কনস্যুলেট জেনারেলের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি
মুজিব বর্ষ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ও নিউইয়র্ক ব্লাড সেন্টারের যৌথ উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
২০ আগস্ট বেলা একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত কুইন্স প্যালেস মল প্রাঙ্গণে এই আয়োজন করা হয়।
নিউইয়র্ক স্টেট সিনেটর জন ল্যু ও কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা এই রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্য এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
উদ্বোধনী বক্তব্যে সিনেটর ল্যু সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, বাংলাদেশ সফরকালে তিনি স্বচক্ষে ৩২ নম্বরের দেয়ালে ঘাতকের বুলেটের চিহ্ন দেখেছেন। আজকের এই দিনে তিনি সেই স্মৃতি স্মরণ করছেন। সিনেটর জন ল্যু ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানে বঙ্গবন্ধুকে সম্মান জানিয়ে স্বেচ্ছায় রক্ত দান করেন। তিনি কনসাল জেনারেলকে এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তাঁর মানবতার আদর্শে অনুপ্রাণিত হয়ে, তাঁর জন্মশতবার্ষিকী ও ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নিউইয়র্কে করোনাজনিত কারণে রক্তের চরম সংকটকালে নিউইয়র্ক ব্লাড সেন্টারের সহযোগিতায় কনস্যুলেট এই স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করেছে। রক্তদান কর্মসূচি সফল করার জন্য তিনি সহযোগী নিউইয়র্ক ব্লাড সেন্টার, সিনেটর জন ল্যু, রক্ত দাতা ও কমিউনিটি সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান এই রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করেন ও বক্তব্য রাখেন। এ ছাড়া বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ কমিউনিটির ব্যক্তিরাও এ কর্মসূচিতে যোগ দেন। কনস্যুলেট কর্তৃক প্রত্যেক রক্ত দাতাকে প্রশংসাপত্র দেওয়া হয়।