কমরেড জাফর স্মরণে নাগরিক শোক সভা

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর আহমেদের স্মরণে ২১ জুন নিউইয়র্কের জুইশ সেন্টার মিলনায়তনে এক নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
সাবেক ছাত্র ইউনিয়ন নেতা অধ্যাপক সাইয়েদ মজিবুর রহমানের সভাপতিত্বে ও মিনহাজ আহমেদের সঞ্চালনায় নাগরিক শোকসভায় নিউইয়র্কে বসবাসরত বাঙালি বিভিন্ন পেশাজীবী, রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মী, কমরেড জাফর আহমেদের সময়কার বিভিন্ন সহযোদ্ধারা তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তৃতা করেন।
কমরেড জাফর গত ২৮ মে ঢাকার ইউনাইটেড হাসপাতালে মারা যান। দীর্ঘদিন ধরে তিনি হৃদ্রোগ, ডায়াবেটিস ও কিডনির সমস্যায় ভুগছিলেন। সর্বশেষ নিউমোনিয়া ও বিরল স্টিভেন্স জনসন সিনড্রোমে আক্রান্ত হন। অসুস্থ অবস্থায় ২০ মে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। বিশেষ ডায়ালাইসিসের প্রয়োজনে ২৭ মে চিকিৎসকদের পরামর্শে তাঁকে ইউনাইটেড হাসপাতালে স্থানান্তর করা হয়।
নাগরিক শোক সভায় বক্তৃতা করেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বিপ্লব চাকী, প্রোগ্রেসিভ ফোরামের সভাপতি খোরশেদুল ইসলাম, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. নজরুল ইসলাম, উদীচী যুক্তরাষ্ট্র শাখার সহসভাপতি সুব্রত বিশ্বাস, আওয়ামী লীগ নেতা ড. সিদ্দিকুর রহমান, মৌলভীবাজার সদর উপজেলার সাবেক চেয়ারম্যান রফিক উদ্দিন চৌধুরী রানা, অ্যাডভোকেট আখতারুল ইসলাম, প্রবীণ সাংবাদিক মোহাম্মদ উল্লাহ, সাংবাদিক মঞ্জুর আহমেদ, সাপ্তাহিক ঠিকানার সম্পাদক ফজলুর রহমান, নারীনেত্রী হুসনে আরা বেগম, নিনি ওয়াহেদ, আওয়ামী লীগ নেতা সৈয়দ সিদ্দিকুল হাসান, জাসদ নেতা নুরে আলম জিকু, সাংবাদিক মোজাহিদ আনসারী, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা সিরাজ উদ্দিন সোহাগ, সিপিবি নেতা কমরেড আবদুল্লাহ চৌধুরী, মো. মুকিত চৌধুরী, তোফায়েল চৌধুরী, নাট্যকর্মী সীতেশ ধর, প্রগ্রেসিভ ফোরামের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আলীম উদ্দিন, সাবেক ছাত্রনেতা জাকির হোসেন বাচ্চু, ওবায়দুল্লাহ মামুন, আবদুস সামাদ আজাদ, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সুলেখা পাল, উদীচী যুক্তরাষ্ট্র শাখার সাংগঠনিক সম্পাদক মো. হারুন, আবৃত্তি শিল্পী গোপন সাহা, আনোয়ারুল হক লাভলু প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশের রাজনীতিতে কমরেড জাফর আহমেদের মতো সৎ, নিষ্ঠাবান, আত্মত্যাগী রাজনীতিক খুবই বিরল। তাঁর মৃত্যু বাংলাদেশের প্রগতিশীল আন্দোলনের অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন বাংলাদেশের খেটে খাওয়া মানুষের অধিকার প্রতিষ্ঠার একজন
লড়াকু সৈনিক।
অনুষ্ঠানে সুব্রত বিশ্বাস রচিত কমরেড জাফর আহমেদের বৈচিত্র্যময় জীবনী উপস্থাপন করেন অনুষ্ঠানের সঞ্চালক মিনহাজ আহমেদ।
কমরেড জাফর আহমেদ ছাত্রজীবন থেকেই প্রগতিশীল ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়নের সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়েন। ছাত্র রাজনীতির পাশাপাশি সিলেটের বিভিন্ন পেশাজীবী-সামাজিক-সাংস্কৃতিক গণতান্ত্রিক আন্দোলনে সোচ্চার ছিলেন। ১৯৭০ সালে তিনি মৌলভীবাজার সরকারি কলেজছাত্র সংসদের সাহিত্য সম্পাদক এবং পরে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনি ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক এবং সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেন। মহান মুক্তিযুদ্ধে ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের যৌথ গেরিলা বাহিনীর একজন যোদ্ধা হিসেবে সম্মুখ সমরে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
সিলেটে চা শ্রমিক হত্যার প্রতিবাদ করতে গিয়ে ১৯৭২ সালে তিনি প্রথম কারাবরণ করেন। জেল থেকে ছাড়া পাওয়ার অব্যবহিত পরই আবার ১৯৭৩ সালের ফেব্রুয়ারিতে তিনি গ্রেপ্তার হন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের
প্রতিবাদ করায় ফের তিনি গ্রেপ্তার হন এবং বিনা বিচারে এক বছর কারাবন্দী থাকেন। স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনেও তিনি ছিলেন সক্রিয়। গণতন্ত্র প্রতিষ্ঠার সেই উত্তাল আন্দোলন-সংগ্রামে তার সোচ্চার ভূমিকার জন্য তিনি বেশ কয়েকবার গ্রেপ্তার-নির্যাতনের শিকার হন।
সৈয়দ আবু জাফর আহমেদ বিভিন্ন শ্রেণি ও পেশার আন্দোলনেও সক্রিয় ছিলেন। খেতমজুর আন্দোলনে তার অগ্রণী ভূমিকার কারণে খেতমজুর সমিতির শুরুর দিকেই তিনি সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নির্বাচিত হন।
সৈয়দ আবু জাফর আহমেদ ২০১৬ সালের ২৮-৩১ অক্টোবর অনুষ্ঠিত বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) একাদশ কংগ্রেসে দ্বিতীয়বারের মতো দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। শারীরিক অসুস্থতার কারণে ২০১৭ সালের ২৬-২৮ মে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় কমিটির সভায় তার অনুরোধে সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়। তিনি আমৃত্যু সিপিবির প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
অনুষ্ঠানের শুরুতে প্রয়াত কমরেড জাফর আহমেদের প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন এবং শিল্পী তাজুল ইসলামের আাকা কমরেড জাফর আহমেদের ছবিতে পুষ্পমাল্য অর্পন করা হয়।