কফি উইথ ইভানকা!

এক কাপ কফি খেতে সর্বোচ্চ কত টাকা খরচ করা যেতে পারে? মাত্র এক কাপ কফি! এর জন্য নিশ্চয়ই টেনেটুনে পাঁচ-ছয় হাজারের বেশি খরচ করার কথা ভাববেন না। কিন্তু কফির সঙ্গে যদি কোনো সুন্দরী প্রভাবশালী নারী আপনার সঙ্গে একান্তে বসে সময় কাটান! এর হিসাব বের করতে নিশ্চিত ধন্দে পড়তে হবে। হিসাবটা জানিয়ে দিই, সুন্দরী প্রভাবশালী নারীর সঙ্গে একান্তে ৪৫ মিনিট সময়ের মধ্যে এক কাপ কফি খেতে প্রায় ৫৭ লাখ ৩১ হাজার ৫০৭ টাকা (৭২ হাজার ৮৮৮ ডলার) ব্যয় করতেও রাজি হয়েছেন এক ব্যক্তি। কে সেই নারী, যার সঙ্গে কফি খেতে এত খরচ! তিনি সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভানকা ট্রাম্প। আর তাঁর সঙ্গে একান্তে কফি খাওয়ার জন্য নিলামে সর্বোচ্চ দর হেঁকে ওই ব্যবসায়ী এ সুযোগ পেয়েছিলেন।
সম্প্রতি নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প অর্গানাইজেশনের এরিক ট্রাম্প ফাউন্ডেশন ‘কফি উইথ ইভানকা ট্রাম্প’ শিরোনামে এই নিলামের আয়োজন করে। এখান থেকে প্রাপ্ত অর্থ দিয়ে টেনেসিতে সেন্ট জাড চিলড্রেনস রিসার্চ হাসপাতালে সহায়তা করা হবে। তবে এ আয়োজন নিয়ে হোয়াইট হাউসের নীতিগত প্রশ্ন ওঠায় অনিবার্য কারণ দেখিয়ে তা বন্ধ করা হয়েছে। তাই নিলামে সর্বোচ্চ দর হেঁকেও ওই ব্যক্তি আর ইভানকার সঙ্গে কফি খাওয়ার সুযোগ পাচ্ছেন না।
প্রতিবেদনে বলা হয়েছে, ‘কফি উইথ ইভানকা ট্রাম্পের’ নিলাম ১০ দিন চলেছে। এতে যুক্তরাষ্ট্রের তিনজন বিশিষ্ট ব্যবসায়ীসহ ২৮ জন ব্যক্তি দর হেঁকেছেন। শেষ দিন পর্যন্ত ইভানকার সঙ্গে এক কাপ কফি খাওয়ার সর্বোচ্চ দর উঠেছে ৭২ হাজার ৮৮৮ ডলার।
সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশের আইনজীবী (এথিকস ল’ইয়ার) রিচার্ড পেইন্টার ও প্রেসিডেন্ট বারাক ওবামার আইনজীবী নর্ম এইসেন বলেন, ইভানকা হোয়াইট হাউসে তাঁর বাবার প্রশাসনে অনানুষ্ঠানিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তাই আইনে তিনি সরাসরি দাতব্য অনুদান নিতে পারবেন না। তাঁরা বলেন, যদি ইভানকা সরকারের গুরুত্বপূর্ণ পদে যান এবং হোয়াইট হাউসে বাস করেন, তাহলে তাঁকে এই নীতি কঠোরভাবে মেনে চলতে হবে।
রিচার্ড পেইন্টার বলেন, বুশের সময় হোয়াইট হাউসের কয়েকজন সদস্য একটি স্কুলের শিশুদের দুপুরের খাবারের আয়োজনের জন্য একইভাবে নিলামের ব্যবস্থা করার চেষ্টা করেছিলেন। কিন্তু নিয়ম ভঙ্গের কারণে বুশ তা সমর্থন করেননি।

প্রতিবেদনে আরও বলা হয়, নিলাম চালু থাকলে সর্বোচ্চ দর হাঁকা ব্যক্তি তাঁর এক অতিথিসহ ইভানকা ট্রাম্পের সঙ্গে নিউইয়র্কের ট্রাম্প টাওয়ার বা ওয়াশিংটনে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলে একসঙ্গে কফি খেতে পারতেন। সেখানে তাঁরা একান্তে কফি খাওয়ার জন্য ৪৫ মিনিট সময় পেতেন। নিউইয়র্কের দাতব্য প্রতিষ্ঠান চ্যারিটিবাজ এরিক ট্রাম্প ফাউন্ডেশনের পক্ষে এই নিলামের আয়োজন করেছিল।
লন্ডনভিত্তিক বিনিয়োগকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ওজান এম ওজকুরাল সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, তিনিও ইভানকার সঙ্গে কফি খেতে ওই নিলামে অংশ নিয়েছিলেন। নিলামে তিনি দর হেঁকেছিলেন প্রায় ৬০ হাজার ডলার। ব্যবসায়িক কাজে বিভিন্ন দেশের সরকারের সঙ্গে তাঁদের আলোচনা করতে হয়। আর এই কফি খাওয়ার সুযোগে মার্কিন প্রেসিডেন্টের গুরুত্বপূর্ণ পদে আসীন হতে যাওয়া ইভানকার সঙ্গে নানা বিষয়ে আলোচনা করা যেত—এ কারণেই তিনি নিলামে ওই দর হেঁকেছিলেন।
তবে তাঁর চেয়েও বেশি দর ৭২ হাজার ৮৮৮ ডলার হেঁকেছিলেন নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ব্যবসায়ী। যে যতই দর হাঁকুন না কেন, নীতিগত কারণে এই নিলাম ও ইভানকার সঙ্গে কফি খাওয়ার সুযোগ বাতিল করে দিয়েছে ট্রাম্প পরিবার। এতে সুন্দরী নারীর সঙ্গে কফি খাওয়ার বাসনা যাঁরা মনের ভেতর পুষে রেখেছিলেন, এ যাত্রায় তাঁদের সেই বাসনা পূরণ হওয়ার আর কোনো সম্ভাবনাই থাকল না।