগে করা হয়েছিল। এর প্রথমাংশ করা হয় ডেমোক্রেটিক দলের জাতীয় কনভেনশনের সময়। দ্বিতীয় অংশটি পরিচালিত হয় রিপাবলিকান কনভেনশনের সময়। অধিকাংশ জরিপেই এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন জো বাইডেন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, পরবর্তী জরিপের তথ্যগুলোও যদি একই রকম থাকে, তবে ডোনাল্ড ট্রাম্প বিপদেই পড়তে যাচ্ছেন। কারণ, যুক্তরাষ্ট্রের গত ৭০ বছরের ইতিহাসে বড় দলের জাতীয় কনভেনশনের পরও পিছিয়ে পড়া প্রার্থী জয়ী হওয়ার তেমন রেকর্ড নেই।
রিপাবলিকান কনভেনশনের পর এখন পর্যন্ত পূর্ণাঙ্গ জনমত জরিপ হয়নি। তবে প্রার্থীর গ্রহণযোগ্যতা-সম্পর্কিত এ জরিপও কম গুরুত্বপূর্ণ নয়। এ ধরনের জরিপের অনুরূপ ফল সাধারণত পূর্ণাঙ্গ জনমত জরিপেও দেখা যায়। সিএনএন জানায়, তারপরও কনভেনশনের পর হওয়া সবগুলো জনমত জরিপকে বিবেচনায় নিলে ডোনাল্ড ট্রাম্পকে দুশ্চিন্তায় পড়তে হবে। কারণ, কনভেনশনের পর হওয়া জাতীয় পর্যায়ের বিভিন্ন জনমত জরিপের ফলের গড় করলে দেখা যায়, ডোনাল্ড ট্রাম্পের প্রতি জনসমর্থন আগের তুলনায় এক-দুই শতাংশ বেড়েছে। সাধারণত নির্বাচিত প্রেসিডেন্টের ক্ষেত্রে এই বৃদ্ধির হার আরও বেশি থাকে। কিন্তু এবার ব্যতিক্রম দেখা যাচ্ছে। নিজ নিজ দলের কনভেনশনের পর ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের জনপ্রিয়তা বাড়ার হার প্রায় একই।
কনভেনশনের আগে জাতীয় পর্যায়ের জনমত জরিপে জো বাইডেন থেকে ডোনাল্ড ট্রাম্প ৯ শতাংশ পয়েন্ট পিছিয়ে ছিলেন। ফলে কনভেনশন-পরবর্তী জরিপে তাঁর অনেকটা এগিয়ে যাওয়ার প্রয়োজন ছিল। জনমতে বড় পরিবর্তন না হওয়ার একটি কারণ হতে পারে, এবার কমসংখ্যক লোক কনভেনশন দুটির বক্তব্য শুনেছেন। বিশেষত রিপাবলিকান কনভেনশনের পর জনমত জরিপের ফল বলছে এর প্রতি জন-আগ্রহ কম ছিল।
কনভেনশনের পর জনসমর্থনে বড় উল্লম্ফন না হওয়াটা নিশ্চিতভাবেই ডোনাল্ড ট্রাম্পের কপালে ভাঁজ ফেলবে। কারণ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের নির্বাচনের যে ধারা তাতে কনভেনশন-পরবর্তী জরিপে পাওয়া জনসমর্থনের হার মূল নির্বাচনে গড়ে ৪ শতাংশ পয়েন্ট বাড়তে দেখা গেছে। ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রেও তেমনটা হলে ওভাল অফিস তাঁকে ছাড়তে হতে পারে। এ ক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম হচ্ছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট হেনরি ট্রুম্যান।