কবিতা পড়ার অপরাধে গ্রেপ্তার

আমেরিকার অভিবাসন বিভাগের সমালোচনা করে কবিতা পড়ার পর গ্রেপ্তার হয়েছেন নাগরিক অধিকার আন্দোলনের এক কর্মী। এ ঘটনা বিস্মিত করেছে সবাইকে।
আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ) ফাউন্ডেশন অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার তথ্যমতে, মার্কিন অভিবাসন বিভাগের সমালোচনা করে কবিতা পড়ার ৩৬ ঘণ্টা পর বাকের্সফিল্ড কলেজের এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) এজেন্সি।
মে মাসের মাঝামাঝি সময়ে আইসের সঙ্গে শেরিফের কার্যালয়ের মিথস্ক্রিয়া নিয়ে আলোচনা করার জন্য একটি জনসভা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত হন বেলো নামের এ নাগরিক অধিকার কর্মী। ওই সভায় তিনি ‘ডিয়ার আমেরিকা’ শিরোনামের একটি কবিতা পাঠ করেন। বেলো তাঁর কবিতায় বলেন, ‘আমি আপনাকে এখানে জানাতে এসেছি যে আমরা নিরাপদ বোধ করতে চাই/ আমরা ব্রাউন, এশিয়ান বা ব্ল্যাক যা-ই হই/ আমরা আপনার কাজ চাই না/ আমরা আপনার টাকা চাই না/ আমরা কঠোর পরিশ্রম করতে এসেছি/ কর দিতে এসেছি এবং অধ্যয়ন করতে এসেছি।’
এই কবিতা পাঠের ৩৬ ঘণ্টা পর বেলোকে ক্যালিফোর্নিয়ার বেকার্সফিল্ডে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে বেলোকে ৫০ হাজার ডলার জরিমানা করা হয়। সানফ্রান্সিসকো জেলা আদালতে বেলোর পক্ষে এসিএলইউ একটি আইনি আবেদন পেশ করেন। এতে বলা হয়, বেলোর গ্রেপ্তার সংবিধানের প্রথম সংশোধনীতে স্বীকৃত অধিকার লঙ্ঘন করেছে।
এসিএলইউ আদালতের নথিতে লিখেছে, ‘এ ঘটনা দৃঢ়ভাবে ইঙ্গিত করে যে, সংস্থাটির কর্মকাণ্ডের বিরুদ্ধে মতামত প্রকাশ করায় আইস বেলোর বিরুদ্ধে প্রতিশোধমূলক আচরণ করেছে।’ এসিএলইউ অভিযোগ করেছে, ‘একজন আইস অফিসার বেলোকে বলেন, “আমরা জানি আপনি কে এবং আপনি কী করছেন।”’
আইসের সঙ্গে এবারই প্রথম বেলো মুখোমুখি হননি। এর আগে ২০১৮ সালের আগস্ট মাসে বেলো ও তাঁর ভাই অস্কার বেলো-রেয়েস তিন মাস আটক থাকার পরে ১০ হাজার ডলারের মুচলেকা (বন্ড) দিয়ে মুক্তি পেয়েছিলেন। আইস সে সময় দাবি করেছিল, তাঁরা রাস্তার গ্যাংগুলোর সঙ্গে যুক্ত ছিলেন। বেলো এমন কোনো গোষ্ঠীর সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেছিলেন, সংস্থাটি তাঁকে অন্য ব্যক্তিদের সঙ্গে গুলিয়ে ফেলছে।
২০১৯ সালের জানুয়ারির শেষ দিকে বেলোকে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে অভিযুক্ত করা হয়। এ ব্যাপারে তিনি কোন প্রতিবাদী আবেদন করেননি। পরে এই অভিযোগে বেলো তিন বছরের প্রবেশন পিরিয়ডে দণ্ডিত হন। আইনজীবীরা বলছেন, তখন থেকেই তিনি নিজেকে শুধরে নিচ্ছিলেন।
শুধু গ্রেপ্তার নয়, বেলোর সঙ্গে করা হয়েছে অমানবিক আচরণও। মে মাসে যখন বেলোকে গ্রেপ্তার করা হয়, তখন তাঁকে হোল্ডিং সেলে রাখা হয়। প্রায় দুপুর ৩টা পর্যন্ত হাতকড়া পরিয়ে রাখা হয়। আদালতের নথি অনুযায়ী, কর্মকর্তারা হাতকড়া খুলে দেওয়ার আবেদনকে উপেক্ষা করেন এবং বেলোকে বাথরুম ব্যবহার করার সুযোগ দেননি। অবশেষে নিজের প্যান্ট ভেজানো ছাড়া তাঁর আর কোনো উপায় ছিল না। এ অবস্থায় বেলো কয়েক ঘণ্টা সেই নোংরা কাপড় পরেই কাটাতে বাধ্য হন।