করোনা ঠেকাতে তিন অঙ্গরাজ্যের অভিন্ন সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্ক, নিউজার্সি ও কানেকটিকাট অঙ্গরাজ্যের গভর্নর যথাক্রমে অ্যান্ড্রু কুমো, ফিল মারফি ও নেড ল্যামেন্ট কোভিড-১৯ করোনাভাইরাসের বিস্তার থামাতে কিছু অভিন্ন নিয়মাবলি নিয়ে কাজ করছেন। তাঁরা বলেছেন, সবাইকে সুরক্ষিত রাখতে কিছু জরুরি ও প্রয়োজনীয় সামাজিক নিয়মাবলি মেনে চলার অনুরোধ করা হচ্ছে।
এই তিন অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ ৫০ জনের বেশি লোকসমাগম বা গণসমাবেশ নিষিদ্ধ করেছে। এ ছাড়া জানানো হয়েছে, সব বার, রেস্তোরাঁ, জিম, সিনেমা থিয়েটার ও ক্যাসিনো বিকেল ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত বন্ধ রাখা হবে। তবে রেস্তোরাঁগুলো টেক আউট ও ডেলিভারি সরবরাহ অব্যাহত রাখবে। নিউজার্সি অঙ্গরাজ্য সব স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ও ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। নিউইয়র্ক নগরী পাবলিক স্কুল বন্ধ করে অনলাইনে ক্লাস শুরুর সিদ্ধান্ত নিয়েছে। এসএটিসহ সব পরীক্ষা বাতিল করা হয়েছে।