করোনা ও মানসিক সমস্যা
দিন যত সামনের দিকে এগিয়ে যাচ্ছে করোনাভাইরাসে সংক্রমিত ও মৃত্যু সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে আমেরিকা আরেকটি স্বাস্থ্য সংকটের সম্মুখীন হতে যাচ্ছে। করোনাভাইরাসের কারণে সৃষ্ট ভয় থেকে সর্বত্রই বাড়ছে মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা। করোনাভাইরাস মহামারি আকার ধারণ করায় আমেরিকার হাসপাতালগুলোর অসহায়ত্ব ও প্রস্তুতিহীনতা ফুটে উঠেছে। হাসপাতালগুলোতে শয্যা ও স্বাস্থ্যকর্মীদের সংকট সবার চোখে আঙুল দিয়ে চিকিৎসা ব্যবস্থায় আমেরিকার দৈন্য দেখিয়ে দিয়েছে। করোনাভাইরাসে সংক্রমিত রোগী নিয়ে হাসপাতালগুলো যখন হাবুডুবু খাচ্ছে, তখন বিশেষজ্ঞরা বলছেন, আমেরিকা ইতিহাসের সবচেয়ে বেশি মানসিক সমস্যার ক্রান্তিকালে দাঁড়িয়ে আছে। করোনাভাইরাসের ফলে বিষণ্নতা, আত্মহত্যা, দুর্যোগ পরবর্তী মানসিক সমস্যা ভয়াবহ আকার ধারণ করবে বলে আশঙ্কা করা হচ্ছে।
কায়জার ফ্যামিলি ফাউন্ডেশন পুলের অনলাইন জরিপে দেখা গেছে, অর্ধেকেরও বেশি আমেরিকানের অভিযোগ, করোনাভাইরাসের কারণে তাদের মানসিক সমস্যা হচ্ছে। ফেডারেল সরকার নিয়ন্ত্রিত মানসিক স্বাস্থ্যজনিত সমস্যার জরুরি চিকিৎসাসেবায় নিয়োজিত হটলাইনে এ বছরের এপ্রিল মাসে গত বছরের একই সময়ের তুলনায় অসংখ্য মানুষ নিজেদের সমস্যার কথা জানিয়ে নিবন্ধন করেছে। এপ্রিল মাসে প্রায় ২০ হাজার মানুষ হটলাইনটিতে খুদে বার্তা পাঠিয়ে তাদের মানসিক সমস্যার অভিযোগ জানিয়েছে।