কমিউনিটির ভালোবাসায় আপ্লুত
একই দিনে তিন বাংলাদেশি তরুণের দুর্ঘটনায় করুণ মৃত্যু নাড়া দিয়েছে বাঙালি কমিউনিটিকে। নিউইয়র্কে শোকের ছায়া নেমে এসেছে। দূর–দূরান্ত থেকে নানাভাবে শোক জানিয়েছেন অনেকেই। ইতিমধ্যেই প্রথম আলো উত্তর আমেরিকার সাংবাদিক ও লেখক রহমান মাহবুবের ছেলে মারযান রহমানের দাফন সম্পন্ন হয়েছে। ৭ আগস্ট জুমার নামাজের পর নিউইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টারে মরহুমের জানাজা সম্পন্ন হয়।
কিছু কথা না লিখলেই নয়। কমিউনিটির মানুষের প্রতি আমাদের ভালোবাসা। প্রথম আলো উত্তর আমেরিকা সংস্করণের যাত্রা খুব বেশি দিনের নয়। সেই তখন থেকেই আমাদের চেষ্টা থাকে, বাঙালি কমিউনিটির সুখ–দুঃখের খবর মানুষের কাছে তুলে ধরা। পাঠকের ভালোবাসা পেয়ে প্রথম আলো এরই মধ্যে কমিউনিটির পছন্দের শীর্ষে। এই দায়বদ্ধতা থেকেই করোনাকালে ছাপা পত্রিকা বের করে কমিউনিটির মানুষের পাশে থাকবার সাহস করেছে। ছাপা পত্রিকা পাঠকের কাছে পৌঁছে দিয়েছে। প্রতিকূল পরিবেশেও যতটুকু সম্ভব মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাজা ও সঠিক খবর সংগ্রহ করেছে। ছাপা ও অনলাইনে করনাকালে বাংলা সংবাদ পাঠকের জন্য প্রথম আলো উত্তর আমেরিকা অন্যতম গন্তব্য হয়ে উঠেছিল। আস্থা ও বিশ্বাস কুড়ানোর সর্বোচ্চ প্রয়াস ছিল।
প্রথম আলো উত্তর আমেরিকার যেকোনো অনুষ্ঠানে কমিউনিটির সপ্রাণ উপস্থিতি বারবার প্রমাণ করেছে, ভালোবাসার উচ্ছ্বাস কতটা গভীর।
করোনা সংক্রমণের ভয় থাকা সত্ত্বেও সাংবাদিক লেখক রহমান মাহবুবের ছেলে মারযান রহমানের জানাজায় লোকজনের উপস্থিতি দেখে আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারছিলাম না। আমাদের জড়িয়ে ধরে লোকজন কেঁদেছেন। একজন স্বজনের ব্যক্তিগত বেদনা আমাদের সবার ব্যক্তিগত বেদনায় একাকার হয়ে গেছে। লেখালেখি করে এত মানুষের ভালোবাসা আদায় করা সহজ কাজ নয়। অনেকেই জানাজার নির্দিষ্ট জায়গা না পেয়ে নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে থেকে দোয়া করেছেন। পাশে দাঁড়িয়ে অশ্রুপাত করেছেন। রহমান মাহবুবের সঙ্গে পৃষ্ঠা ভাগ করা একজন হিসেবে কমিউনিটির মানুষের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা আমাদের জানা নেই। কোভিড-১৯-সংক্রান্ত বিধিনিষেধ থাকা সত্ত্বেও জ্যামাইকা মুসলিম সেন্টার এলাকায় জানাজায় লেখক, সাংবাদিক ও কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিরাসহ অসংখ্য মানুষ অংশ নেন। এ সময় মসজিদের বাইরের সড়ক বন্ধ করে দিতে হয়। মারযান রহমানের সহপাঠী ও সহকর্মীদের উপস্থিতি ছিল অনেক। বেলা ১২টার বেশ আগে থেকেই মানুষের ঢল নামে জ্যামাইকা মুসলিম সেন্টারে।
আমি জ্যামাইকা মুসলিম সেন্টারের একই ব্লকে থাকি। তাই, করোনাকালে জানাজায় এত মানুষের ঢল আর কোনো চোখে পড়েনি। একই দিনে আরও দুইটা জানাজা থাকা সত্ত্বেও জ্যাকসন হাইটস, ব্রুকলিন, উডসাইড, লং আইল্যান্ড, নিউজার্সি, কানেকটিকাট, ফিলাডেলফিয়া থেকে পরিচিতজনরা এসেছেন দোয়া করতে। অকালে ঝরে যাওয়া তরুণ সন্তানের পরিবারের প্রতি ভালোবাসা জানাতে। জ্যাকসন হাইটসের অনেকেই তাদের দোকান বন্ধ করে এসেছেন। এসেছেন মারজানের বন্ধু, সহপাঠীসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ। দাফনের জন্য নির্দিষ্ট সময় বাঁধা থাকায় মাহবুব রহমান ও ইব্রাহীম চৌধুরী অনেকের সঙ্গে দেখা বা সৌজন্য সাক্ষাৎ করতে পারেননি। তাদের তাড়াহুড়ো করে কবরস্থানে চলে যেতে হয়েছে। এই কয়দিনে হাজারো বন্ধু, স্বজন ফোনকল ও মেসেজের মাধ্যমে সমবেদনা জানিয়েছেন। সাবেক ছাত্র নেতা, কমিউনিটির সংগঠক হিসেবে পরিচিত রহমান মাহবুবের বেদনার ভাগ নিয়েছেন সবাই। তাঁর সহকর্মী, সহযাত্রী, অনুরাগী, সতীর্থরা। অনেকেই ব্যস্ত সময়ের মধ্যে সময় বের করে মাহবুব রহমানের বাসায় দেখা করে সমবেদনা জানিয়েছেন। এই ভালোবাসার ও শ্রদ্ধার কোনো প্রতিদান হয় না।
আমরা এই কমিউনিটির সামান্য মানুষ। এমন সহমর্মিতা আর ভালোবাসায় আমরা আপ্লুত। কমিউনিটির লোকজন যেভাবে আমাদের দুঃখের দিনে ছুটে এসেছেন, তার জন্য আমি প্রথম আলো উত্তর আমেরিকা পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। সহমর্মিতা আর ভালোবাসার এ ঋণ আমরা বয়ে বেড়াব। আমরা বয়ে বেড়াব, আমাদের সন্তান মারযান রহমানের স্মৃতি।