কবিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেকে দিতে পারি কবিতায়
জাকিয়া ফাহীম

আমি তো সবাইকে ডেকে দিতে পারি।
বিশাল শূন্য মাঠ ভরে দিতে পারি জনতায়
শুধু মাত্র একটি কবিতায়
সে কবিতায় থাকবে না কোনো ব্যবসায়ী কিংবা শিল্পপতি
চাটুকারদের রাতারাতি বড়লোক হয়ে সংসদ সদস্য হওয়ার বারতা
অথবা কোনো নারীকে ধর্ষণ করে রশিতে ঝোলানোর শোকের কথা।

আমি শুধু সেই কবিতা বলতে চাই,
যেখানে থাকবে না কোনো দলীয় লেজুড়ভিত্তিক ছাত্র রাজনীতি
অথবা অনাচার সৃষ্টির উল্লাসে মানব হত্যার ব্যথা।
আমি শুধু তোমাদের একটি কবিতা শোনাতে চাই
যেখানে থাকবে শুধুই দরিদ্রের প্রতি মানবিক মূল্যবোধের কথা
অথবা কৃষকের ধান চালের মূল্য দেওয়ার
এবং শোষকদের পতন ও শোষিতদের স্বাধীনতার কথা।

আমি তো সেই কবিতা বলতে চাই,
যেখানে থাকবে না কোনো ভেদাভেদ ও দাঙ্গার কথা
থাকবে শুধু মানুষে মানুষে পারস্পরিক ভালোবাসার প্রত্যাশা
এবং সাম্যের কথা।

বৃষ্টি-বিলাস
জেবুন্নেছা জোৎস্না

হেমন্ত হলুদের ঝরা পাতা বাদলে—
চুমুকে ভেজা ক্যাফের কাচ গলে
আঁকছি তোমায়,
ম্যাডিসন অ্যাভিনিউ’র নির্বিকার কোলাহলে।

অথবা ইথারে ভেসে আসা শব্দহীন সম্বোধনে-
ছুটে চলা গাড়ির উইন্ড স্ক্রিনে ফোঁটা জলে-
মুছছি তোমায়,
আসছ যতবার সম্মুখে মন ভুলে।

অতঃপর বিরতির ব্যবধানে-
অবশিষ্ট লাঞ্চের প্যাকেটে মুড়ে-
ফেলছি তোমায়
আনমনে চলতি পথের ট্র্যাশক্যানে।