কবি ও সংগীতজ্ঞ কোহেন আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিওনার্দ কোহেন। ছবি: রয়টার্স
লিওনার্দ কোহেন। ছবি: রয়টার্স

কানাডার কিংবদন্তি কবি, গীতিকার ও সংগীতশিল্পী লিওনার্দ কোহেন আর নেই। ৮২ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।

গতকাল বৃহস্পতিবার এই জনপ্রিয় শিল্পীর অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তাঁর মৃত্যুর খবর জানানো হয়। বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, ‘গভীর দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি, কিংবদন্তি কবি, গীতিকার ও শিল্পী লিওনার্দ কোহেন চলে গেছেন। আমরা সংগীতের অন্যতম এক শ্রদ্ধাভাজন ও সৃজনশীল স্বপ্নচারীকে হারিয়েছি।’

কোহেনের মৃত্যুর বিষয়ে ওই বিবৃতিতে বিস্তারিত তথ্য জানানো হয়নি। তবে বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে কোহেনের স্মরণে সভার আয়োজন করা হয়েছে। বহু বছর ধরে লস অ্যাঞ্জেলসে বাস করে আসছিলেন কোহেন।

কানাডার মন্ট্রিলে জন্ম নেওয়া কোহেন তাঁর জীবনের শেষ সময়গুলো যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কাটান।

গত শতকের ষাটের দশকে কোহেন তাঁর সংগীত জীবন শুরু করেন। গত মাসেই তাঁর শেষ অ্যালবাম বের হয়।