করুণাধারা
আমি নস্টালজিক টাইপের মানুষ। দিনের বেশির ভাগ সময় যখন একা থাকি, তখন স্মৃতি দিয়ে, কল্পনা দিয়ে গড়া আমার জগতে আমি বাস করি। স্মৃতিগুলো টিভি স্ক্রিনের মতো পর্বের পর পর্ব আমার চোখের সামনে ধরা দেয়, কথা বলে, সঙ্গ দেয়। ঈদের দিন এখন আমার কাছে এক অপার করুণা বর্ষণের দিন, কৃতজ্ঞতা প্রকাশের দিন। রোজা আসার আগে ভয় পাই, রাখতে পারব তো পুরো ৩০ রোজা?
এই এক মাস রোজা রাখার মনোবল ও তওফিক যে খোদা আমায় দান করেছেন, সেই শুকরিয়া জানানোর দিন। পরের বছর পাব তো? রোজা রাখতে পারব তো? আমার আয়ু আরও একটি বছরের মাইলফলক অতিক্রম করতে পারবে তো?
প্রবাসজীবনে ঈদ তার পুরো আনন্দ নিয়ে আমাকে ধরা দেয় না। বাবা নেই-মা নেই, আত্মীয়স্বজনের সম্মিলিত উচ্ছ্বাস থেকে বঞ্চিত। এখানে ব্যস্ততার ভয়ে ঈদের উচ্ছ্বাসঘ্রাণ, আনন্দধাম কোমল পেলবতা থেকে সরে সরে কেমন পেশাদারি উৎসব-আনন্দে পরিণত হয়েছে।
ছেলেমেয়েরা আমেরিকায় থেকেও একেকজন একেক জায়গায়। তারা ঈদে আমাকে গিফট দেয়, আমি কাষ্ট হাসি হেসে বলি, ‘তোরা কেন আমার জন্য এসব কিনে পয়সা নষ্ট করিস।’ আমিও মেয়ে-নাতি-নাতনিদের গিফট দিই। ওরা ‘থ্যাংক ইউ’ বলে জড়িয়ে হাগ দেয়। কিন্তু ছেলেমেয়েদের ছেলেবেলার মতো, ঈদের কাপড় পেয়ে উপচে ওঠা খুশির বন্যা আমি তাদের চোখে-মুখে দেখি না। যেখানে চাইলেই প্রতিদিন রাজভোগ পাওয়া যায়, সেখানে ঈদে আমার কষ্ট করে বানানো পিঠে-পুলি, খাবারদাবার অতিথিরা খায়, প্রশংসাও করে। কিন্তু তৃপ্তির ঢেকুরের আওয়াজ আমার কানে আসে না। খালি মনে হয় আগে কী সুন্দর দিন কাটাইতাম!
উপশহর তখন নতুন আবাসিক এলাকা। ১৯৮৬ সালে তিনটি ছোট ছোট ছেলেমেয়ে নিয়ে সিলেট শহরে শুরু হয় আমার বসবাস। আমার বাড়ির বাউন্ডারি সংলগ্ন পাঁচটি প্লটে তখনো বাড়ি নির্মাণাধীন। সুবিশাল উদার আকাশ, আদিগন্ত মাঠ, ধানখেত, পাখি, গাছগাছালি, পুকুর-দিঘিঘেরা ছিল আমার শৈশব। গাছের ফল খেয়ে, তলারটা কুড়িয়ে আমি বড় হয়েছি। আবদ্ধ কোনো জায়গায় থাকা আমার জন্য কষ্টকর। গাছপালা-ঘেরা বাড়ি আমার পছন্দ। তা ছাড়া বাচ্চারা যাতে ঘরের সামনে খেলতে পারে, সাইকেল চালাতে পারে, নিজ গাছের পেয়ারা, বরই, আম, নারকেল খেতে পারে, সেই ব্যবস্থা রাখতে চারপাশে বেশ জায়গা রেখেই ঘর তৈরি করি। প্রতিবেশীদের বাড়ি নির্মাণ শেষে প্রায় সমমনা ভদ্র, সজ্জন লোকের আলোতে আমাদের বসতি হলো নিরাপদ ও শান্তিপূর্ণ।
আমার এক্কেবারে নিকট প্রতিবেশী প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব ও আবৃত্তিকার হেমচন্দ্র ভট্টাচার্য বা বাবুলদা। ওনার দুই ছেলে, এক মেয়ে, এক মামাতো বোন, আমার দুই মেয়ে, আরেক প্রতিবেশী খসরু ভাইয়ের দুই মেয়ে, রাস্তার উল্টো দিকের বাসার ডা়আলাউদ্দিনের এক বোন ও এক ভাগনি। স্কুলে পাঠরত আটটি মেয়ের কলরবে, হাসি, আনন্দের কলকলানিতে পুরো ১৬ নং রোডকে পুষ্পিত করে রাখত। দিদির দুই, আমার এক ও খসরু ভাইর এক ছেলে এই মেয়েদের দাপটে কোণঠাসা থাকত। আর আমরা গৃহিণীরা তো গলায় গলায়। শাক শুটকি যা-ই হোক, কেউ কাউকে রেখে খাই না। ব্যক্তিগত প্রয়োজন ছাড়া বেড়াতে গেলেও একসঙ্গে।
