করোনা: চীনকে পরীক্ষাগারের তথ্য অবমুক্ত করতে বললেন ফাউসি
যুক্তরাষ্ট্রের সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউসি চীনকে উহানের ল্যাবের ৯ কর্মীর বিস্তারিত মেডিকেল রিপোর্ট প্রকাশ করার আহ্বান জানিয়েছেন। করোনাভাইরাস পরীক্ষাগার থেকে ছড়িয়েছিল কি না, সে সম্পর্কে ওই প্রতিবেদন গুরুত্বপূর্ণ সূত্র হতে পারে। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
ফাউসি গত বৃহস্পতিবার বলেন, ‘২০১৯ সালে যে তিনজন উহানের পরীক্ষাগারে অসুস্থ হয়েছিলেন, আমি তাঁদের মেডিকেল রেকর্ড দেখতে চাই। তারা কি সত্যিই অসুস্থ হয়েছিলেন? যদি তাঁরা অসুস্থ হয়ে থাকেন, তাঁরা কীভাবে অসুস্থ হয়েছিলেন?’
করোনাভাইরাসের উৎস নিয়ে অনেক বিতর্ক রয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এখনো ২০১৯ সালে চীনের ভাইরাস পরীক্ষাগার থেকে করোনাভাইরাস ছড়িয়েছিল কি না, সে প্রতিবেদন পরীক্ষা করে দেখছে। ডিসেম্বরে করোনাভাইরাসের তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ পাওয়ার আগে উহানের পরীক্ষাগারে গবেষকেরা অসুস্থ হয়েছিলেন বলে তত্ত্ব রয়েছে।
চীনা গবেষক ও কর্মকর্তারা পরীক্ষাগার থেকে করোনাভাইরাস ছড়ানোর তত্ত্ব বারবার নাকচ করে আসছেন। তাঁদের দাবি, এই ভাইরাস উহানে ছড়ানোর আগে অন্য কোনো অঞ্চলে ছড়িয়েছিল। এটি হিমায়িত খাবার বা বণ্য প্রাণী বাণিজ্য থেকে চীনে ঢুকতে পারে।