কমিটিবিহীন ইসলামী বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমেরিকাপ্রবাসী ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা
আমেরিকাপ্রবাসী ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা

আমেরিকাপ্রবাসী বাংলাদেশের ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের ঘোষণা দিয়েছেন। ১৫ অক্টোবর সন্ধ্যায় নিউইয়র্ক নগরের জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টের পার্টি হলে আনুষ্ঠানিকভাবে এ সংগঠনের আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হয়।
সংগঠনটির ব্যতিক্রমধর্মী বৈশিষ্ট্য হলো, এ সংগঠনের কোনো কমিটি নেই। নেই কোনো সভাপতি কিংবা আহ্বায়ক। ফোন ও ফেসবুকের মাধ্যমে অনুষ্ঠানের খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা জড়ো হন।
কেন কোনো কমিটি গঠন করা হয়নি জানতে চাইলে জনৈক উদ্যোক্তা বলেন, কমিটি হলেই ভাঙন সৃষ্টি হয়। তাই আমাদের সংগঠনে কোনো সভাপতি/আহ্বায়ক কিংবা অন্য কোনো পদ নেই। আমরা সবাই সমান। সমান উদ্যোগ নিয়েই আমরা কাজ করব। কেউ কারও ওপর খবরদারি করার সুযোগ নেই।
১৫ অক্টোবর সন্ধ্যায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা ‘ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন’ ব্যানারে রেস্টুরেন্টের পার্টি হলে জড়ো হন। প্রবাসী নতুন ও পুরোনো ছাত্র-ছাত্রী এবং তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে পার্টি হল মিলনমেলায় পরিণত হয়। ফেসবুক গ্রুপ থেকে অনুষ্ঠানের কথা জানতে পেরে নিউইয়র্কের আপস্টেট ও আলবেনি থেকে সাবেক শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন সাবেক শিক্ষার্থী ও বর্তমানে সহযোগী অধ্যাপক মুনশি মুর্তজা আলী, মো. আরিফুল ইসলাম বাপ্পী, মাসুমা রহমান ও মো. আমিরুল ইসলাম।
অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন ব্যারিস্টার গোলাম মোস্তফা, রাশেদুর রহমান, জান্নাত আরা ও শফিকুল ইসলাম মিয়া, শিশির বিনতে, মো. আবদুল মান্নান, মো. কামরুল হাসান মিদুল, আবদুল্লাহ জুবায়ের, আশিক এলাহী, মো. তৈয়বুর রহমান, সামিয়া রহমান মিতা, আলী রেজা, ইয়াসমীন রেজা, শাহ আরিফ, শিরিন শিলা ও লাবনী রফিক, মুফতি আবদুল মালিক ও দেবর্ষী চাকমা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুড অ্যান্ড নিউট্রিশন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সেলিম রেজা।
অনুষ্ঠানের শুরুতে ছিল সাবেক ছাত্র-ছাত্রীদের পরিচয় পর্ব। নিজেদের পরিচয় দিতে গিয়ে অনেকেই আবেগাপ্লুত হন। পরিচয় পর্ব শেষে প্রবাসে ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
অনেকেই মনে করেন, কমিটিবিহীন ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন প্রবাসের বহুধা-বিভক্ত অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর জন্য অনুকরণীয় উদাহরণ হতে পারে।