করোনা অনুষঙ্গে ভাবনা
আজ থেকে ৬ মাস আগেও মারাত্মক শ্বাসকষ্টজনিত করোনাভাইরাস–২ প্যাথোজেন আমাদের কাছে অপরিচিত ছিল। এখন এই ভাইরাসটি যা কোভিড-১৯ নামে পরিচিত, তা সারা বিশ্বের মানুষের মনে ভীতি বা ত্রাসের সৃষ্টি করেছে। ৭ আগস্ট যখন প্রবন্ধটি দাঁড় করাচ্ছি, তখন যুক্তরাষ্ট্রে সিএনএনের ভাষ্যমতে (সোর্স হিসেবে জনস হপকিন্স ইউনিভার্সিটির উদ্ধৃতি দিয়ে) ১ লাখ ৬০ হাজার ৭০২ মানুষ করোনায় মারা গেছেন, আক্রান্ত হয়েছেন ৫০ লাখ প্রায়। সারা বিশ্বে মৃত্যু হয়েছে ৭ লাখ ১৬ হাজার ৬৬৯ জনের এবং মোট আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় দুই কোটি।
কোভিড-১৯ মহামারি শিগগিরই পৃথিবী থেকে বিলীন হয়ে যাবে, এমন কোনো লক্ষণ নেই। ভ্যাকসিন আবিষ্কারের জন্য গবেষণা, পরীক্ষা-নিরীক্ষা করছে দু শয়ের বেশি প্রতিষ্ঠান। কিছু কিছু ক্ষেত্রে অগ্রগতির তথ্য পাওয়া গেলেও মানুষের দেহে বিজ্ঞানসম্মতভাবে প্রয়োগ করে সাফল্য লাভের খবর এখনো পাওয়া যায়নি। সন্দেহাতীতভাবে কেউই বলতে পারছেন না, ২০২১ সালের মধ্যে ভ্যাকসিন বাজারে আসবে। ভ্যাকসিন ব্যতিরেকে করোনাভাইরাস প্রতিহত করার আর কোনো উপায় আছে বলেও বিজ্ঞানীরা মনে করেন না।
নিরাময়ের জন্য পুরোপুরি কার্যকরী কোনো ওষুধও এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি। সব মিলিয়ে মানব জাতি কোভিড-১৯ মোকাবিলায় নিদারুণ অসহায় অবস্থায় নিমজ্জিত। বর্তমান সময়ে আমেরিকার কিছু কিছু এলাকা যেমন নিউইয়র্কসহ বেশ কয়েকটি পূর্ব উপকূলীয় অঞ্চলে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেশ কমলেও ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, টেক্সাসসহ আরও অনেক শহর ও রাজ্যে এই সংখ্যা উদ্বেগজনকভাবে বেডে গেছে। স্তিমিত হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। স্বাস্থ্য, শিক্ষা, চাকরি-বাকরি, ব্যবসা-বাণিজ্য, শিল্পকারখানাসহ প্রায় সব অর্থনৈতিক কর্মকাণ্ডে অচলাবস্থা, স্থবিরতা আর আতঙ্ক বিরাজমান।
২০২০ প্রেসিডেন্ট নির্বাচনের পরিপ্রেক্ষিতে দেশটিতে যে রাজনৈতিক জটিলতা, যে কলুষতা আন্তর্জাতিক দুষ্ট ছোঁয়ায় ২০১৬ সাল থেকে চলে আসছে, তা কোভিড পরিস্থিতিতে ২০২০ সালে রাজনীতিকে আরও কলুষতর করছে বলে অনেক মহল মনে করে। কোভিড-১৯ মহামারি মোকাবিলায় ফেডারেল সরকার ও ক্ষমতাসীন রাজনৈতিক দল সম্পদ বিতরণে পক্ষপাতদুষ্ট দোষে দোষী বলে অনেকে মনে করে। যে সব রাজ্যে বিরোধী দল ক্ষমতায় অধিষ্ঠিত বা বিভিন্ন পদে—যেমন গভর্নর মেয়র ইত্যাদি দায়িত্বে আসীন তাদের প্রতি অনুদার ব্যবহার করা হচ্ছে—এমন কথাও প্রচারমাধ্যমে শোনা যায়। তবে, দলীয় অনুগতদের প্রতি বেশি উদারতা দেখাতে গিয়ে হিতে বিপরীতও হয়েছে। এদের ভুবনে দেরিতে হলেও করোনা জাঁকিয়ে বসেছে।
