কবিতার এক পাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>অবক্ষয়িত মূল্যবোধের সমাজে লালিত কল্লোলীয় কবি-সাহিত্যিকদের সৃষ্টিতে অনিবার্যভাবে প্রতিফলিত হয়েছিল যুগের হতাশা, সংশয়, অবিশ্বাস এবং অনিকেত যন্ত্রণার তাবৎ অনুষঙ্গ। আধুনিক কবিতার স্বরূপ লক্ষণে বুদ্ধদেব বসু ঘোষণা করলেন (আধুনিক বাংলা কবিতা, ভূমিকা), ‘একে বলা যেতে পারে, বিদ্রোহের, প্রতিবাদের কবিতা, সংশয়ের, ক্লান্তির, সন্ধানের, আবার এরই মধ্যে প্রকাশ পেয়েছে বিস্ময়ের জাগরণ, জীবনের আনন্দ, বিশ্ববিধানে আস্থাবান চিত্তবৃত্তি। আশা আর নৈরাশ্য, অন্তর্মুখিতা বা বহির্মুখিতা সামাজিক জীবনের সংগ্রাম আর আত্মিক জীবনের তৃষ্ণা—এর সবগুলো ধারাই খুঁজে পাওয়া যাবে।’ (কাব্যতত্ত্ব-অন্বেষা, নরেন বিশ্বাস) সাতজন কবির সাতটি শাণিত কবিতা মেলে ধরা হলো সেপ্টেম্বর সংখ্যা ‘কবিতার এক পাতা’য়। কবিদের প্রতি কৃতজ্ঞতা। বাংলা কবিতার সব পাঠককে সাদর আমন্ত্রণ ‘কবিতার এক পাতা’য়। আপনাদের সবার প্রতি আমাদের নিরবিচ্ছিন্ন ভালোবাসা।—ফারুক ফয়সল

মাহবুব হাসান
আমার আকাশ

অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

আকাশের নীল প্ররোচিত করছে আমাকে,
আমি উড়ে যাই মুহূর্তেই
রোদে মাখা নীলের জ্যোৎস্নায়,
তারপর অনন্ত আকাশ আমাকে নাচায় তার শয্যায়।
আমি স্বপ্ন থেকে জেগে উঠি।
গোত্তা খাওয়া বোধ শিশুবেলায় নামে। যেন সে
পাখি, তার কোনো ডানা নেই, আছে ভাবনার
নিরাকার চেতনারাশি!
সে আমাকে বিছানা থেকে টেনে তোলে। যেন সে
নিথর কোনো নীলিমা!
আমি ঘুড়ির মতন গোত্তা খাই। নেমে আসি
ইস্ট রিভারের চঞ্চল অভিমানে। তাকে ভেঙে দিই
মন যেমন ভেঙে দেয় আমাকে রোজ একবার।

আমার আকাশ যখন কাঁদায়
আমি মনের গহনে নেমে গোত্তা খাই নীলিমার জ্যোৎস্নালোকে।
আলো আমাকে নাচায়।
আমি বজ্র-বিদ্যুতের ভয়ে মহাকাশে নির্মাণ করি
পরমাণু-বিম, আলোর প্রপাত!
পরমাণু যুদ্ধের আরেক প্রকল্প আমার!
হায় প্রভু তুমি তা চোখেও দেখো না!
তুমি কী দৃষ্টিহীন অবাক পৃথিবী?

মনো-বৈষয়িক সম্পদ আমার
হাটের পণ্য নয় যে
ডলারের বিনিময়ে বিক্রি করে দেব যুদ্ধবাজের কাছে;
আমি অতটা অমানুষ নই যে
মানুষকে বাস্তুচ্যুত করে সুখ পাব।
ময়ূরপঙ্খী নাও ভাসিয়ে আকাশে
হাওয়া খাব দুঃখী জীবনের বুকের ওপর চড়ে,
তেমন নিষ্ঠুর, তেমন বর্বর তো নই আমি।
ইতিহাসের পাতার বর্বরদের
কবর রচনা করি আমি মৃত্তিকায়।
তোমরা দেখতে পাও না,
কেননা তোমাদের চোখ নেই।
চোখ দেখার জন্য বটে, তা তো নিখিলেরই
সহোদর! তা কি জানো?
আমি রোজ সেই চোখের সরোবরে গা ধুয়ে পবিত্র হই।
পবিত্র শব্দটি আকার সর্বস্ব নয়, নিরাকার!
যেন সে মালিক এ জগৎ-সংসারের।