আমার ভাইয়ের বিয়ে, সকলে গাড়িভর্তি হয়ে আমার বাপের বাড়িতে। বিয়ের কাপড়চোপড়, গয়নাগাঁটি কিনতে সবাই কলকল করে মার্কটে। দিদি (কাজল ভট্টাচার্য) ও আমি একেবারে হরিহর আত্মা। মূলত আমাদের সুন্দর পরিবেশের মধ্যমণি ছিলেন দিদি, তার ফুলে ভরা বাড়ি ‘আশীর্বাদে’ আমরা মায়েদের অথবা মেয়েদের আড্ডাগুলো বেশি হতো। তখন কোনো দিন তো মনেই হয়নি আমার সিঁথি সাদা আর দিদির সিঁথি লাল। আমাদের ছেলেমেয়েরা মা, মাসি, আন্টিদের আদরে-শাসনে বড় হয়েছে, ওদের মনে কখনো আসেনি যে ওরা হিন্দু, আমরা মুসলিম। আর আমাদের ভরাট সম্পর্কে কেউ এসব মনে করিয়ে দেওয়ার ফাঁকও পায়নি। রোজায় আমাদের বাসার স্পেশাল ইফতারিতে দিদিরাও খাবার টেবিলে আমাদের সঙ্গে খেতেন। রোজায় একদিন তাঁদের বাসায় মহাসমারোহে ইফতারির আয়োজন করতেন। আমরা কনুই ডুবিয়ে সে ইফতারির স্বাদ নিতাম। তাঁদের ঘরে জায়নামাজ থাকত, আমরা সেখানে মাগরিবের নামাজও পড়তাম। কখনো তো মনে হয়নি ওটা হিন্দুবাড়ি।
ঈদ আসার আগে ছেলেমেয়েসহ আমাদের মধ্যে চাঞ্চল্য শুরু হয়ে যেত। দিদিরা সবাইও আমাদের মতো নতুন পোশাক কিনত। আমাকে প্রতি ঈদুল ফিতরে দিদি দিত একটি টাঙ্গাইল শাড়ি। এ জন্য নির্দিষ্ট করাই থাকত, আমার কোনো ওজর-আপত্তিতে কাজ হতো না। ঈদের আগের দিন রাতে ছেলেরা ফুল-পাতা দিয়ে ঈদের গেট বানাত, মেয়েরা তাদের সাহায্য করত। মেয়েরা দল বেঁধে ঈদকে স্বাগত জানিয়ে আল্পনা আঁকত, এক বাড়ি শেষ হলে আরেক বাড়িতে ছুটত, তারপর চলত মেহেদি পরার ধুম। ওরা চায়ের পাতা দিয়ে একটা রং বানিয়ে তা দিয়ে পায়ে নকশা করত। আমার ছোট মেয়ে সুন্দর ডিজাইনে মেহেদি পরাত বলে তার সামনে বাকিরা ঘুমে ঢুলুঢুলু চোখেও বসে থাকত। হায়! তখন যদি ফোনে ছবি তোলা বা সেলফি তোলার ব্যবস্থা থাকত তো আমাদের পুরো রোডবাসীকে জাগিয়ে রাখা ফুলপরিদের স্মৃতিগুলো অমলিন থাকত।
ঈদের দিনে ফুলপরিরা সবাই সেজেগুজে বেড়াতে বের হতো। তাদের সঙ্গে তখন যুক্ত হতো আরও কয়েকটি পরি। বিকেলে টিভিতে ঈদের অনুষ্ঠান দেখতে ব্যস্ত পরিদের রেখে আমরা গৃহিণীরা (দিদিসহ) ঈদের শাড়ি দেখাতে বেড়াতে বের হতাম। আমাদের পাড়া বেড়ানোর ইতি ঘটাতাম দিদির বাড়িতে এসে। তখন এই বাণীটা আমরা জানতামও না, ‘ধর্ম যার যার উৎসব সকলের।’
ধনী-গরিব ঈদ জামাতে এক সারিতে বসে নামাজ পড়বে, পরস্পর কোলাকুলি করবে, তারপর আবার ধনী-গরিবের সীমারেখা ধরে ৩৬৪ দিন চলবে, তা-ই তো ঈদের শিক্ষা নয়।
ঈদের আনন্দ ধর্ম-বর্ণনির্বিশেষে সবার আনন্দ হয়ে উঠুক।