স্বাস্থ্যসেবায় সভ্য দেশে নৈতিকতা বিষয়টি অত্যন্ত গুরুত্ব সরকারে পালন করা হয়। যুক্তরাষ্ট্রে শাশ্বত মূল্যবোধটি ইদানীং দারুণভাবে লঙ্ঘিত। বিজ্ঞান, বিজ্ঞানসম্মত যুক্তিও প্রমাণ মানা হচ্ছে না। ক্ষমতায় টিকে থাকার মোহে দলমত-নির্বিশেষে জনসাধারণের জানমালের সুরক্ষা কাজটি অবহেলা করা হচ্ছে। পুরো জনসংখ্যার ৮.৫ শতাংশ বা ২৭.৫ মিলিয়ন লোক (২০১৮ হিসেবে) সব সময় ইনস্যুরেন্সবিহীন জীবনযাপন করে। সাম্প্রতিক এক হিসেবে এ সংখ্যা ৪০ মিলিয়নের মতো। দরিদ্র, নিম্ন আয়ের মানুষের রক্ষাকবচ ওবামাকেয়ার নস্যাৎ করার জন্য প্রেসিডেন্ট ও ক্ষমতাসীন দল আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ক্ষমতায় আসার পর থেকেই। উপযুক্ত বিকল্প জীবনবিমা কর্মসূচি দিতে না পারায় ওবামাকেয়ারের অনেক ব্যবস্থা অবশ্য এখনো বলবৎ আছে। জীবন বিমা যাদের নেই, তাদের সিংহ ভাগই আফ্রিকান-আমেরিকান, হিসপানিক ও অন্যান্য সম্প্রদায়ের খেটে-খাওয়া দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী নারী-পুরুষ। করোনাকালে চাকরিচ্যুতির সংখ্যা হু হু করে বাড়ছে। বেকারত্ব বাড়ার সঙ্গে সঙ্গে বেকার ভাতার জন্য আবেদন প্রার্থীদের সংখ্যা অবিশ্বাস্যভাবে বাড়ছে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে। ৬ আগস্ট পর্যন্ত ৩ কোটি ২১ লাখ ১৮ হাজার ৬৭৮ জন বেকার ভাতার জন্য আবেদন করেন। এই সংখ্যা পূর্ববর্তী সপ্তাহের চেয়ে ১৩ লাখ ২ হাজার ৮১৬ জন বেশি।
আমেরিকায় একশ্রেণির মানুষ রোষে ফুঁসছে। কোভিড-১৯ মহামারির অনুষঙ্গ হিসেবে বেকারত্ব, অর্থনৈতিক মন্দা যার ভয়াবহতা ১৯৩০–এর মহামন্দাকে ছাড়িয়ে গেছে বলে অনেকে মনে করেন। জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের পর থেকে রাজপথ অবরোধ, স্ট্রাইক ইত্যাদি চলছেই। পুলিশের ক্ষমতা খর্ব করার স্লোগান সংবলিত আন্দোলন চলছে মাসের বেশি হলো। মানুষ দ্বিধা-দ্বন্দ্বে ভুগছে ইস্যুটিকে কেন্দ্র করে। আফ্রিকান-আমেরিকান জনগোষ্ঠী আমেরিকার মোট জনসংখ্যার ১৩ শতাংশ হলেও তাদের রোষ এ দেশের দীর্ঘদিনের প্রতিষ্ঠিত সামাজিক ভারসাম্য অবস্থায় বড় ধরনের ঝাঁকুনি দিতে পারে।