করদাতার প্রতিটি উপার্জন জানতে চায় আইআরএস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমেরিকায় আগামী বছর থেকে আয়কর দাখিলের ক্ষেত্রে নতুন করে জটিলতার মুখে পড়তে হবে কর দাতাদের। অভ্যন্তরীণ রাজস্ব সেবা প্রতিষ্ঠান বা আইআরএসের নতুন নীতিমালার কারণে আইনি জটিলতায় পড়বেন অনেকে। এতে আরও বেশি আয়কর দাতা ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে আশঙ্কা করছেন বিশেজ্ঞরা।
চলতি অর্থ বছরে আয়কর দাতাদের অনেকে ট্যাক্স রিফান্ড বা আয়কর থেকে অর্থ ফেরতের পরিমাণ দেখে হতাশ হয়েছেন। কর দাতারা সব সময় আয়কর দাখিলের পর বড় অঙ্কের অর্থ ফেরত পেতে অভ্যস্ত। অবশ্য চলতি বছর বিশেষজ্ঞরা আগেই কর দাতাদের সতর্ক করে দিয়েছিলেন, আইআরএসের নতুন আইনি জটিলতার কারণে এবার অনেক ব্যক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে।

আয়কর বিশেষজ্ঞরা বলছেন, আইআরএস বদলে দিচ্ছে আপনার ‘পে চেক’–এর হিসাব–নিকাশ। চেকে পাওয়া বেতন কীভাবে ঘরের ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য করা হয়, তা জানতে আয়করে নতুন একটি নীতিমালার পরিবর্তন আনছে আইআরএস। প্রাথমিকভাবে দেখা যায়, এই প্রক্রিয়ায় কাজ খুব জটিল হবে।
আইআরএসের নতুন কর-আইন অনুসারে, আরও কিছু পরিবর্তন অন্তর্ভুক্ত করতে প্রতিষ্ঠানটি নতুন একটি ডব্লিউ-৪ ফরম প্রকাশ করার পরিকল্পনা করছে। কর্তৃপক্ষ বলছে, আয়কার দাতার প্রতিটি চেক থেকে করের জন্য কেটে রাখা অর্থ বছর শেষে আরও সঠিক উপায়ে তাকে ফেরত দিতেই এই পরিবর্তন আনা হচ্ছে। একজন করদাতাকে ঋণগ্রস্ত থাকা বা থাকতে বাধ্য করা উচিত নয় বলে রাজস্ব সার্ভিস কর্মকর্তারা মনে করছেন। প্রযুক্তিগত দিক দিয়ে করদাতার আয়–ব্যয় এবং বাজেটের সঙ্গে সামঞ্জস্য আনতে এই পরিবর্তন করার উদ্যো নেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে।
সরকারি বিষয়ক পে রোল সার্ভিস ও মানবসম্পদ সংস্থা—এডিপির প্রধান পিডি ইসবার্গ বলছেন, পে চেকের সঙ্গে নতুন পরিবর্তনগুলো সংযুক্ত করা সহজ হবে না। শতভাগ নির্ভুলভাবে নতুন করের এই ফরম পূরণ করা অনেক বেশি ঝামেলার কাজ হবে। খসড়া ফরমে কর্মজীবীদের বার্ষিক বেতনের পরিমাণ ও আয় অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে।
নানা খাতের আয়ের মধ্যে যেকোনো আয়—যেমন বিনিয়োগ থেকে পাওয়া সুদ ও লভ্যাংশ আইটেমাইজড করা। আয়–ব্যয়কে ভেঙে ভেঙে দেখাতে হবে এবং অন্যান্য কর্তনগুলোসহ বছরের প্রত্যাশিত আয়কর ক্রেডিট ট্যাক্স হিসেবে নিতে হবে। যারা একাধিক কাজ করেন, তাঁরা ও তাদের পরিবারের সবচেয়ে কম বেতনে কাজ করা সদস্যর মোট বার্ষিক বেতনও উল্লেখ করতে হবে।
এডিপি প্রধান ইসবার্গ বলছেন, এই ডব্লিউ-৪ ফরমটি দেখতে ১০৪০–এর মতো মনে হলেও এটি তার চেয়ে অনেক বেশি জটিল। আইআরএসের প্রকাশ করা নতুন ডব্লিউ-৪ ফরমটি ১২টি ধাপে পূরণ করার কথা উল্লেখ রয়েছে। পুরোনো ডব্লিউ-৪ ফরম থেকে এটি এত বেশি জটিল ও ভিন্ন যে, নতুন কর্মচারীরাও সঠিকভাবে এটি পূরণ করতে গিয়ে কাঠখড় পোড়াতে হবে। ডব্লিউ-৪ পূরণ করতে নিয়োগকর্তাদের আগে প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন হতে পারে বলে এডিপি মনে করে।
কেন এত সময় লাগছে?
