করোনা নিয়ে বর্ণবাদ, বৈষম্য নয়
২০০১ সালের নাইন–ইলেভেন সন্ত্রাসী হামলার কথা সবারই নিশ্চয়ই মনে আছে। ভয়াবহ সে সময়টাতে টুইন টাওোরে আল–কায়েদা সন্ত্রাসী হামলার জের ধরে আমেরিকায় মুসলিমদের স্টেরিওটাইপ করা হয়েছিল, যাতে বহু অঙ্গরাজ্য, নগর ও অঞ্চলে হিজাব পরা কোন নারী বা টুপি মাথায় দাড়িওয়ালা কোন লোক দেখলেই বিদেশিরা আতঙ্কিত হতো। অনেককেই গুলি করা হয়, ছুরিকাঘাত করা হয়। পথে–ঘাটে, কর্মক্ষেত্রে অনেকেই এ কারণে শারীরিক, মানসিক এবং আবেগতাড়িত নির্যাতনের শিকার হন। কাউকে আবার হত্যাও ফেলা হয়।
বর্তমান কোভিড-১৯–এ একই রকম আবহ বইছে আমেরিকায়। সেই স্টেরিওটাইপিং আবারও প্রয়োগ হচ্ছে, তবে এবার মুসলিম আমেরিকানদের ওপর নয়; এশীয় আমেরিকান বিশেষ করে চাইনিজ আমেরিকানদের ওপর।
অনেক চাইনিজ আমেরিকানরা এখন ঘর থেকে বের হতেই আতঙ্কবোধ করেন। বের হলেও অনেকেই মাস্ক এবং গ্লাভসের পাশাপাশি নিজ চোখ দুটো সানগ্লাসে ঢেকে নিতে ভোলেন না। আমি, আপনি, আমরা সবাই জানি, কেন তারা ‘চোখ দুটো’ সানগ্লাসে ঢেকে নেওয়ার তাগিদ অনুভব করেন।
এফবিআইয়ের তথ্য মতে, বিশ্বব্যাপী কোভিড-১৯ ছড়িয়ে পড়ার কারণে এশীয় আমেরিকানদের প্রতি ঘৃণ্য অপরাধের পরিমাণ বাড়ছে। যারা কিছুটা খোঁজখবর রাখেন, তারা একটু খেয়াল করলে দেখবেন, ইতিমধ্যেই বেশ কিছু ঘটনা খবরে এসেছে।
টেক্সাসের স্যামস ক্লাবে একটি ২ বছর ও ৬ বছর বয়সী দুটি শিশুকে ছুরিকাঘাত করা হয়েছিল। কারণ অভিযোগকারী অপরাধী মনে করেছিল, ‘পরিবারটি চাইনিজ এবং তারা এই রোগ ছড়াচ্ছে।’ ছেলেকে বাস স্টপে নিয়ে যাওয়ার পথে কুইন্সে একজন ৪৭ বছর বয়সী এশীয় আমেরিকান নাগরিককে ধাক্কা মেরে ফেলে দেওয়ার পরে সেই ব্যক্তির বিরুদ্ধে গুরুতর হয়রানির অভিযোগ আনা হয়েছিল। এমনকি লেখক ও সিএনএন মতামত কলামের লেখক জেফ ইয়াং এশীয় হওয়ার কারণে লস অ্যাঞ্জেলেসে শপিংয়ের সময় একজন নারীর বর্ণবাদী আগ্রাসনের আক্রমণের শিকার হয়েছিলেন বলে অভিযোগ করেছেন। এবং এটি এখানেই থেমে নেই। পুলিশের তথ্য মতে, এপ্রিলের প্রথম সপ্তাহে কয়েকজন কিশোরী নিউইয়র্ক নগরের একটি বাসে ৫১ বছর বয়সী এক নারীকে আক্রমণ করে এবং তার বিরুদ্ধে করোনাভাইরাস ছড়ানোর অভিযোগ এনে এশীয়বিরোধী বক্তব্য ছুড়ে দেয়। একই নগরে ১৩ বছর বয়সী এক কিশোর ৫৯ বছর বয়সী ব্যক্তিকে বর্ণবাদী আক্রমণাত্মক কথা বলে লাথি মেরেছিল বলেও অভিযোগ উঠে। এমন ঘটনা রোজ হচ্ছে খবরের কাগজের আড়ালে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই মহামারিকে শুরুতে ‘চাইনিজ ভাইরাস’ বলে ব্যাখ্যা দিয়েছিলেন। এমনকি পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন ‘উহান ভাইরাস।’ অনেকেই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন ফান করে, ‘এই দূরে হাট, তুই আজ বাদুড় খেয়েছিস।’ যারা এশীয় কমিউনিটিতে বাস করেন তারা কেউ কেউ বলছেন, ‘আমি তো চাইনিজ এলাকায় থাকি, আমার কী হবে গো।’ আমাদের অনেকেই নিজের কমিউনিটির স্বজন-বন্ধুদের সঙ্গে সেলফি তুলছেন গলাগলি করে। কিন্তু এশীয়দের দেখলেই ‘চাইনিজ, চাইনিজ’ বলে মাত্রাতিরিক্ত দূরত্ব বজায় রাখছেন।
এই যে আমাদের পথে–ঘাটে এশিয়ান আমেরিকানদের দেখলেই লাফিয়ে দূরত্বে চলে যাওয়া, শারীরিকভাবে আঘাত করা, কথার মাধ্যমে তাদের মৌখিক নির্যাতন করা, ইমোশনালি আক্রমণ করা, এগুলো এশিয়ান আমেরিকানদের প্রতি আমাদের রেসিজম, সেগ্রিগেশন, স্টেরিওটাইপ বিহেভিয়র, জেনোফোবিয়া, যা কোবিড-১৯ মহামারি থেকেও ভয়ংকর রোগ। এই রোগ থেকে আমাদের সেরে ওঠা খুব জরুরি।
বর্ণবাদ এবং ঘৃণার অপরাধ রাতারাতি দূর করা যাবে না। জেনোফোবিয়ার বিরুদ্ধে লড়াইয়ে প্রত্যেকের ভূমিকা রয়েছে। আমাদের ভাষা পরিবর্তন করতে হবে এবং দুর্বল জনগোষ্ঠীর ওপর নজর রেখে সাধারণ পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আমরা প্রত্যেকের জন্য আরও উন্নত ও উদার বিশ্ব তৈরি করতে পারি। আমাদের এসব থেকে বেরিয়ে আসতে হবে শিগগিরই। না হয় প্রকৃতি তার প্রবহমান ধারা জারি রাখবে এবং পৃথিবী শান্ত হবে না কোনো দিনও।
আসুন আমরা এমন একটি সমাজ, দেশ, বিশ্ব তৈরি করি, যাতে পরের বার আমাদের সানগ্লাস পরে চোখ ঢেকে বাইরে বের হতে না হয়; যেন আমরা একটি সুন্দর এবং সোনালী রোদের দিন চোখ মেলে দেখতে পারি।