কবি ইয়েভগেনি ইয়েভতুশেঙ্কো আর নেই
সোভিয়েত যুগের রুশ কবি ইয়েভগেনি ইয়েভতুশেঙ্কো মারা গেছেন। গত শনিবার যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যের টুলসা এলাকায় মারা যান তিনি। বয়স হয়েছিল ৮৪ বছর। সোভিয়েত যুগে বিখ্যাত হওয়া সর্বশেষ কবি ছিলেন তিনি।
ইয়েভতুশেঙ্কোর স্ত্রী মারিয়া নোভিকোভা রুশ বার্তা সংস্থা আরআইএ নোভোস্তিকে জানিয়েছেন, তিনি (ইয়েভগেনি) প্রিয়জন পরিবেষ্টিত অবস্থায় মারা গেছেন।
কবিপ্রতিভার পাশাপাশি অভিনয় ও রাজনীতিবিদের গুণাবলিও ছিল তাঁর মাঝে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী স্নায়ুযুদ্ধের সময় স্তালিনবাদের বিরুদ্ধে লড়াইয়ে বহু রুশ তরুণকে উজ্জীবিত করেছে তাঁর কবিতা।
ইয়েভতুশেঙ্কোর বিখ্যাত কবিতা ‘বাবি ইয়ার’। ১৯৪১ সালে ইউক্রেনের রাজধানী কিয়েভে হত্যাযজ্ঞ চালায় নাৎসি বাহিনী। মারা যায় প্রায় ৩৪
হাজার ইহুদি ধর্মাবলম্বী। ১৯৬১ সালে ‘বাবি ইয়ার’ শিরোনামের কবিতায় তিনি ওই হত্যাযজ্ঞের বর্ণনা তুলে ধরেন। ইয়েভতুশেঙ্কোর কবিতায় উঠে এসেছে স্তালিনবাদ এবং রুশ আমলাতন্ত্রের বিরুদ্ধে ক্ষোভ। ১৯৬২ সালে তিনি লেখেন কবিতা ‘দ্য এয়ারস অব স্তালিন’ (স্তালিনের উত্তরাধিকারী)। এ ছাড়া রাশিয়ায় ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে কবিতার মাধ্যমে দৃঢ় অবস্থান নেন তিনি।
১৯৩৩ সালে সাইবেরিয়ার পূর্বাঞ্চলে ইয়েভতুশেঙ্কোর জন্ম। তাঁর পূর্বপুরুষেরা ইউক্রেন থেকে রাশিয়ায় গিয়ে বসবাস শুরু করেন। ইয়েভতুশেঙ্কোর প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয় ১৯৫২ সালে। তখন তিনি সোভিয়েত ইউনিয়নের তরুণ কবিদের কাতারে শামিল। ১৯৫১ থেকে ১৯৫৪ সাল পর্যন্ত তিনি মস্কোর গোর্কি ইনস্টিটিউটে সাহিত্যের ছাত্র ছিলেন। দেড় শতাধিক কাব্যগ্রন্থ প্রকাশ হয়েছিল তাঁর। সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন ১৯৬৩ সালে।
নিউইয়র্ক টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েভতুশেঙ্কো ছিলেন দ্রোহের কবি। দারুণ অঙ্গভঙ্গিতে কবিতা আবৃত্তি করতে পারতেন তিনি। মাতিয়ে রাখতেন দর্শকদের।
নব্বইয়ের দশকে সোভিয়েত ইউনিয়নের পতনের পর যুক্তরাষ্ট্রে চলে যান ইয়েভতুশেঙ্কো। সেখানে বিশ্ববিদ্যালয়ে পড়াতেন। সর্বশেষ ওকলাহোমা অঙ্গরাজ্যের টুলসা বিশ্ববিদ্যালয়ে ছিলেন।