করদাতাদের কাছে আইআরএসের চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনভিজ্ঞ আয়কর পেশাজীবীদের মাধ্যমে আয়কর বিবরণী দাখিল করায় জরিমানাসহ চিঠি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ইন্টারনাল রেভিনিউ সার্ভিস (আইআরএস)। আইআরএসের চিঠি পেয়ে করদাতারা দিশেহারা হয়ে পড়েছেন।
বিড়ম্বনায় পরা এসব করদাতা প্রবাসীদের অভিজ্ঞ আইআরএস পেশাজীবী ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে করণীয় নির্ধারণের পরামর্শ দেওয়া হয়েছে। আতঙ্কিত না হয়ে সংশ্লিষ্টদের যথাযথ পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে পেশাজীবীদের পক্ষ থেকে।
আইআরএস ২০১৭ সালের আয়-ব্যয় হিসাব ও আয়কর দাখিলের সময় সীমা নির্ধারণ করে দেয়। চলতি বছরের ১৯ জানুয়ারি থেকে আয়কর দাখিল শুরু হয়। আগামী ১৯ এপ্রিল পর্যন্ত আয়কর দাখিল করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এরপরও আয়কর দাখিল করা যাবে। এ ক্ষেত্রে আইআরএসের নীতিমালা অনুসরণ করতে হবে অথবা নির্দিষ্ট জরিমানা দিয়ে আয়কর দাখিল করা যাবে। 

নিউইয়র্কের পেশাজীবীদের কাছ থেকে জানা গেছে, ২০১৭ সালের আয়-ব্যয়ের হিসাব নিয়ে লক্ষাধিক বাংলাদেশি ইতিমধ্যে আয়কর দাখিল করেছেন। করদাতাদের হিসাব-নিকাশে গরমিল পাওয়ার অভিযোগে প্রায় অর্ধশত বাংলাদেশিকে জরিমানাসহ চিঠি দিয়েছে আইআরএস।
ক্যাবি চালক এস্টোরিয়ার জামাল উদ্দিন ৯৬ হাজার ৭৭৪ ডলারের আয়কর দাখিল করেছেন। আয়-ব্যয় হিসাব নিকাশ শেষে ৮ হাজার ৫২৪ ডলারের কর দিয়েছেন তিনি। বাকি ডলার বিভিন্ন খাতে খরচ দেখিয়েছেন। এতে আইআরএসের সন্দেহ হলে ৩৫ হাজার ডলার অতিরিক্ত আয়কর সংযুক্ত করে এবং একই সঙ্গে ৭ হাজার ৬০০ ডলার জরিমানাসহ ৪২ হাজার ৬০০ ডলার পরিশোধের জন্য চিঠি দেয় তাঁকে। চিঠি পেয়ে জামাল উদ্দিন হতবাক হয়ে পড়েন।
জামাল উদ্দিন বলেন, ‘আমার কাছে আয়-ব্যয়ের সব ডকুমেন্ট আছে। কিন্তু আমি যার মাধ্যমে আয়কর দাখিল করেছি তিনি অনভিজ্ঞ। তাই আমার এ সর্বনাশ হয়েছে।’
ব্রুকলিনের ফুড ভেণ্ডার আরিফুল ইসলাম আয়কর দাখিল করেছেন ৭৬ হাজার ৯১৯ ডলারের। রেভিনিউ সার্ভিসকে আয়কর দিয়েছেন ৭ হাজার ডলারের। বাকি ডলার তিনি খরচ দেখিয়েছেন। তিনিও আইআরএসের চিঠি পেয়েছেন। তাঁকে অতিরিক্ত ২৬ হাজার ডলার এবং ৪ হাজার ডলার জরিমানাসহ মোট ৩০ হাজার ডলার পরিশোধের জন্য চিঠি দেওয়া হয়েছে।
অপর দিকে জ্যাকসন হাটইটসের ক্যাবি চালক মো. আতাউল্যাহ আইআরএস থেকে চিঠি পেয়েছেন। তাঁর গত বছর সর্বমোট আয় ছিল ৭৯ হাজার ৩৪৩ ডলার। তিনি ৬ হাজার ৫০০ ডালারের বেশি আয়কর দিয়েছেন। বাকি ডলার বিভিন্ন খাতে খরচ দেখিয়েছেন। তবু আইআরএস অতিরিক্ত ১৮ হাজার ৫২৮ ডলার ও ৩ হাজার ৭০৫ ডলার জরিমানা করেছে। মোট ২২ হাজার ২৩৩ ডলার পরিশোধের জন্য তিনি চিঠি পেয়েছেন।
এ প্রসঙ্গে আতাউল্যাহ বলেন, ‘আয়কর পেশাজীবীকে কম ফি দেওয়ার জন্য অনভিজ্ঞ প্রিপেয়ারের কাছে যাওয়ার কারণে আমার এ সর্বনাশ হয়েছে।’
একই ভাবে ব্রঙ্কস, ব্রুকলিন, জ্যামাইকা, লং আইল্যান্ডসহ প্রায় অর্ধশত আয় করদাতা আইআরএস থেকে চিঠি পেয়েছেন। অনেকেই আতঙ্কে আছেন কখন আইআরএস থেকে চিঠি পান।
আইআরএস থেকে জরিমানার অর্থ পরিশোধের চিঠি প্রাপ্তি প্রসঙ্গে আয়কর বিশেষজ্ঞ কর্ণফুলী ট্যাক্সের স্বত্বাধিকারী এনরোল এজেন্ট মোহাম্মদ হাসেম বলেন, এ রকম অনেকেই চিঠি পাচ্ছেন। এর কারণ হচ্ছে আয়কর প্রিপেয়ারের অনভিজ্ঞতা এবং আয়কর তথ্যে দাতার সঠিক আয়-ব্যয়ের তথ্য না দেওয়া। যার কারণে আরআরএসের সন্দেহ হলে তখন তারা চিঠি দিচ্ছে।
চিঠি পাওয়ার পর করণীয় প্রসঙ্গে মোহাম্মদ হাসেম বলেন, যেকোনো সিপিএ, এনরোল এজেন্ট অথবা সার্টিফায়েড অ্যাকাউনট্যান্টসহ সংশ্লিষ্টরা প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আইআরএসে গিয়ে সঠিক তথ্য দাখিল করলে জরিমানা মওকুফ হওয়ার সম্ভাবনা আছে।
আয়কর প্রিপেয়ার অ্যাকাউনট্যান্ট সাউথইস্ট গ্রুপের ব্যবস্থাপক অধ্যাপক এহতেশামুল হক বলেন, আয়কর দাতা চিঠি পেলে সহজেই আইআরএস ডলার আদায় করতে পারবে না। এখানে বহু সময় এবং প্রক্রিয়ার ব্যাপার রয়েছে।
আয়কর বিশেষজ্ঞ এনরোল এজেন্ট ওয়াহিদ শাহির বলেন, আমেরিকায় যেকোনো বিষয়ে সুনির্দিষ্ট নিয়মনীতি রয়েছে। আয়কর দাতা আইআরএস থেকে চিঠি পেলেই ভয় পাওয়ার কিছু নেই। এ সব বিষয়ে অনেক আইনি প্রক্রিয়া আছে। তাই তিনি চিঠি পেলে সংশ্লিষ্ট পেশাজীবীদের সহযোগিতা নেওয়ার পরামর্শ দিয়েছেন