কবিতা
দাঁতের দোকান
ফকির ইলিয়াস
নক্ষত্রগুলো দেখে নিচ্ছে তাদের দাঁতের বয়স। আর মানুষেরা
কামড় বসাতে চাইছে পাথরে। কিছু কিছু বৃক্ষও হজম করে;
তারা বাড়াতে চাইছে নিজেদের দাঁতের শক্তি। বোঝাতে চাইছে
সময় থাকতে দাঁতের কদর। রক্ষণের নামে ভক্ষণের প্রক্রিয়া।
দাঁতগুলো আসলেই বেশ দরকারি। হাড়ের শ্রেণিভুক্ত এই দানাগুলো
একসময় মুখের হাসির শ্রী বৃদ্ধি করত। একসময়, উন্মুক্ত সুন্দরী
প্রতিযোগিতায় হাসি দেখিয়েই শিরোপা অর্জন করে নিত চাঁদকন্যা
ও তার সহোদরা’রা। জোনাক-আলোয় পাতাগুলো দেখত নিজমুখ।
এখন যারা দাঁতের দোকান খুলে বসে আছে, তারাও একদিন ছিল
সম্পূর্ণ দন্তবিহীন। তাদের কাছে অজানা ছিল হাড়গোড় চিবিয়ে খাওয়ার
কৌশল। কিংবা জলাগ্নির ভেতর আমরা আজ যে বিবর্তন দেখি- তা’ও
পঠিত বিষয় ছিল না তাদের। ওরা জানতো না, কীভাবে সাবাড় করতে হয়!
অথচ লুণ্ঠনের অস্ত্র হোসেনের এখন ব্যবহৃত হচ্ছে দাঁতগুলো। বদল করে
কামড়ের ধারাবাহিকতা, ওরা চিবোচ্ছে আগুন, হাওয়া, মাটি, জল, বিষ্ঠা,
হরণ করছে নারীর সম্ভ্রম, পুরুষের বাহু, শিশুর স্বপ্ন ও মাটির অধিকার,
গলা বাড়িয়ে ওরা হাঁক দিচ্ছে, আসুন-আসুন; আমরা খুলেছি নতুন ডেন্টিস্ট্রি!
জগদ্দল পৈশাচিকতা
আবদুস শহীদ
মৃত্তিক-নিংড়ানো রসে বেড়ে ওঠা
শেকড় থেকে জন্মেছিল হরীতকীর বংশ
ওরা আর্য না অনার্য কারও বোধগম্য নয়
সভ্যতার যে রূপরেখা তা সবই ভঙ্গুর
কাজেই তাকে সরীসৃপ বলে গণ্য করা হবে।
সফেদ খোলসের অধিকারী নির্ঘাত হায়েনা, ক্রাইস্টচার্চে করেছে নোংরা পদচারণা।
বিষাক্ত সিসায় ঝাঁঝরা হওয়া বিদীর্ণ বক্ষগুলো
প্রতিরোধে সক্রিয় ছিল না
মানব কল্যাণে নতজানু ছিল তাদের অবয়ব
অস্থিমজ্জায় নিবেদিত প্রাণ।
পবিত্রতার হাওয়ায় দুলছিল বেতস ফুলের মতো এক একটি আধ্যাত্মিক সত্তা।
ত্রাসের অনলে পুড়িয়ে দিল শান্ত কপোত ডানা।
হৃদয়ে আঁকা হলুদ প্রজাপতিরা বিলীন হয়ে গেল সভ্যতার আঙিনা ছেড়ে।
স্বাধীনতা
জিয়াউদ্দিন আহমেদ
তুমি আস সৃষ্টির মাঝে ধ্বংস নিয়ে
প্রত্যাশার মাঝে হতাশা নিয়ে
গৌরবের সাথে কলঙ্ক নিয়ে
আনন্দের সাথে বেদনা নিয়ে।
স্বাধীনতা
তুমি আস পরাধীনতার শৃঙ্খলে, রাজনীতির চক্রান্তে
শোষণের প্রতিবাদে, শ্রেণি চরিত্রের সংঘাতে
তুমি আস সাম্প্রদায়িকতার ঝলসানো রোষে।
স্বাধীনতা
তুমি আস সৈনিকের গুলিতে, স্বদেশির বোমার আঘাতে
অনাথ শিশুর বোবা জিজ্ঞাসায়
মানুষের রক্তের স্রোতে।
তুমি আস ঝড়ের উদ্দামতায়,
বন্যার মতো সর্ব গ্রাসে
তোমার জন্ম হয় বিতৃষ্ণার ফসল থেকে
ঘৃণার বিস্ফোরণে।
অনাদিকাল থেকে তাই
যতবার পেয়েছি তোমায়
হারিয়েছি তার থেকে ঢের বেশি।
তুমি রয়ে যাও অস্পৃশ্য, অস্পষ্ট
মরীচিকার মতো অবাস্তব।
স্বাধীনতা
এইবার তুমি আস দৃপ্ত পদক্ষেপে
শুধু মানচিত্রে নয়, বর্ণমালায় নয়
পতাকায় নয়, সংস্কৃতিতে নয়
কেবল অর্থনৈতিক মুক্তিতে নয়।
তুমি আস সুললিত পদভারে
কুসুমের মতো কোমল স্পর্শে
ভালোবাসার অনুমেয় উষ্ণতায়
হৃদয়ে আমার।