কমিউনিটির এক অকৃত্রিম বন্ধু কামাল আহমেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কামাল আহমেদ
কামাল আহমেদ

কামাল আহমেদ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রেসিডেন্ট। দিনে দিনে নিউইয়র্কে বাংলাদেশির সংখ্যা বেড়েছে। এক সময়ের ছোট এক অভিবাসী কমিউনিটি সমস্যা সম্ভাবনা নিয়ে প্রতিষ্ঠা পেয়েছিল এ সোসাইটি। সময়ের সঙ্গে সোসাইটির দায়িত্ব বেড়েছে। প্রত্যাশা বেড়েছে নিউইয়র্ক প্রবাসীদের।
বর্তমান সময়ে বৃহত্তর এ সংগঠনটির নেতৃত্ব দিচ্ছেন কামাল আহমেদ। একজন সজ্জন ব্যক্তি হিসেবে নিউইয়র্কে স্বদেশিদের যে কোনো সমস্যায় তাঁকে ছুটে আসতে দেখা যায়। কাগজপত্রহীন অভিবাসীর সমস্যা থেকে শুরু করে, হেইট ক্রাইমসহ নানা সমস্যায় পড়া স্বদেশিদের খোঁজ খবর নেন কামাল আহমেদ। সোসাইটির প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার আগে তিনি দুই দফা নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় তাঁর উদ্যোগ এবং প্রচেষ্টায় ফিলাডেলফিয়া নগরে জালালাবাদ অ্যাসোসিয়েশন নিজস্ব বাড়ি ক্রয় করে।
এবারে প্রথম আলো উত্তর আমেরিকার সঙ্গে নিজের কথা বললেন সমাজসেবী কামাল আহমেদ। আলাপচারিতায় জানালেন, নিজের অভিবাসী হওয়ার নেপথ্যের গল্প। স্মরণ করলেন, চাচা মরহুম নজির উদ্দিন আহমেদকে। ব্রিটিশ ভারতের বঙ্গ জনপদ থেকে ভাগ্যান্বেষণে নজির উদ্দিন আটলান্টিক পাড়ি দিয়েছিলেন। অজানার উদ্দেশ্যে দেশান্তরী এ পূর্বসূরির জের ধরে কামাল আহমেদের বাবা জিয়া উদ্দিন আহমেদ ১৯৭৫ সালে আমেরিকায় আসেন। ভর যৌবনে, ২৬ বছর বয়সে কামাল আহমেদ পারিবারিক অভিবাসনে যুক্তরাষ্ট্রে আসেন।
প্রথম আলোর সঙ্গে আলাপচারিতায় জানালেন নিউইয়র্কে স্বদেশিদের সংগঠনের নেপথ্যের কথা। অবিভক্ত ভারত থাকার সময়েই নিউইয়র্কে ইন্ডিয়া লীগ অব আমেরিকায় বাঙালিরা ছিলেন। দেশ ভাগের পর ইন্ডিয়া লীগ অব আমেরিকার বাঙালিরা পূর্ব পাকিস্তান লীগ অব আমেরিকার ছায়াতলে নিজেদের একাত্ম করেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে এ লীগ অব আমেরিকার সদস্যরা আমেরিকায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সৃষ্টি করেছেন, যে যার অবস্থান থেকে। জানালেন, আজকের বাংলাদেশ সোসাইটির আদি সংগঠকেরা বাংলাদেশ লীগ অব আমেরিকার সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
দেশে থাকতেই রাজনীতি আর সমাজকর্মের প্রতি আকর্ষণ ছিল কামাল আহমেদের। প্রবাসী হওয়ার পর জড়িয়ে পড়েন কমিউনিটির নানা কাজ কর্মে। ২০১১ সালে বাংলাদেশ সোসাইটির বোর্ড মেম্বার নির্বাচিত হোন। ২০১৩ সালে প্রথম দফা সোসাইটির সভাপতি নির্বাচিত হোন। ২০১৭ সালে দ্বিতীয় দফা সভাপতি হিসেবে নির্বাচিত হন কামাল আহমেদ।
সোসাইটির সভাপতি হিসেবে জানালেন, অনেক কিছু করার ইচ্ছা থাকলেও নানা সীমাবদ্ধতায় করা হয়ে ওঠে না। জানালেন, সোসাইটিকে শক্তশালী করারা জন্য সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। সংগঠনের তহবিল বৃদ্ধি করা হয়েছে, নিউইয়র্কে বাংলাদেশই শিশুদের জন্য বাংলা স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে। এর মধ্যে দেশে নানা বিপর্যয়ে, এমনকি সাম্প্রতিক রোহিঙ্গা সমস্যায় নিউইয়র্ক থেকে পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়েছে। সোসাইটির উদ্যোগে প্রবাসে সব জাতীয় দিবস পালন করা হয়। নতুন অভিবাসীদের সাহায্য প্রদান করা হয়। নতুন অভিবাসী হিসেবে আসার জন্য বহু জনকে স্পনসর ব্যবস্থা করে দেওয়ার কথা জানালেন কামাল আহমেদ।
নিজে মূলধারার রাজনীতিতে আগ্রহই না হলেও মনে প্রাণে চান, নিউইয়র্কে বাংলাদেশই কমিউনিটি যেন আমেরিকার মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হয়। এ নিয়ে নিজের পক্ষ থেকে, সংগঠনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়ার কথা জানালেন তিনি। নিউইয়র্কের কোনো কোনো এলাকায় অচিরেই মূলধারার রাজনীতিতে বাংলাদেশির সাফল্য আসবে বলে আশাবাদের কথা জানালেন। কামাল আহমেদ বলেন, ‘আমাদের যে করেই হোক নিজেদের ঐক্য সংহত রাখতে হবে। নিজেরা সংগঠিত থাকলেই এগিয়ে যাওয়া সহজ হবে।’
নিউইয়র্কে স্বদেশিদের নানা সংগঠন, বিভক্তি নিয়েও কথা বললেন কামাল আহমেদ। বললেন, সংগঠিত হওয়ার মধ্যে দোষের কিছু নেই। এসব কমিউনিটি সংগঠন ছোট বড় অনেক কাজ করে থাকে। একজনের বিপদে আপদে অন্যজন পাশে দাঁড়ায়। যদিও বিভক্তি নানা বিবাদ সৃষ্টি করে উল্লেখ করে জানালেন, বেশকটি সংগঠনের বিভক্তি দূর করতে নিজেরা ভূমিকা রাখছেন।
নিত্যদিন কমিউনিটির সেবায় অন্তপ্রাণ কামাল আহমেদ জানালেন, সোসাইটিকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন তাঁর। এ কাজে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।