আমি সবকিছু ভেঙে দিয়ে একদিন নীলিমা হব ।

তমিজ উদ্ দীন লোদী
শুধু

কত কিছু যে উন্মুক্ত হয়ে আছে—
আকাশ, সমুদ্র, এমনকি পাহাড়
ধীর কি প্রবল হাওয়া, বিশাল বিস্তৃত হাইওয়ে।

ধান কি গমখেতে উড়ে যাচ্ছে সারস, গঙ্গাফড়িং
নদীর বুকে প্রবল বেগে স্রোত, দুপুর রোদে দিকশূন্য মাঠ
উড়ে যাচ্ছে বাজপাখি, ধারালো ঠোঁটের চিল
উন্মুক্ত সব, যেন মেঘমুক্ত শরৎ আকাশ।

শুধু অকারণে তুমিই ঢেকে রাখছ সব।

রাকীব হাসান
তাঁকে দূর থেকে দেখা যায়

তাঁর মুখ একটি সরল সমতল জনপদ,
মন তাঁর নদীর সুরেলা স্রোতে রাখলের বাঁশি,

তিনি ধান খেতের গন্ধ-ভরা কৃষকের শরীর—
এ রকম সাধারণ একজন

আলাদা হয়ে গেল আমাদের থেকে,
তিনি বহিরাগতদের আগুনে
আমাদের পোড়া জীবনের ছবি আঁকতেন,
আগুনের ভেতরে দাঁড়িয়ে তিনি আগুন দেখেছেন—

যে নিখাদ সে বেঁচে থাকে।

তর্জনী উঁচিয়ে দাঁড়িয়ে থাকে উঁচু পর্বত,
তাঁকে দূর থেকে দেখা যায়;
আমাদের সমতলে দাঁড়িয়ে
তিনি দেখতে পেয়েছিলেন সমগ্র স্বদেশ।

পিতার মমতায় তিনি আমাদের বোঝাতে চাইতেন—
পোড়া গন্ধে তোমরা অভ্যস্ত হয়ে যেও না
আজ পুড়ছে ঘাস, কাল পুড়বে বারোমাস!

একদিন ময়দানে ডেকে
তিনি আমাদের ভেতরে জমে থাকা আগুনের ব্যবহার শেখালেন—

তারপর
আমরা আর ভয় পাই না,
সাহসের তর্জনী নদীর স্রোতে ভাসিয়ে দেয় বর্গিদের সকল প্রতীক!

তাঁকে দূর থেকে দেখা যায়।


নাহার মনিকা
ভাষাহীনতার কথা

অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

দিনের কোন কোন ভাগে,
এপিটাফের ভাবনা আসে।
এক অবিচ্ছেদ্য ভাষাহীনতায় আক্রান্ত পাখি
মেঘ নিয়ে আসে কাটা ঠোঁটে ভর করে
জলীয় বাষ্পে বায়বীয় মুখ দেখি।

আমি তবে শ্বাস নিই কোন অবিশ্বাসে!
কোন কোন অঙ্গুলিনির্দেশে বিভ্রান্ত হই
ভুল ভোট দিয়ে দিই নির্বাচিত খাটে।
প্রত্যাশা পূরণে নামে ব্যর্থ প্রচারণা
নিঃসঙ্গ প্রমাণ বিদ্যা ভীষণ কঠিন।

তবু বলি,
আজকে জেনেছ ভাষাহীনতার কথা,
পাখিদের ঠোঁট বৃষ্টির ফোঁটা পেলে
কালকে আসছে অগ্নিস্পর্ধী গান।


নাজনীন সীমন
মেয়েটি মরেই গেল

মেয়েটি মরেই গেল।
সমস্ত শরীরে আগুনের লেলিহান শিখা নিয়ে
জ্বলতে জ্বলতে, প্রতিবাদ করতে করতে,
প্রচণ্ড যন্ত্রণা আর ভয়ে সাহায্য চাইতে চাইতে
সত্যি সত্যি মেয়েটি মরে গেল।

মেয়েটি মরেই গেল।
সাদা ব্যান্ডেজে মোড়ানো
দগদগে ঘায়ের বোঁটকা গন্ধে বিব্রত সভ্যতা,
ভেতরে ক্ষরণ, রক্ত ও পুঁজের কদাকার সম্মিলনে
ভিজতে ভিজতে সত্যি সত্যি
মেয়েটি মরেই গেল।

