কর ফাঁকি নিয়ে ফের বেকায়দায় পড়ছেন ট্রাম্প

একের পর এক যৌন হয়রানির অভিযোগে নির্বাচন থেকে একপ্রকার ছিটকে পড়তে যাচ্ছিলেন ট্রাম্প। এ অবস্থায় প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের ই-মেইল বিতর্ক নিয়ে নতুন করে তদন্ত শুরুর ঘোষণা ট্রাম্পকে প্রতিযোগিতায় ফিরিয়ে এনেছে। গত শুক্রবার এফবিআইয়ের প্রধান ওই ঘোষণা দেওয়ার পর জনসমর্থনে প্রায় কাছাকাছি চলে এসেছিলেন ট্রাম্প। কিন্তু আবার বেকায়দায় পড়তে যাচ্ছেন তিনি। নিউইয়র্ক টাইমস গত সোমবার জানিয়েছে, কর ফাঁকি দিতে সম্ভবত আইন লঙ্ঘন করেছিলেন ট্রাম্প।
রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ নতুন নয়। তবে আগে অভিযোগ উঠেছিল আইনের ফাঁকফোকরের সুযোগ নিয়েই তিনি কর ফাঁকি দিয়েছিলেন। এবার অনুসন্ধানী প্রতিবেদনে নিউইয়র্ক টাইমস জানাচ্ছে, ট্রাম্প নিজের ব্যবসায় প্রায় ৯০ কোটি ডলারের লোকসান দেখিয়ে যেভাবে আয়কর না দিয়ে পার পেয়ে যান, তা সম্ভবত বেআইনি ছিল। আটলান্টিক সিটিতে তাঁর ক্যাসিনোতে ঋণ বাতিলের জন্য ট্রাম্প আয়কর দেওয়ার বদলে কার্যত মূল্যহীন ‘পার্টনারশিপ ইকুয়েটি’ হাত বদল করেন।
নিউইয়র্ক টাইমস-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়, কেউ যাতে এই পথে আয়কর ফাঁকি না দিতে পারেন, সে জন্য ২০০৪ সালে মার্কিন কংগ্রেস একটি আইন পাস করে। ট্রাম্পের আইনজীবীরাও তাঁকে জানিয়েছিলেন, এই পথে আয়কর ফাঁকি দেওয়া যায় না।
অন্যদিকে, ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন ই-মেইল নিয়ে ঝড় সামলানোর চেষ্টা করছেন দুইভাবে। মুখে তিনি এফবিআইয়ের প্রধান জেমস কোমির বিরুদ্ধে সরাসরি কোনো সমালোচনার বদলে ই-মেইলবিষয়ক তদন্ত নিয়ে
সব তথ্য অবিলম্বে প্রকাশের দাবি জানিয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচিত হলে কোমিকে নিয়ে তাঁর কাজ করতে হবে, এফবিআইয়ের প্রধান হিসাবে কোমির মেয়াদ শেষ হতে আরও সাত বছর বাকি। স্বভাবতই তিনি চান না তাঁদের সম্পর্ক এখনই তিক্ত হয়ে পড়ুক। অন্যদিকে নিজে না বলে দলের অন্য কর্মকর্তাদের মাধ্যমে কোমির বিরুদ্ধে তীব্র সমালোচনা চালিয়ে যাচ্ছেন।
চাপের মুখে পড়ে কোমিও যত দ্রুত সম্ভব এসব ই-মেইল পরীক্ষা করে দেখার জন্য অতিরিক্ত কর্মী নিয়োগ করেছেন। একটি বিশেষ কম্পিউটার প্রোগ্রাম ব্যবহার করা হচ্ছে, যার মাধ্যমে সন্দেহজনক ই-মেইল আলাদা করে চিহ্নিত করা সম্ভব। বিচার বিভাগ এ কাজে অতিরিক্ত জনবল ব্যবহার করলেও নির্বাচনের আগে সমীক্ষা শেষ হবে বলে মনে হয় না। নিরীক্ষাকাজের সঙ্গে যুক্ত এমন দুজন কর্মকর্তার বরাত দিয়ে লস অ্যাঞ্জেলেস টাইমস জানিয়েছে, সব ই-মেইল পরীক্ষা করে দেখতে কয়েক সপ্তাহ লাগবে।
গত শুক্রবার কোমি জানিয়েছিলেন, সরসারি হিলারির ই-মেইল বিতর্কের সঙ্গে জড়িত না হলেও তাঁরা আরও কিছু ই-মেইল পেয়েছেন, যা ওই বিতর্কের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে। কাজেই এ নিয়ে তাঁরা আবার তদন্ত শুরু করতে যাচ্ছেন।
হিলারির বিরুদ্ধে অভিযোগ, তিনি পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় সরকারি সার্ভারের পরিবর্তে ব্যক্তিগত সার্ভারে সরকারি গুরুত্বপূর্ণ নথি চালাচালি করেন। অভিযোগ তদন্ত করে গত জুলাই মাসে এফবিআই বলেছিল যে এখানে অপরাধমূলক কিছুই পায়নি তারা।
