কবি তুষার গায়েনকে নিয়ে কবিতার আড্ডা
নিউইয়র্ক নগরের এস্টোরিয়া পার্কে কবি তুষার গায়েনকে নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল কবিতার আড্ডা। বাংলা কবিতার শক্তিমান কবি কানাডাপ্রবাসী তুষার গায়েন গত সপ্তাহে নিউইয়র্কে অবস্থান করছিলেন। কোভিড-১৯ মহামারি থেকে নিউইয়র্ক নগর বেরিয়ে আসার মধ্যেও চলছে ডেলটা ভাইরাসের উৎকণ্ঠা। এ উৎকণ্ঠা আর নগরের কোভিড-১৯ পেরোনো সময়ে লেখক, সাংবাদিকরাও বেরিয়ে আসছেন। জনসমাজের নানা কোলাহলে তাঁরা যোগ দিচ্ছেন।
৮ আগস্ট এস্টোরিয়া পার্কে নিউইয়র্ক গোলাপগঞ্জ সোসাইটি আয়োজিত বনভোজনের ফাঁকে বসেছিল কবি তুষার গায়েনকে নিয়ে কবিতার আড্ডা এবং আলোচনা। প্রথম আলো উত্তর আমেরিকা পরিবারের লেখক-সাংবাদিক ছাড়াও নিউইয়র্কে বাংলাদেশি জনসমাজের গুরুত্বপূর্ণ লোকজন এ আড্ডা আলোচনায় যোগ দেন। এস্টোরিয়া পার্কের সবুজ চত্বরে সবাইকে স্বাগত জানান হেলিম আহমেদ।
ইব্রাহীম চৌধুরীর সঞ্চালনায় একে একে কবিতা পাঠ করেন নাফিসা আনজুম, তানিসা আনজুম, তারা আহমেদ, ফরিদা ইয়াসমীন, ফয়জিয়া জাহান, আবদুস শহীদ, আখতার নাসিমা, স্নো ফ্ল্যাক্স শাবানা, শাহেদ চৌধুরী ও শেলী জামান খান। অনুষ্ঠানে গান পরিবেশন করেন ইফফাত জেরিন। কবি ফারুক ফয়সল তুষার গায়েনসহ কবি পরিবারের সদস্যদের নিয়ে সংক্ষিপ্ত আলোকপাত করেন। বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে তাঁদের অবদানের কথাও উল্লেখিত হয় ফারুক ফয়সলের আলোচনায়।
কবি তুষার গায়েন তাঁকে নিয়ে এমন আয়োজন করায় প্রথম আলো উত্তর আমেরিকার সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। লেখক-কবিদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস নাজমী, রহমান মাহবুব, শামীম সিদ্দিকী, রাজীয়া নাজমী ও মার্কিন কংগ্রেসে নিউইয়র্ক থেকে ডেমোক্রেটিক দলের অন্যতম প্রার্থী মুজিবুল হক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—আবু চৌধুরী, মনিজা রহমান, মনীষা তৃষা, জেবুন্নেসা জ্যোৎস্না, তাজনুর চৌধুরী, আবদুস শহীদ, মরিয়ম মারিয়া, শাহীনা নাজনীন, মুজিবুল হক, রোকেয়া দীপা, সায়ান সিদ্দীক, ফকু চৌধুরী, শান্তনু সাজ্জাদ, শামস চৌধুরী, আলী রিয়াজী প্রমুখ।