কনস্যুলেট পরিদর্শন করলেন ইসরাফিল আলম

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শন করলেন অভিবাসন-বিষয়ক বাংলাদেশ সংসদীয় ককাসের সভাপতি সংসদ সদস্য মো. ইসরাফিল আলম।
২৮ জানুয়ারি ইসরাফিল আলমের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধি দল বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শন করেন। এ সময় কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসাসহ অন্য কর্মকর্তা ও কর্মচারীরা তাঁদের স্বাগত জানান। ইসরাফিল আলমসহ প্রতিনিধি দলের সদস্যরা কনস্যুলেটে আসা সেবাপ্রার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
ইসরাফিল আলম বলেন, প্রবাসীদের কনস্যুলার সেবা ও সার্বিক কল্যাণ নিশ্চিতকরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নিরাপদ ও নিয়মতান্ত্রিক অভিবাসন প্রক্রিয়ার ওপর কাজ করে যাচ্ছেন।
কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে ইসরাফিল আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ সার্বিকভাবে সমৃদ্ধি অর্জনের মাধ্যমে তাঁর সঠিক লক্ষ্যে এগিয়ে চলেছেন। তিনি বলেন, প্রবাসীরা দেশের অর্থনৈতিক উন্নতি সাধনের পাশাপাশি বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে আরও বেশি করে বিনিয়োগের জন্য প্রবাসীদের অনুরোধ জানান তিনি।
এ সময় তিনি সরকারের বিভিন্ন অর্জন তুলে ধরেন এবং দেশের কল্যাণে একযোগে কাজ করার আহ্বান জানান।
ইসরাফিল আলম যথাযোগ্য মর্যাদায় ‘মুজিববর্ষ’ পালনসহ বর্তমান সরকারের রূপকল্প ২০২১ ও রূপকল্প ২০৪১ বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা বাংলাদেশের প্রতিনিধি দলকে কনস্যুলেটের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা দেন। এ সময় এ সময় কনসাল জেনারেল নিউইয়র্ক ও এর পার্শ্ববর্তী অঙ্গরাজ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে ‘মুজিব বর্ষ’ পালনের জন্য গৃহীত কর্মসূচি সম্পর্কে অবহিত করেন।
কনসাল জেনারেল বলেন, বঙ্গবন্ধুর আদর্শ, দেশপ্রেম ও ত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের মাঝে সঞ্চারিত করার প্রয়াস অব্যাহত থাকবে।
এ সময় প্রতিনিধি দলের সদস্য হিসেবে অন্যদের মধ্যে বাংলাদেশ সংসদীয় ককাসের সদস্য ও সাবেক সংসদ সদস্য মাহজাবিন খালেদ উপস্থিত ছিলেন।