বিভক্ত সময় এবং চিন্তার বিস্তৃত কাঁধে ভর রেখে
অসুস্থ সময়, ততোধিক বর্বর চিন্তার বুকে প্রচণ্ড আঘাত কষে
সমস্ত অপরাধ মাথায় বহন করে
কাঁদতে কাঁদতে চারপাশ একান্ত বিমর্ষ করে
মেয়েটি মরেই গেল।

অসংখ্য ক্যামেরা কৌতূহলী চোখ
অতীব অধীর ছিদ্রান্বেষী জনতার
তুমুল চিৎকার—সব ভ্রুকুটি দেখিয়ে দহনের চূড়ান্ত যন্ত্রণা
ভোগ করতে করতে
কান্না চিৎকার সমস্ত অতিক্রম করে
অশান্ত বর্বর সভ্যতার অণ্ডকোষে দু’পায়ে সজোরে লাথি মারতে মারতে
মেয়েটি মরেই গেল।

নানা তত্ত্ব, রূপকথার সাম্রাজ্য, স্বোপার্জিত স্বাধীনতা,
স্মরণ ও বিস্মরণ, স্বপ্নভাঙা দুঃস্বপ্নে সত্যের নির্ধারিত অপলাপ,
বিলাপ, প্রলাপ সব ফেলে
একান্ত নিঃস্বতা নিয়ে ধুঁকতে ধুঁকতে একদিন
মেয়েটি মরেই গেল
সত্যি সত্যি।

মুজিব ইরম
সঠিক পয়ার

অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

এই মন বারে বারে করে গালাগাল। যেন আমি লিখি নাই কদম্ব তমাল।। যেন আমি
আড়বাঁশি ঠোঁটে তুলি নাই। নৌকা খণ্ডে সখিসনে ডেকে উঠি রাই।। সঠিক নিয়মে
ডাকি বেঠিক নিয়মে। নিতি বাঁধি নিতি গাই ধরমে মরমে।। বেঠিক নিয়মগুলো
তোমার দয়ায়। আড়িপড়ি শত্রুবন্ধু লোকমায়া পায়।। যতটুকু গীতসুধা লিখিবারে
পাই। সঠিক পয়ার চিন্তা সেখানে চাপাই।। আমি তো লিখিনি পদ জানে সখিগণে।
পেয়েছি শয়নে আর পেয়েছি স্বপনে।। গোপনাট্য গীতিনাট্য ধর্মনাট্য মতে।
তোমাকেই খুঁজিয়াছি নানা মতে পথে।। এই ধূলি ধূলি নয় বলি জনে জনে।
পদপল্লবমোদারাম্‌ রাখিয়াছি মনে।। যেই পথে যাও তুমি সেই পথ ধরে। তোমারে
বাঁধব আমি সঠিক পয়ারে।।

ইরম মিনতি করে থাকি যদি দূরে। আমারে রাখিও তুমি নোলকে সিঁদুরে।।

অপরাহ্ণ সুসমিতো
প্রণয় গ্রাম

তোর মাথার ওপর ছায়া ধরে রাখি
রৌদ্র ছায়ায় যেন হরিয়াল পাখি
ইশারা করে ওদের বলতেই পারি: ছায়া থেকে সরো ও বোধ।
তুই বলিস: এত বাধুক তোমার রোদ?

বাদামের খোসা ছাড়াতে ছাড়াতে কোনার দিকে তোর পড়ার ঘরে
তোর ছোট বোন যেন দূরে বসে নড়ে,
ঘাড় গুঁজে আকাশ-নামতা মুখস্থ করবি, ঝাড়-বাতিটায়
তীক্ষ্ণ চড়ুই বলবে; আজ আমি তোমাদের ছাদের অ্যান্টেনায়।

আজ লুডু হোক শুক্রবারে
তারপর দুজন নদী পাড়ে।

আমি তোর জন্য নৌকা ভাড়া করি
টেলিভিশনের লোকজন ছুটে যাক না নদী ঘাটে, দেখুক প্রাণের ভ্রমণ;
নদীর শাখায় ছুটবে চরার্ত মানুষের দোলন দোলন।

তুই দেখিস আমাকে, আমি হয়ে যাব বুদ্ধদেবের ছোকানু
ভাংতি টাকায় আমার পকেট ভরে যাবে দুপুর রেণু।

রোদে তামাটে হলে অনার্য কবিতা বা তোর খালি গলার সুর
মখমলি পা তোর কোমল নূপুর।

খবরদার মাঝিকে যদি ধাক্কা দিস
শোন নিজেকে সাবধান করে নিস।

আমি শুধু তোকে ছায়া দিই ও পাখি
ঘুঘু ছই বাসা কই, এই শোন ওখানেই থাকি।