
প্রেসিডেন্ট বারাক ওবামার স্টেট অব ইউনিয়ন ভাষণ দেওয়ার আগেই শুরু হয়েছে বিতর্ক। মধ্যবিত্ত জনগণের জীবনমানের উন্নয়নের জন্য কর আইনের ব্যাপক সংস্কার চান প্রেসিডেন্ট ওবামা। এ সংস্কারের ফলে উচ্চবিত্তের কর বাড়বে। অপর দিকে রিপাবলিকানরা বলছে, কর্মসফল মানুষের ওপর করের বোঝা বাড়ানো হলে তাদের কর্মপ্রয়াসকে নিরুৎসাহিত করা হবে। থমকে পড়বে আমেরিকার অগ্রযাত্রা।
প্রেসিডেন্ট বারাক ওবামা আজ মঙ্গলবার রাতে কংগ্রেসের যৌথ অধিবেশনে স্টেট অব ইউনিয়ন ভাষণ দেবেন। প্রতিবছর একবার এ ভাষণ দেওয়া হয়। এবার ওবামা তাঁর বক্তব্যে আমেরিকার ধনী ও দরিদ্রের মধ্যে ফাঁরাক কমানোর আহ্বান জানাবেন।
হোয়াইট হাউস থেকে আগাম জানানো হয়েছে, প্রেসিডেন্ট ওবামা এবার কর আইনের গুরুত্বপূর্ণ সংস্কারের আহ্বান জানাবেন। উচ্চবিত্তের ওপর মুনাফা করের হার বৃদ্ধির প্রস্তাব করবেন। কর বাড়ানো হবে বড় বড় ব্যাংক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের ওপর। কর্মজীবীদের নিম্নতম মজুরি বাড়ানো হবে। সীমিত আয়ের লোকজনের জন্য করমুক্ত আয়ের নতুন সীমা ঘোষণা করা হবে। এশিয়ার বিভিন্ন দেশসহ আন্তর্জাতিক ক্ষেত্রে বাণিজ্যসুবিধা সম্প্রসারণ, যুক্তরাষ্ট্রের বর্ধিত বিনিয়োগসহ অংশীদারত্ব বৃদ্ধির আহ্বান জানানো হবে স্টেট অব ইউনিয়ন ভাষণে।
ভাষণে ওবামা অবৈধ অভিবাসীদের বৈধতা দেওয়ার জন্য তাঁর পরিকল্পনার কথা জানাবেন। সাইবার নিরাপত্তা জোরদার করার পদক্ষেপ ঘোষণা করবেন। জঙ্গিবাদ দমনে নতুন কর্মকৌশল গ্রহণের আহ্বান জানানো হবে। মধ্যবিত্ত জনগণের জীবনমান উন্নয়নের জন্য কর্মজীবীদের সবেতন ছুটি বাড়ানো হবে। নিম্ন মজুরির কর্মচারী ও ছোট ছোট প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য অবসরকালীন ভাতা প্রাপ্তির কর্মসূচি ঘোষণা করা হবে। এ ছাড়া ওবামা উচ্চশিক্ষার জন্য দুই বছরের কলেজ শিক্ষা অবৈতনিক করার ঘোষণা দেবেন।
রিপাবলিকানদের প্রস্তুতি: প্রেসিডেন্ট ওবামার এ ভাষণের জবাব দেওয়ার জন্য রিপাবলিকান দলের পক্ষÿথেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। ওবামার ভাষণের পরপরই রিপাবলিকান দলের বক্তব্য তুলে ধরবেন সিনেটর জনি আর্নেস্ট।