করোনা আতঙ্কে স্ট্যাটেন আইল্যান্ড ফেরি জনশূন্য

নিউইয়র্ক সিটির অধিকাংশ মানুষ করোনাভাইরাস নিয়ে আতঙ্কের মধ্যে রয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বাইরে যাচ্ছে না। এতে নগরীতে যাওয়া আসার জন্য স্ট্যাটেন আইল্যান্ড ফেরিতে উল্লেখযোগ্য হারে যাত্রী হ্রাস পেয়েছে।
পরিবহন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভোরের দিকে ফেরিতে প্রচণ্ড চাপ থাকে। কিন্তু ১৬ মার্চ থেকে ফেরি চলাচলে উভয় টার্মিনালে ৭০ শতাংশেরও বেশি যাত্রী হ্রাস পেয়েছে।
স্ট্যাটেন আইল্যান্ড ফেরি স্ট্যাটেন আইল্যান্ড ও ম্যানহাটনের মধ্যে প্রতিদিন প্রায় ৭০ হাজার যাত্রী আনা নেওয়া করে। আর এখন এই সংখ্যা ২১ হাজারেরও নিচে নেমে এসেছে।
স্ট্যাটেন আইল্যান্ড ফেরির একজন মুখপাত্র জানিয়েছেন, যারা ফেরির ওপর নির্ভর করে জীবিকা নির্বাহের কাজ করেন, তাঁদের জন্য এই নৌযানটি স্বাভাবিক নিয়মেই চালানো হবে। তবে নিউইয়র্কারকে কাজ না থাকলে বাড়িতে থাকার জন্য উৎসাহিত করা হচ্ছে। আপাতত ভ্রমণ না করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
সেন্ট জর্জ ও হোয়াইট হল ফেরি টার্মিনালে ২৪ ঘণ্টা পরিচ্ছন্ন করার পাশাপাশি প্রতি ৭২ ঘণ্টা পর পর ফেরিবোট পরিচ্ছন্ন করা হচ্ছে।
ফেরি এজেন্সি কর্মকর্তারা বলেছেন, যারা এই যাত্রীবাহী নৌযান চালাচ্ছেন তাঁদের সবাইকে সামাজিক দূরত্ব অনুশীলনের পরামর্শ দেওয়া হয়েছে। টার্মিনাল এবং ফেরি নৌকাগুলোর দরজায় ভিড় করে দাঁড়াতে বারণ করা হচ্ছে।