কবে বন্ধ হবে এই নিষ্ঠুরতা

বাংলাদেশে এখন বসন্ত। চারদিকে বসন্তের ফুরফুরে বাতাস। কোকিলের কুহুতান। বইমেলা। কিন্তু আমাদের এখানে বসন্ত এখনো আসেনি। তবে আসবে আসবে করছে। ভেবেছিলাম এখানকার বসন্ত নিয়েই কিছু লিখি। কিন্তু সম্প্রতি ফ্লোরিডার পার্কল্যান্ডের একটি স্কুলে গুলিতে অকালে ঝরে গেল ১৯টি প্রাণ। সেই স্কুলেরই ছাত্রের সেমি-অটোমেটিক রাইফেল এআর-১৫-এর গুলিতে প্রাণ হারিয়েছে তারই সহপাঠীরা। এর আগে বহুবার একই ঘটনা ঘটলেও এবারের ঘটনাতে যেভাবে সারা আমেরিকা আলোড়িত হয়েছে তা আগে কখনো আমি দেখিনি। আর তাই অনেকটা বাধ্য হয়েই বসন্তবিষয়ক লেখাটি আগামীবারের জন্য রাখলাম।
বন্দুকের গুলিতে আমেরিকায় নিরীহ মানুষ মারা যাবে, এটাই যেন একটা স্বাভাবিক ঘটনা। এই সূত্র ধরেই কিছুদিন আগে (গত বছরের নভেম্বরে) ‘আমেরিকায় বন্দুক নিয়ন্ত্রণ এত কঠিন কেন’ এই শিরোনামে আমার কলামে লিখেছিলাম। কিন্তু দুঃখের বিষয় এ নিয়ে আবার কিছু লিখতেই হচ্ছে। সবচেয়ে বড় বিষয় হলো, আমরাও তো যেকোনো সময়ে এর শিকার হতে পারি। আমাদের ছেলেমেয়েদের স্কুলে পাঠিয়ে আমরা নীরবে বসে থাকতে পারি না।
আবারও বলতে হচ্ছে আমেরিকায় বন্দুক নিয়ন্ত্রণ করা সোজা নয়, এটা ঠিক তবে এর ব্যবহার কীভাবে নিয়ন্ত্রণ করা যায় তা নিয়ে অনেক লেখালেখি হচ্ছে। আমেরিকায় বন্দুকের সংখ্যা প্রায় ৩০ কোটি অর্থাৎ গড়ে প্রতি একজনে একটি করে বন্দুক আছে। আর জাপানে প্রতি ১০০ জনে একটি বন্দুক এবং সেখানে বন্দুকের কারণে বছরে মানুষ মারা যায় মাত্র ১০ জন।
যারা বন্দুকের পক্ষে বিশেষ করে আমেরিকারা শক্তিশালী সংগঠন এনআরএ (ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন) সব সময়ই একটি যুক্তি দেয় রাস্তায় গাড়ি দুর্ঘটনায় বহু লোক মারা যায়, তাই বলে তো আর গাড়ি চালনও বন্ধ করা হয় না। কথাটি সত্য তবে গাড়ি দুর্ঘটনায় যাতে কম লোক মারা যায় সে জন্য বিভিন্ন ধরনের নিরাপত্তা ব্যবস্থার আরোপ করা হয়, যেমন গাড়িতে সিটবেল্ট লাগান বাধ্যতামূলক, বিভিন্ন রাস্তায় গাড়ির গতি সীমিত রাখা হয়। আজকাল গাড়িতে বিভিন্ন ধরনের দুর্ঘটনারোধকপ্রযুক্তি ব্যবহার করা হয় যার ফলে আগের তুলনায় এখন গাড়ি দুর্ঘটনার সংখ্যা অনেক কম।
বিশেষজ্ঞরা বন্দুক নিয়ন্ত্রণের জন্য নানা রকমের পরামর্শ দিচ্ছেন এর কয়েকটি হলো
ব্যাকগ্রাউন্ড চেক। বন্দুক নিয়ন্ত্রণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে সবাই মনে করছে।
সুরক্ষা আদেশ বা প্রোটেকশন অর্ডার—এর মাধ্যমে যাদের মানসিক সমস্যা আছে অথবা যারা কোনোভাবে গৃহবিবাদে লিপ্ত তাদের বন্দুক কেনার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা যেতে পারে।
• একুশ বছরের নিচে কারও কাছে বন্দুক বিক্রি নিষিদ্ধ করা যেতে পারে।
• বন্দুরকে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা যেতে পারে, যেমন শিশুরা যাতে বন্দুক।
ব্যবহার করতে না পারে এ জন্য বন্দুকগুলোতে সেফটি ক্যাচ জাতীয় নিরাপত্তাব্যবস্থা বাধ্যতামূলক করা যেতে পারে। তাছাড়া বন্দুকের মালিক ছাড়া অন্য কেউ যাতে বন্দুক ব্যবহার করতে না পারে সে জন্য প্রতিটি বন্দুকে পাসওয়ার্ড বা কোড সিস্টেমের ব্যবস্থা করা যেতে পারে।
আগেই বলেছি এনআরএ আমেরিকার খুবই বিত্তশালী ও ক্ষমতাবান সংগঠন। এরা রাজনীতিকদের কোটি কোটি ডলার চাঁদা দেয় তাই রাজনীতিকেরা এদের বিপক্ষে কথা বলে না। যারা এই সংগঠনের সদস্য তারা বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের কাছ থেকে অনেক সুবিধা পেয়ে থাকে। সম্প্রতি অনেক ব্যবসাপ্রতিষ্ঠান এনআরএর সদস্যদের এই সব ছাড় দেবে না বলে জানিয়েছে। তবে ফেডএক্স কুরিয়ার সার্ভিসসহ কিছু সংগঠন এআরএর সঙ্গে এই সম্পর্ক বজায় রাখতে চায়। আমাদের উচিত এসব সংগঠনকে বর্জন করা।
লেখক: গল্পকার, ই-মেইল: [email protected]