কম্পিউটার সায়েন্স ডিগ্রি বনাম সার্টিফিকেশন
কম্পিউটার সায়েন্সের ডিগ্রি শুরুতে গণিতের একটি শাখা ছিল। কিন্তু আজ এ শাখাই বিজ্ঞানের একটি স্বাধীন বিষয়ে পরিণত হয়েছে। ফলে কম্পিউটার সায়েন্সে ডিগ্রি ও এ বিষয়ে সার্টিফিকেটের মধ্যে বেশ পার্থক্য তৈরি হয়েছে।
মার্কিন শিক্ষাব্যবস্থায় কম্পিউটার সায়েন্স ডিগ্রি অর্জন করতে হলে জেনারেল স্টাডিজ দিয়ে শুরু করতে হয়; শেষ করতে হয় জটিল তত্ত্বীয় গণিত দিয়ে। এটি একটি দীর্ঘ পথ, যা পাড়ি দিতে গিয়ে অনেক শিক্ষার্থী হিমশিম খায়। আবার অনেকে বিভিন্ন প্রোজেক্ট-কেন্দ্রিক চাপে পড়ে শেষ পর্যন্ত গণিতকে আপন করে নেয়। আবার কেউ রয়েছে, যারা দুটি ডিগ্রিই একসঙ্গে অর্জন করে নেয়।
আমেরিকায় কম্পিউটার সায়েন্সের জন্য যে জেনারেল স্টাডিজ, তা অন্য ইঞ্জিনিয়ারিং বিষয়ের মতোই। তাই শুরু থেকেই উচ্চ লেভেলের ক্লাস দিয়ে শুরু করতে হয়। এ জন্য প্লেসমেন্ট টেস্টে খুব ভালো করতে হয়। প্লেসমেন্ট টেস্ট যেকোনো কমিউনিটি কলেজ বা বিশ্ববিদ্যালয়ে দেওয়া যায়। কম্পিউটার সায়েন্স ডিগ্রির জন্য সব মিলিয়ে ১২০ ক্রেডিট সম্পন্ন করতে হয়। ক্রেডিটের হিসাবটা অবশ্য সব সময় এক থাকে না। যেমন, আমার ফিজিক্যাল ওয়েলন্যস ক্লাস দুই ক্রেডিট আওয়ার, ক্যালকুলাস-২০১ চার ক্রেডিট আওয়ার, আবার প্রোগ্রামিং-১ ছিল চার ক্রেডিট আওয়ারের। অন্যদিকে থিওরি অব কম্পিউটেশন ছিল তিন ক্রেডিট আওয়ারের। এভাবে সব মিলিয়ে যখন ১২০ ক্রেডিট আওয়ার একজন শিক্ষার্থী সম্পন্ন করেন, তখনই তাঁর পক্ষে কম্পিউটার সায়েন্স ডিগ্রি অর্জন সম্ভব হয়।
এদিকে কম্পিউটার সার্টিফিকেট বলতে একটি নির্দিষ্ট বিষয়কেই বোঝানো হয়। যখন একজন শিক্ষার্থী কম্পিউটার সায়েন্স ডিগ্রি অর্জন করেন, তখন ওই শিক্ষার্থীর কম্পিউটার সায়েন্সের অলিগলি সব জানা থাকে। এ ক্ষেত্রে প্রোগ্রামিং, নেটওয়ার্কিং, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট, সিকিউরিটিসহ প্রতিটি ক্ষেত্র সম্পর্কেই তাঁর ভালো ধারণা থাকে। কিন্তু যারা সার্টিফিকেট অর্জন করেন, তাঁরা নির্দিষ্ট একটি বিষয় সম্পূর্ণভাবে রপ্ত করেন। এ ক্ষেত্রে ওই নির্দিষ্ট বিষয়টি যে কোম্পানি নিয়ে এসেছে, সেই কোম্পানির তত্ত্বাবধানেই শিক্ষার্থীকে পরীক্ষায় বসতে হয়। এই সার্টিফিকেট নির্দিষ্ট একটি মেয়াদ পর্যন্ত কার্যকর থাকে। যেমন, জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভা সার্টিফিকেট নিতে হয় ওরাকল থেকে। সত্যি বলতে সার্টিফিকেট পরীক্ষা বিশ্ববিদ্যালয় পরীক্ষা থেকে কিছুটা কঠিন। তবে লক্ষ্য ঠিক থাকলে কোনো কিছুই যে কঠিন নয়, তা কে না জানে।
কম্পিউটার সায়েন্স ডিগ্রি অর্জন অনেক সময় ও ব্যয়বহুল। একই সঙ্গে অনেক পরিশ্রমও করতে হয়। সুবিধা হলো, নির্দিষ্ট মেয়াদ না থাকায় এই ডিগ্রি নবায়নের প্রয়োজন পড়ে না। তুলনায় কম্পিউটার সায়েন্স সার্টিফিকেট অল্প সময়ে, অল্প খরচে ও অল্প পরিশ্রমে অর্জন যায়। তবে এই সনদ একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যবহারযোগ্য।