কবিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আকিরা কুরোসাওয়ার প্রতি
মুয়িন পারভেজ

আজও দস্যু আসে পউষ মাসে, ফসল কাটার দিনে
ধানসবজি সবই যে নেয় ন্যায্যদামে কিনে
ওরা জোর করে না

ওরা জোর করে না, বেচাকেনা খুবই পরিপাটি
ওজনে নেই কারচুপি, ভাই, মানুষ ওরা খাঁটি
নেই ছলচাতুরী

নেই ছলচাতুরী, বাহাদুরি, কেবল নেশার ঘোরে
একটু গালিগালাজ বা কান ম’লে দেওয়া জোরে
তাই পলে পলে

তাই পলে পলে আজ সকলে ওদের আশায় ঘামে
নইলে ভালো কাপড়-খাবার জোটে না গেরামে
বলি আসল কথা

বলি আসল কথা, এমন প্রথা-দস্যুতা চায় চাষি
বউ-ঝিরাও ভালোবাসে দস্যুরাজের বাঁশি
তবু কয়েকজনে

তবু কয়েকজনে সংগোপনে শহরপথে যাই
দেখেশুনে খুঁজে আনি সপ্ত সামুরাই
ওদের চুল পেকেছে

ওদের চুল পেকেছে, বেড়ে গেছে বয়েস যেন শীতে
দিনে ওরা থাকে মাঠে, রাত্তিরে ছাউনিতে
ওরা ঢাল-তলোয়ার

ওরা ঢাল-তলোয়ার ফেলে এবার কাস্তে হাতে নিয়ে
কালি মেখে ভূত সাজবে শিশুর দলে গিয়ে
ওদের নেই অপমান

ওদের নেই অপমান, নেই পিছুটান; হয়তোবা চুপ মেরে
খড়ের গাদায় শুয়ে শুয়ে শুনবে, ‘হা রে রে রে’


ভালোবাসার ফেরিওয়ালা
আকাশ মামুন

আগামী বসন্তে কেটে যাবে এই সব ভালোবাসাহীন দিন
শীতের প্রহর শেষে ভালোবাসা আসবে অমলিন।
কার্নিশে জমে থাকা শীতের ওমহীন প্রতীক্ষা
কাঁচা রোদের আলতো পরশে ঝনঝনিয়ে উঠবে হেসে,
বিবর্ণ আর বিরলা দেহ ফসলি ভাবে নুয়ে পড়বে
কৃষকের চকচকে চোখে লকলকিয়ে উঠবে যত্নে বোনা স্বপ্নভ্রূণ!
তখন এই সব স্বপ্নহীন অগোছালো নিশুতি রাত
ছন্নছাড়া দুপুরের হাঁসফাঁস উবে যাবে ফুৎকারে।
নিরাশার ধূলিঝড় কেটে যাবে, শুধু প্রতীক্ষা কর রমণী
চেয়ে দেখ আমার চোখে পাবে সংসারী কৃষকের ছায়া।

হে ভেনাসীয় রমণী তুমি পুষ্পের মতো রমণীয় ছিলে
আজ বরফের মতো কঠিন অথচ কোমল হও
ভালোবাসায় গলে হও সৌম্য জলের নদী...
আগুনকে ভালোবেসে পতঙ্গ যেমন ঝাঁপ দেয়
আমিও ঝাঁপ দেব তোমার সে গহীন জলে
তুমি আড়াল ভেঙে একাকিত্ব ভেঙে সাড়া দাও।