আয়কর ও বেতন কাঠামো তৈরির সংগঠনগুলো ডব্লিউ-৪ ফরমে অনেক জটিলতা আছে বলে উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছে। এতে অনেক গোপনীয় বিষয় উল্লেখ করতে হবে। কারণ ফরমটিতে পারিবারিক আয়ের বিবরণ দিতে বলা হয়েছে, যা কর্মজীবীরা তাদের নিয়োগকর্তাদের জানাতে চায় না। কর্মচারীরাও ফুল টাইম চাকরির বাইরেও অন্য কাজ করেন—এমন বিষয়টি প্রকাশ করতে চান না।
মার্কিন পে–রোল অ্যাসোসিয়েশন ও কর কর্মকর্তাদের প্রতিক্রিয়া থেকে জানা যায়, আইআরএসের কাছে কারও এত ব্যক্তিগত তথ্য প্রকাশ করা করা সহজ নয় এবং তাদের নির্দেশগুলোও বিভ্রান্তিকর। গত বছরের সেপ্টেম্বরে আইআরএস ২০১৯ সালের জন্য নতুন ডব্লিউ-৪ ফরম বাস্তবায়নের পরিকল্পনা বাতিল করলেও ২০২০ সালের থেকে এটি চালু করার পরিকল্পনা করছে। সংস্থাটির মুখপাত্র অ্যানি পাচনার বলেন, ‘আমরা আয়কর দাতাদের নতুন ডব্লিউ-৪ ফরমের সুযোগটি গ্রহণ করার জন্য উৎসাহিত করছি এবং তাদের মন্তব্য পাঠাতে অনুরোধ করছি।’
আইআরএস এই গ্রীষ্মে সব মন্তব্য পর্যালোচনা করবে। সবকিছু বিবেচনা করে তারা দ্বিতীয় একটি খসড়া তৈরির পরিকল্পনা করবে। ২০২০ সালের কর বছরের জন্য বছরের শেষ নাগাদ চূড়ান্ত ডব্লিউ-৪ সংস্করণটি অবমুক্ত করা হবে।
এইচঅ্যান্ডআর ব্লকের ট্যাক্স ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ক্যাথি পিকারিং বলেছেন, এটি একবার চালু হলে সম্ভবত আপনার হাতে নিম্নলিখিত তথ্যগুলো দরকার হবে, পে চেক বা গত বছরের ট্যাক্স আয়গুলো সঠিকভাবে পূরণ করতে।
আপনার আয়কর দাখিলের অবস্থা পরিবারের নির্ভরশীল ব্যক্তির সংখ্যা, বাসাবাড়ির মর্টগেজ, সুদ, ফেডারেল ও স্থানীয় কর এবং দাতব্য বা সেবামূলক কর্মকাণ্ড ব্যয় করা অর্থ সম্পর্কে তথ্য দিতে হবে।
সব ধরনের কাজ থেকে উপার্জন ব্যবসার আয়, লভ্যাংশ এবং সুদসহ আয় সম্পর্কে তথ্য দিতে হবে।
আপনি যদি বিবাহিত হন এবং আপনি ও আপনার স্ত্রী উভয় যদি কাজ করেন, তবে আপনার স্ত্রীর আয়ের তথ্য জানাতে হবে।
অনেক রাষ্ট্র তাদের আয়কর আদায়ের লক্ষ্যে বর্তমানে ডব্লিউ-৪ ফরম ব্যবহার করছে। সব কথার আসল কথা হলো, যেকোনো কিছুর বিনিময়ে আগামী বছর আপনাকে নতুন এই ফরম পূরণ করতে হতে পারে।