কবি অনিকেত শামীমের সঙ্গে বহুবচনের আড্ডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বহুবচন আয়োজিত কবি অনিকেত শামীমের সঙ্গে আড্ডায় নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশি কবি ও সাহিত্যিকবৃন্দ।
বহুবচন আয়োজিত কবি অনিকেত শামীমের সঙ্গে আড্ডায় নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশি কবি ও সাহিত্যিকবৃন্দ।

সাংস্কৃতিক সংগঠন বহুবচনের উদ্যোগে ৫ আগস্ট সন্ধ্যায় জ্যামাইকার স্মার্ট একাডেমিয়াতে বাংলাদেশের কবি ও লিটল ম্যাগাজিন ‘লোক’-এর সম্পাদক অনিকেত শামীমকে নিয়ে আয়োজন করা হয় ‘অনিকেত শামীম ও একসন্ধ্যা কবিতা’ শীর্ষক আড্ডা।
অনিকেত শামীম নিজে কেবল কবিতাই লেখেন না, কবি ও কবিতা প্রাসঙ্গিক সাংগঠনিকতায়ও সমান উৎসাহী-উদ্যোগী। সেই কবিকে নিয়ে আয়োজিত কবিতা সন্ধ্যায় উপস্থিত ছিলেন নিউইয়র্কের সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের কবি ও সাহিত্যকর্মীবৃন্দ। বাংলাদেশের কবিতার দশকওয়ারি বিভাজনে গত শতাব্দীর নব্বইয়ের দশকের কবি অনিকেত শামীম অনুষ্ঠানের শুরুতে আবৃত্তি করেন একে একে চারটি কবিতা। প্রাবন্ধিক আহমাদ মাযহার উপস্থিত দর্শক শ্রোতাদের সঙ্গে পরিচয় করিয়ে দেন কবি অনিকেত শামীমকে। কবিতা লেখা ছাড়াও লিটল ম্যাগাজিন নিয়ে সাংগঠনিক তৎপরতায় অনিকেত শামীমের ভূমিকার কথা শোনান আহমাদ মাযহার।
অনুষ্ঠানে নিউইয়র্কের নাট্য জগতের পুরোধা মুজিব বিন হক আবৃত্তি করেন কবি অনিকেত শামীমের কয়েকটি কবিতা। স্বরচিত কবিতা পাঠ করে শোনান কবি শামস আল মমীন, আবদুস শহীদ ও ছড়াকার আলম সিদ্দিকী। হাসানআল আব্দুল্লাহ পাঠ করলেন বাংলাদেশের নব্বইয়ের দশকের দুজন কবির কবিতা। লেখক ও গীতিকার আবু রায়হান শোনান নিজের রচিত একটি গান। সাহিত্যকর্মী ইশতিয়াক রূপু পাঠ করেন কবি আবদুল মান্নান সৈয়দের বিখ্যাত কবিতা ‘লেখক’।
কবি অনিকেত শামীম তাঁর বক্তব্যে লিটল ম্যাগাজিন নিয়ে কাজ করাকালীন নানা অভিজ্ঞতার কথা বলতে গিয়ে বলেন, নিজের সম্পাদনায় লিটল ম্যাগাজিনে শুধু ঢাকার প্রতিষ্ঠিত কবিদের কবিতা স্থান না দিয়ে দেশের নানা অঞ্চলের কম খ্যাত কবিদের ভালো ভালো কবিতা ‘লোক’ ম্যাগাজিনের প্রতি সংখ্যায় প্রচুর ছেপেছেন। তবে তাঁদের কবিতা ছাপাতে বেশি আগ্রহী ছিলেন যাদের মধ্যে কবিতার প্রতি স্ফুরণ দেখতে পেয়েছিলেন। সুন্দর এ আড্ডার পরিসমাপ্তি ঘটে চা ও জলখাবার পর্বের মধ্য দিয়ে।