করোনা আতঙ্কে বাফেলোর বাংলাদেশিরা

আমেরিকায় দ্রুত ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। বাংলাদেশি অধ্যুষিত বাফেলো শহরও এর ব্যতিক্রম নয়। ১৮ মার্চ রাত পর্যন্ত বাফেলো শহরের প্রাদেশিক বিভাগ বা কাউন্টি ইরিতে ২৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ক্রমশ এই সংখ্যা বাড়ছে।
এ ঘটনায় নগরীর বাংলাদেশি বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। বাংলাদেশিরা এরই মধ্যে নিত্য প্রয়োজনীয় জিনিস মজুত করে রাখতে শুরু করেছেন। বাংলাদেশি মালিকানাধীন গ্রোসারিতে বাংলাদেশিদের এখনো অনেক আস্থা।
বাংলা বাজার, বাফেলো ফ্রেশ, বাফেলো বাজার এসব গ্রোসারিতে দু-একজন ক্রেতার সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় এসব দোকানে নিত্য প্রয়োজনীয় যেমন চাল, ডাল, মাছ, আটা, সবজি ইত্যাদি সবকিছুই মিলছে। তাই ভোগান্তির শিকার হতে হচ্ছে না।
স্থানীয় এসব দোকানে জিনিসপত্রের দাম কেমন জানতে চাইলে ক্রেতারা বলেন, সবকিছুর দামই দুই-তিন ডলার করে বেশি।
সরেজমিনে দেখা গেছে, নগরীর ওয়ালমার্ট, রেস্টুরেন্ট ডিপো, টার্গেটের মতো দোকানে বেশিরভাগ শেলফ খালি পড়ে আছে। রেস্টুরেন্ট ডিপোতে বেলা তিনটার দিকে গিয়ে চাল, মুরগির মাংস, পেঁয়াজ কিছুই পাওয়া যায়নি। অন্যান্য জিনিসপত্র যেমন ডিম, আলু, ডাল ইত্যাদি জিনিসপত্রের দাম আগের চেয়ে কিছু বেড়েছে। অন্যান্য যেকোনো জায়গার মতো বাফেলোতেও মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, টয়লেট টিস্যুর ঘাটতি দেখা দিয়েছে।
বাফেলোতে বাংলাদেশিরা কেমন আছেন জানতে চাইলেন একজন বলেন, এমনিতেই শান্ত এ শহর। করোনাভাইরাসের জন্য পুরো শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অনেকে ঘরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। ভাইরাসের সংক্রমণ প্রতিহত করতে বিশাল জনসমাগম হয় এমন অনুষ্ঠান বাতিল করা হচ্ছে। বাংলাদেশিদের আয়োজিত পিঠা উৎসব, পয়লা বৈশাখের আয়োজন ইতিমধ্যেই বাতিল করা হয়েছে।
ভাইরাসের সংক্রমণ প্রতিহত করতে প্রায় সব সরকারি হাইস্কুল এপ্রিলের ২০ তারিখ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশি অনেক অভিভাবক এতে স্বস্তি প্রকাশ করেছেন। ইউনিভার্সিটি অ্যাট বাফেলো, বাফেলো স্টেট কলেজ, ইরি কমিউনিটি কলেজসহ অন্যান্য কলেজে ক্লাস অনলাইনে নেওয়া হবে। নগরীর সবচেয়ে বড় শপিং মল ওয়ালডেন গ্যালারিয়া মল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। মসজিদ, গির্জা আপাতত বন্ধ ঘোষণা করা হচ্ছে।
বাফেলো শহরের মেয়র রবার্ট ব্রাউন বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় ভাইরাসের সংক্রমণ প্রতিহত করা হবে। তিনি বিনা প্রয়োজনে কাউকে ঘরের বাইরে বের না হওয়ার আদেশ দেন। বার, রেস্টুরেন্টগুলোকে নতুন নিয়ম মেনে চলার নির্দেশ দেন। বাফেলো সিটি হলে পর্যটকদের প্রবেশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন।