করোনা কালের দিনলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের এখন প্রতিটি ভোর হয় কোন মৃত্যুসংবাদ শোনার মধ্য দিয়ে। চারদিকে শুধু দুঃসংবাদ। অ্যাম্বুলেন্সের বীভৎস আওয়াজ। এভাবে দিন গড়ায়। রাতের অন্ধকার নামে। আসে আরেকটি নতুন ভোর। করোনা মহামারিকালে এই প্রত্যেকের দিনলিপি। প্রথম আলো উত্তর আমেরিকা পরিবার সময় পেলে ভাগ করে নেয় তাদের সুখ–দুঃখের অনুভূতি। বিপদের দিনে সবাই সবার খবর নিতে ভুলে না। বাংলাদেশে থাকা প্রবীণ সাংবাদিক মাহবুবুর রহমান কেমন আছেন, সেই আলোচনা হয় প্রতিদিন।

মহামারির সংকটকালে প্রথম আলো পরিবারের প্রধান অভিভাবক ইব্রাহীম চৌধুরী। ২৪ ঘণ্টা বাসায় লকডাউন থাকলেও সারাক্ষণ ‘নিউজ’ নিয়েই আছেন। প্রথম আলো উত্তর আমেরিকার আবাসিক সম্পাদক অবশ্য বরাবরের তো নিজেকে পেছনের কাতারে রেখে অন্যকে সামনে এগিয়ে দেন। বলেন, ‘শাহ আহমদ কঠিন এই সময়ে আমাদের ফ্রন্ট লাইনের সংবাদ যোদ্ধা। আমরা পালা করে ২৪ ঘণ্টাই সংবাদ সংযোগে আছি। দেশে–প্রবাসে নানা মহলের সঙ্গে যোগাযোগ করতে হচ্ছে। তথ্য বিনিময়, পরামর্শ প্রদান, আত্মীয়স্বজনের খবর রাখা—সবই করতে হচ্ছে। টানা ২১ দিন লাকডাউন মেনে চলছি। সবাইকে তা মেনে চলার পরামর্শ দিচ্ছি। বন্ধু স্বজনদের কেউ কেউ সুস্থ হয়ে ঘরে ফিরছেন। হ্যাঁ, পরিচিত, স্বজন বেশ কিছু লোককে হারানোর সংবাদও নিজে লিখতে হয়েছে। এ এক কঠিন কাজ, যা আমরা কেউ করতে চাই না।’
আমাদের ফ্রন্ট লাইন যোদ্ধা রাজুব ভৌমিক নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করেন। তিনি জানান, ‘খুব ব্যস্ততায় প্রতিদিন কাটাচ্ছি। প্রতিদিন প্রায় ১২-১৬ ঘণ্টা ডিউটি করতে হয়। কিছুদিন আগে আমার শরীর খারাপ ছিল—এখন একটু ভালো বোধ করছি। ডিউটি করে যাচ্ছি। নিউইয়র্কে এখনো প্রতিদিন হাজার হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে, তাই সবাইকে সাবধানতা অবলম্বনে অনুরোধ করছি।’

সহকর্মীদের মাথার ওপরে যার স্নেহের হাত সব সময় প্রসারিত থাকে, সেই ইশতিয়াক আহমেদ রূপু বলেছেন, ‘ভালো আছি। তবে মানসিক পীড়ন চরম অবস্থায় পৌঁছে গেছে। যা নিয়ন্ত্রণ করতে যুদ্ধ করছি। দেশ থেকে প্রচুর লোক কল করে খোঁজ নিচ্ছে।’ এই দুঃসময়ে দার্শনিকের মনোভাব নিয়ে কবিতার পঙ্‌ক্তি আওড়ান ফারুক ফয়সাল—

‘বিয়োগের দাগ টানছেন একদল, প্রতি ঘণ্টায় প্রচার
করোনাক্রান্তের পাশে আরেক, মৃত্যুভয়ে উপেক্ষা যাঁর
ফোনে ফোনে, সঘন আলাপনে, উদ্বিগ্ন ভালোবাসা
সাহস জাগিয়ে রাখে, সত্যি করে রাখে বাঁচার আশা।’

নিয়মিত লেখক রোমেনা লেইসও চমৎকার কথামালা দিয়ে জানান, ‘ ধুসর দিনের শেষে নিউইয়র্কবাসী যখন অপেক্ষায় ছিল ফুল ফুটবে, রোদ উঠবে, বরফগলা পানি উত্তাপ ছড়াবে নীল সমুদ্রের পানিতে, পা ডুবিয়ে গাঙচিলের ডানায় ছুটে যাবে দূরে, ঠিক তখনই সুদূর চীন থেকে অচেনা ভাইরাস করোনা আসল মহাদুর্যোগ নিয়ে। মৃত্যুর পরোয়ানার দীর্ঘ তালিকা হাতে শকুনের পদচারণায় ভারী এ শহর। এমন শকুনকে তাড়াতে হবে। কবে আসবে কাঙ্ক্ষিত ভোর?

কেউ জানে না কবে আসবে সেই ভোর?
প্রথম আলোর নিয়মিত ও সিরিয়াস লেখকদের একজন রওশন হক পেশায় কেমিস্ট। রাজুব ভৌমিকের মতো তাঁকে নিয়মিত অফিস করতে হচ্ছে। রওশন জানালেন, ‘আমি ভালো আছি। নিয়মিত অফিস করছি। মেয়ে দুটি নিউজার্সিতে এক সঙ্গে আছে। আমার বর ঘরে থেকে নতুন নতুন রেসিপি ট্রাই করছে। আমি রান্না ঘরে আপাতত ঢুকছি না।’

সব সময় ইতিবাচক খবর উপহার দেওয়া রহমান মাহবুব জানালেন, ‘লকডাউনে কেমন যেন অভ্যস্ত হয়ে পড়ছি। তবে প্রতিদিন সংবাদ শোনে বিষণ্ন হই। শুধু আজ হইনি। আজ গভর্নর কুমোর কথায় যে আশার বাণী শুনেছি, তা প্রকৃত মনে হয়েছে। মনে হল, যেন টানেল খুব বেশি অন্ধকার হলেও প্রান্তিক আলো কাছাকাছি হচ্ছে। ধীরে, তবে নিশ্চিতভাবে।’ সিনিয়র প্রতিবেদক মোহাম্মদ মনজুরুল হক সরাসরি বলেন, ‘রাজ্যের নীতি

অনুযায়ী পরিবারের সঙ্গে বাসায় অবস্থান করছি, সবার কথা মনে পড়ে। আগামী সংখ্যা কীভাবে প্রকাশিত হবে, সে পরিকল্পনা নিয়ে কাজ করছি।’

গেল বছর লিভার ট্রান্সপ্ল্যান্ট করে নতুন জীবন পাওয়া এইচ বি রিতাকে এখনো ডাক্তারের অধীনে থাকতে হচ্ছে। তিনি বলেন, ‘লকডাউনে ভালো–মন্দ দুটিই ফেইস করছি। একদিকে গৃহবন্দী হয়ে ভালো আছি, কারণ লিভার ট্র্যান্সপ্লেন্টের কারণে বাইরে গেলে যেকোনো সময় আমি ইনফেকটেড হতে পারি। এখন ঘরে বসে শিক্ষকতা করছি। আবার আতঙ্কেও আছি, কারণ নিয়মিত ব্লাডওয়ার্ক করতে পারছি না। হুটহাট শরীর পড়ে যায়। এ অবস্থায় ইমার্জেন্সিতেও যাওয়া মানে আমার জন্য ভয়ানক বিপদ। সব মিলিয়ে মানসিক চাপে থাকি।’

রোকেয়া দীপা একদম ভালো নেই এখন। কারণ জানাতে বলেন, ‘অপরিচিত থেকে এখন পরিচিত মানুষের নাম মৃত্যুর তালিকায়। এক দেশে থেকেও কাছের মানুষগুলোর এই বিপদে পাশে থাকতে পারছি না। সারা দিন অ্যাম্বুলেন্সের সাইরেন অসুস্থ করে তুলছে। ছেলে যখন প্রশ্ন করে, মা করোনা ভাইরাস কবে যাবে? কী উত্তর দেব জানি না, শুধু বলি খুব তাড়াতাড়ি। সুদিন আশার অপেক্ষায় আছি।’

সেলিনা আক্তার ধ্যানী মানুষ। তাঁর বক্তব্য, ‘যেকোনো পরিস্থিতিতে কোনো কিছু মেনে নেওয়ার মধ্যে হচ্ছে সুখ। পরিস্থিতি মেনে নিয়ে ভালো আছি। মনেপ্রাণে বিশ্বাস করি, এ দুঃখ থেকে আমরা শিগগিরই বেরিয়ে আসব। যারা মানসিকভাবে অস্থির, তাঁদের দূর থেকে হলেও যতটা সম্ভব সাপোর্ট দিই। কাউন্সেলিং করি। কিছু বই পড়ছি। লিখছি। গৃহবন্দী থেকে ওজন দ্রুত বাড়ছে।’

প্রথম আলোর আরেকজন রিপোর্টার তোফাজ্জল লিটন একমাত্র ব্যক্তি, যিনি করোনাভাইরাস নিয়ে চিন্তিত নন। তিনি উপভোগ করছেন চলতি মৌসুমের বসন্তকে। লিটন বলেন, ‘এই বসন্তে যে অনাহূত অবসর পেয়েছে, আমি তা উদ্‌যাপন করছি। কবিতা লেখার পুরোনো ব্যায়ামটি আবার স্বতঃস্ফূর্তভাবে ধরা দিয়েছে।’ আবৃত্তিশিল্পী দিয়া নেফারতিতি ও কান্তা কবির কবিতাগুলো আবৃত্তি করে ব্যাপক উৎসাহ দিয়েছেন নতুন কবিতা লেখার জন্য।

নিউইয়র্কের আরেক লেখক আদনান সৈয়দ উৎসাহ দিচ্ছেন ছোট গল্প লেখার। আয়ারল্যান্ড থেকে বন্ধু রন্টি চৌধুরী বললেন, একটা নাটক লিখে দিতে হবে টিভির জন্য। সবকিছু লেখার পরে আমার ছোট ভাই ইমতিয়াজ শিপন ও আফজাল সুযানকে দেখাই। তাদের সঙ্গে আলাপ হয় লেখা নিয়ে। সাহিত্য-সংস্কৃতি নিয়ে। সবকিছু মিলিয়ে সৃজনশীলতায় আছি। ’

জাহিদা আলমের ভাই ফরিদ আলম করোনা আক্রান্ত হয়ে বেশ কিছুদিন অসুস্থ থেকে সম্প্রতি বাড়ি ফিরেছেন। মাঝে কিছুদিন ভাইয়ের জন্য খুব টেনশনে ছিলেন জাহিদা। বললেন, ‘আগে আমি প্রতিদিন কী করব তা ঠিক করতাম, সেভাবেই জীবন চলতো। এখন জীবন চলছে চার দেয়ালের মাঝে। সবকিছু থেকেও যেন কিছু নেই। যোগাযোগ কেবল ফোনকল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারে। মস্তিষ্কে সব সময় এক অজানা ভয় তাড়া করে ফিরে। সন্তানেরা ভালো আছে তো? ভয় নিজের আত্মীয়-স্বজন, প্রিয়জনকে নিয়েও। এখন কেন যেন, পৃথিবীর সব মানুষকেই নিজের পরিবারের সদস্য ভাবতে ভালো লাগে। ’

প্রথম আলো পরিবারের জ্যেষ্ঠ সদস্য সুব্রত বিশ্বাস থেকে শুরু করে কনিষ্ঠতম আসিফ মুক্তাদির সবাই সুস্থ আছেন। এইচ বি রিতার মতো আমাকেও বাসা থেকে ৬ ঘণ্টা জুম ক্লাসে ছাত্রদের পড়াতে হয়। আমার স্কুলের প্রোগ্রাম ডিরেক্টর সেদিন লিখেছেন, মার্ভেল কমিকসের সুপার হিরো এখন স্পাইডার ম্যান কিংবা সুপার ম্যান নন—সুপার হিরো হচ্ছে ডাক্তার, নার্স, অ্যাম্বুলেন্স ড্রাইভার, শিক্ষক, পুলিশসহ অনেকেই, যারা এই দুর্দিনেও কাজ করে যাচ্ছে।