কমিউনিষ্টরা মে দিবস পালন করে!

মহান মে দিবস। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। রক্তঝরা সংগ্রামের পথ পেরিয়ে দিনটি আজ সারা বিশ্বের শ্রমিকদের কাছে এক গৌরবময় দিন। শ্রমিকেরা আট ঘণ্টা কাজের অধিকারের দাবিতে যুক্তরাষ্ট্রের সব শিল্পাঞ্চলে ধর্মঘটের ডাক দিয়েছিলেন ১৮৮৬ সালের এই দিনে। শিকাগোর হে মার্কেটের সামনে বিশাল শ্রমিক জমায়েত ও বিক্ষোভ হয়েছিল। পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলেন ১১ জন অধিকার আদায়ে লড়াকু শ্রমিক। হে মার্কেটের শ্রমিক বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল সমস্ত যুক্তরাষ্ট্র জুড়ে। তীব্র আন্দোলনের মুখে শ্রমিকদের দৈনিক আট ঘণ্টা কাজের দাবি মেনে নিতে বাধ্য হয় যুক্তরাষ্ট্র সরকার।
শ্রমিকদের আত্মত্যাগের স্মরণে ১৮৮৯ সালে প্যারিসে অনুষ্ঠিত ২য় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলন। দিনটিকে ‘মে দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্বের সব দেশেই আজ পালিত হচ্ছে দিবসটি। আন্দোলনের উৎস যে দেশ, যেখান থেকে শ্রমিকদের অধিকার আদায়ের লড়াইটা শুরু হয়েছিল-সে দেশটিতে ১লা মে তেমন একটা পালন হয় না। যুক্তরাষ্ট্রে সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার পালিত হয় ‘লেবার ডে’ হিসেবে। যুক্তরাষ্ট্রের লেবার ডে-তে শ্রমিকদের অধিকার নিয়ে তেমন আলোচনা হয় না। এ নিয়ে শ্রমিকদেরও তেমন উচ্চবাচ্যে নেই। পালন করা হয় সরকারি ছুটি আর ব্যবসা-বাণিজ্যে নানা মূল্যছাড়ের উৎসবের মধ্য দিয়ে। ১ মে পুরো যুক্তরাষ্ট্রে আরেকটি স্বাভাবিক কর্ম দিবস।
মে দিবস কি? এই প্রশ্ন করা হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কর্মরত নানান পেশার কয়েকজন শ্রমিককে। প্রথম আলো উত্তর আমেরিকার পক্ষ থেকে অনেকেই মে দিবসের প্রশ্ন শুনে বিভ্রমে পড়েন।
ভারতীয় অভিবাসী ২৭ বছর বয়সী গোরবিন্দ পাল সিং পাঁচ বছর ধরে একটি ফাস্ট ফুড দোকানে কাজ করছেন। বর্তমানে ম্যানেজারের দায়িত্বে থাকা গোরবিন্দ এই প্রশ্নের উত্তরে বলেন, ‘আমি কোনো দিন মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবসের কথা শুনিনি। আমার ক্যালেন্ডারে পর্যন্ত মে দিবস সম্পর্কে কিছু লেখা নেই। লেবার ডের কথা জানি। সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার লেবার ডে পালন করা হয়। ওই দিন আমাদের দোকানও বন্ধ থাকে।
সালভাদরের অভিবাসী ৩২ বছরের হুজে ইউপিএস-এর গাড়ি চালান ১২ বছর ধরে। কারিগরি একটি বিষয়ের ওপর ডিপ্লোমা করা হুজে বলেন, ‘আমার দেশে অথবা এখানে কেউ কোনো দিন এই বিষয়ে বলেনি। দৈনিক ১২ ঘণ্টা কাজ করে এতটা খোঁজ রাখতে পারি না—বলেই গাড়ি চালাতে শুরু করেন তিনি।
চীনা বংশোদ্ভূত ৪০ বছর বয়সী চ্যাং ১৭ বছর বয়সে কাজ শুরু করেছিলেন। এখানকার কলেজ থেকে পড়া-লেখা শেষ করে গত ১৪ বছর ধরে নিউইয়র্ক পুলিশে কাজ করছেন। এই প্রশ্নের উত্তরে চ্যাং বলেন, ‘এই প্রথম কোনো ব্যক্তি আমার সঙ্গে এই বিষয়ে আলাপ করেছে। আমি এখন মে দিবস সম্পর্কে জানার চেষ্টা করব।’
ম্যাক্সিকান অভিবাসী ৫২ বছরের নারী নিকোলাস রাতের শিফটে ট্যাক্সি চালান। এর আগে নানান পেশায় কাজ করা নিকোলাস বলেন, ‘আমি মে দিবসের কথা শুনেছি, কিন্তু এ বিষয়ে কিছু জানি না।’
বাংলাদেশি অভিবাসী ৩৭ বছর বয়সী শাহিন আক্তার পাঁচ বছর ধরে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছেন। তিনি বলেন, ‘এখানে কোনো দিন মে দিবসের কথা শুনিনি। বাংলাদেশে থাকতে দেখেছি, কমিউনিস্টরা মে দিবস পালন করত। এ বিষয়ে বিস্তারিত জানি না। তবে আমার মনে হয় শ্রমিকেরা তাদের অধিকার আদায়ের জন্য এবং ন্যায্য মজুরি পাওয়ার জন্য এই দিবস পালন করে থাকে।’