এবার জানা গেছে, হিলারির দীর্ঘদিনের ব্যক্তিগত সহকারী হুমা আবেদিনের কাছে প্রায় ৬ লাখ ৫০ হাজার নতুন ই-মেইলের সন্ধান পেয়েছে এফবিআই। এরপরই তদন্ত শুরুর সিদ্ধান্ত নেন কোমি। কিন্তু নির্বাচনের মাত্র ১০ দিন আগে নেওয়া তাঁর এই সিদ্ধান্ত সঠিক হয়নি, এই অভিযোগ এখন ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের নেতারাই করছেন।
এফবিআই তাদের তদন্তে কোনো কিছুই খুঁজে পায়নি, সে কথা উল্লেখ করে সোমবার হিলারি বলেন, ‘আমার নিশ্চিত বিশ্বাস, এবারও এফবিআই একই সিদ্ধান্তে পৌঁছাবে। এখানে নতুন করে তদন্তের কিছু নেই। আমার ধারণা, এই তদন্ত নিয়ে দেশের মানুষ যার যার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে।’
প্রেসিডেন্ট ওবামা এখন পর্যন্ত এই তদন্ত বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি। সোমবার হোয়াইট হাউস জানিয়েছে, তিনি এই তদন্তের পক্ষেও নন, বিপক্ষেও নন। তাঁর একজন মুখপাত্র বলেন, ওবামা মনে করেন না যে কোমি কোনো একজন প্রার্থীকে জিতিয়ে দেওয়ার কোনো গোপন চক্রান্তে লিপ্ত রয়েছেন। উল্লেখযোগ্য যে আইনজীবী কোমিকে ওবামা ২০১৩ সালে ১০ বছর মেয়াদের চুক্তিতে এফবিআইয়ের প্রধান হিসেবে নিয়োগ দেন।
অধিকাংশ বিশ্লেষক মনে করেন, এই তদন্ত থেকে নতুন কোনো ‘সাপ’ ফণা তুলে বেরিয়ে আসার আশঙ্কা কার্যত শূন্য। হুমা আবেদিনের কাছে যে ই-মেইলগুলো পাওয়া গেছে, তা সম্ভবত পূর্বে নিরীক্ষিত ই-মেইলের কপি। নতুন কোনো সন্দেহজনক ই-মেইল পাওয়া গেলেও হিলারি ইচ্ছাকৃতভাবে ‘গোপনীয়’ তথ্য ব্যবহারে সরকারি নিয়মের লঙ্ঘন করেছেন, এ কথা প্রমাণ খুব সহজ হবে না। কোমি জুলাই মাসে কংগ্রেসকে জানিয়েছিলেন, হিলারি ই-মেইল ব্যবহারের ব্যাপারে ‘অত্যন্ত অমনোযোগী ছিলেন’ কিন্তু এর কোনোটাই ইচ্ছাকৃত ছিল না।
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, এই তদন্তের ফলে নির্বাচনে কী প্রভাব পড়বে? এনবিসি কর্তৃক গৃহীত সর্বশেষ জাতীয় জনমত জরিপ অনুসারে, ট্রাম্পের চেয়ে হিলারি এখনো ৬ পয়েন্টে এগিয়ে (৪৭%—৪১%)। ১৫ দিন ধরে হিলারির এই সুবিধাজনক অবস্থা অব্যাহত রয়েছে। তবে ভিন্ন একাধিক জরিপে তাঁরা হয় সমান-সমান, অথবা হিলারি ১-২ পয়েন্টে এগিয়ে। ওহাইও ও ফ্লোরিডা ছাড়া অধিকাংশ ‘ব্যাটেলগ্রাউন্ড’ অঙ্গরাজ্যে হিলারি এখনো এগিয়ে রয়েছেন।
ফ্লোরিডায় এগিয়ে থাকার সুবাদে ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সম্ভাবনা আগের চেয়ে কিছুটা উজ্জ্বল হয়েছে। এই অঙ্গরাজ্যের মোট ২৯টি ইলেক্টোরাল ভোট অর্জনে সক্ষম হলে তাঁর প্রয়োজনীয় ২৭০টি ইলেক্টোরাল ভোট সংগ্রহের একটি পথ খুলে যায়। তবে ফ্লোরিডায় জিতলেও চূড়ান্ত সাফল্যের জন্য তাঁকে আরও আধা ডজন অঙ্গরাজ্যে জয়লাভ করতে হবে। এটি অসম্ভব নয়, বিশেষত যদি তাঁর দিকে পাল্লা ভারী হওয়ার চলতি লক্ষণ অব্যাহত থাকে। সে তুলনায় হিলারির বর্তমান অবস্থা অনেক বেশি সন্তোষজনক। গত ২০ বছরে প্রতিটি প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীরা যে ১৮টি অঙ্গরাজ্য জয় করেছেন, তার প্রতিটিতেই হিলারি বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। এঁদের সঙ্গে ফ্লোরিডার ২৯টি ভোট যুক্ত করলেই তিনি ২৭১টি ইলেক্টোরাল ভোট পেয়ে যান।