কমলার প্রচার শিবিরে করোনার হানা
ডেমোক্রেটিক দলের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের প্রচার শিবিরের দুজন সদস্যের করোনা পজিটিভ ধরা পড়েছে। ১৫ অক্টোবর সকালে জানানো হয়েছে, সংক্রমণ সতর্কতা এড়ানোর জন্য সিনেটর কমলা হ্যারিসের সব নির্বাচনী সফর আগামী রোববার পর্যন্ত স্থগিত থাকবে।
কমলা হ্যারিসের প্রচার জনসংযোগ পরিচালক লিজ এলেন ও স্বেচ্ছাসেবী কর্মীর করোনা পজিটিভ পাওয়া গেছে। ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হ্যারিস কর্মীদের করোনা পজিটিভ পাওয়ার দুদিন আগে থেকে তাদের কাছাকাছি ছিলেন না। সতর্কতার জন্যই রোববার পর্যন্ত নিজেকে নির্বাচনী প্রচারে সশরীরে উপস্থিত স্থগিত রাখছেন বলে জানানো হয়েছে। আসছে সোমবারে কমলা হ্যারিস আবার সশরীরে প্রচারণায় ফিরবেন। তাঁর ভার্চ্যুয়াল প্রচারণা অব্যাহত থাকবে।
প্রচারণা শিবির থেকে জানানো হয়েছে, দুই দফা পিসিআর টেস্ট করার পরও কমলা হ্যারিসের করোনা সংক্রমণের ফলাফল নেগেটিভ এসেছে। প্রচারণায় সিডিসি নির্দেশনা কঠোরভাবে মেনে চলা হয় উল্লেখ করে জানানো হয়েছে, সর্বশেষ বুধবারে অন্য সব কাছের প্রচার কর্মীদের করোনা পরীক্ষা করা হয়েছে এবং তাদের ফলাফল নেগেটিভ পাওয়া গেছে।