করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কত পরিচিত প্রিয়মুখ মৃত্যুকে আলিঙ্গন করেছেন তার হিসাব করতে গেলে হৃদয় ভারী হয়ে ওঠে। অস্বস্তিবোধ হয়, স্বজনদের মাতম চোখে ভাসে। নিজেও যে খুব নিরাপদ আছি তা নয়। দিন-রাত নিউইয়র্কে অ্যাম্বুলেন্সের হুইসিল বুকের মধ্যে কাঁপন তোলে। হয়তো কেউ আক্রান্ত হয়ে হাসপাতালে আশ্রয় নিচ্ছেন নতুবা কেউ লাশ হয়ে ফিরছেন। মনের অজান্তেই এমন নেতিবাচক ভাবনা ভর করে বসে।
যে হারে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে তাতে এমন ভাবনা হওয়া অযৌক্তিক নয়। তবুও জোর করে মন থেকে নেতিবাচক চিন্তা সরানোর চেষ্টা করি। দুঃস্বপ্ন ঝেড়ে মুছে ফেলি, মানুষের জন্য বাসযোগ্য পৃথিবীর স্বপ্ন বুনি। অবচেতনে আমি এক দ্বান্দ্বিকতার মুখোমুখি হই। সমস্ত পরিসংখ্যান, মৃতের সম্ভাব্য সংখ্যা সবকিছুতেই সন্দেহ ও অবিশ্বাসের ভান করি। বলি হয়তো কেউ অসুস্থ হয়ে হাসপাতাল গিয়েছিলেন; চিকিৎসা নিয়ে সুস্থ হয়েই বাড়ি ফিরছেন। স্বপ্ন আর বাস্তবতা একেবারেই ভিন্ন। এখানে আমাদের প্রতিটি সকাল হয় প্রাণঘাতী করোনায় নতুন আক্রান্ত আর মৃতের সংখ্যা পড়ে। টিভি স্ক্রিনে স্বজন হারানো মানুষের বুক ফাটা কান্না আর চোখের জল দেখে। একদিনে আক্রান্ত বা মৃতের দিক দিয়ে রেকর্ডের গাণিতিক হিসেব দেখে।
আমেরিকায় করোনা আক্রান্তের দিক দিয়ে সবচেয়ে নাজুক অবস্থায় আছে নিউইয়র্ক। নিউইয়র্কেই আমার বাস। সংগত কারণেই আক্রান্ত বা মৃত মানুষের অনেকেই আমার চেনা জানা, বন্ধুমহল, সহকর্মী বা কমিউনিটির পরিচিত মুখ। কাছের মানুষের অসহায়ত্ব, অনাকাঙ্ক্ষিত ও অকাল মৃত্যুতে এমনিতেই আমরা আধমরা হয়ে বেঁচে আছি। এই আধমরা বেঁচে থাকাটাও দুর্বিষহ হয়ে ওঠে যখন দেখি প্রিয় মাতৃভূমি বাংলাদেশে করোনা নিয়ে রাজনীতিকসহ সবাই ছেলেখেলায় মেতে ওঠেন। করোনাভাইরাসকে তাঁরা কত মামুলি বিষয় মনে করেন, তা তাঁদের কথা ও আচরণেই স্পষ্ট হয়ে ওঠে। করোনায় তাঁদের চৈতন্য ফিরতে বেশি সময় লাগেনি। দুঃখের বিষয় তত দিনে অনেক দেরি হয়ে গেছে। কেউ কেউ বলেছেন, মুসলমানদের কখনো করোনা হবে না।
তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস মোকাবিলায় যে পদক্ষেপ নিয়েছেন তাতে আমরা কিছুটা স্বস্তি পাচ্ছি। কিন্তু দুঃখের বিষয় করোনা ঠেকাতে কিছু রাজনীতিক ও আমলাদের আচরণ আমাদের ক্ষুব্ধ করেছে, হতাশা বাড়িয়েছে। রাজনীতিকেরা গরিবের ত্রাণ আত্মসাতের খেলায় মেতে উঠেছেন। কেউ কেউ জাতির ক্রান্তিলগ্নে গা ঢাকা দিয়েছেন। নির্বাচন আসলে মাঠে ঘাটে নেতা-কর্মীদের যতটা ভিড় থাকে, এই কঠিন সময় জনগণের সেবায় তাঁরা ততটাই নিষ্প্রভ।
আবার কোনো কোনো নীতি নির্ধারক ও আমলাদের উদ্দেশ্য মহৎ হলেও তাঁদের কৌশল-কর্মপন্থা কিছুটা বিব্রতকর। কোনো কোনো সরকারি কর্মকর্তা হাট-বাজারে প্রবীণদের কান ধরে ওঠবস করিয়েছেন, যা অনৈতিক। আবার অনেকেই জনগণকে সাহায্য করার ছবি সোশ্যাল মিডিয়ায় প্রচার করে নিজেকে জাহির করার ভ্রান্ত খায়েশ পূরণ করেছেন। তাঁরা ভুলে যান যে, তাঁরা কেবল দায়িত্বই পালন করছেন। জনগণকে ঘরমুখী করতে, সচেতনতা বাড়াতে বাস্তবে ঠিকই কাজ করছেন তবে তা খুব একটা ফলপ্রসূ হচ্ছে না। সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে সংবাদ সম্মেলন, মাইকিং, পত্রপত্রিকায় লেখালেখি এমনকি বাড়ি বাড়ি গিয়ে ঠিকই কাজ করছেন। কিন্তু তাঁরা বিদেশি দুর্বোধ্য, অপরিচিত শব্দ ব্যবহার করছেন তাতে সাধারণ মানুষ সচেতন হওয়া দূরে থাক বিভ্রান্ত হচ্ছেন ঢের বেশি। লকডাউন, আইসোলেশন, কোয়ারেন্টিন, সোশ্যাল ডিসটেনস শব্দগুচ্ছ এ দেশের সাধারণ মানুষের কাছে অপরিচিত।
অধ্যাপক শামসুজ্জামান খান তাঁর ফেসবুকে লিখেছেন, তাঁর এক বন্ধুকে কেমন আছেন জানতে চাইলে তিনি উত্তর দিলেন, মানুষ বাড়ি দেখতে ভিড় জমাচ্ছে, লকডাউনে ঘরবাড়ি কেমন দেখায় তা পরখ করতে।
আমাদের নীতি নির্ধারক, সাংবাদিক, আমলা ও রাজনীতিকেরা এই দুর্যোগের সময় অজানা, অচেনা, দুর্বোধ্য শব্দ ব্যবহার না করে নিজেদের ভাষায় এমন কোনো উপযুক্ত শব্দ ব্যবহার করা উচিত যা সাধারণ মানুষের কাছে বোধগম্য ও বহুল ব্যবহৃত। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা মনে করছেন, ২০২২ সাল পর্যন্ত এই সামাজিক দূরত্ব তথা যেকোনো কাজে একে অন্য থেকে ছয় ফুট বা দুই মিটার দূরত্ব বজায় রেখে চলতে হতে পারে। এই মহাদুর্যোগের সময়েও যদি ভাষাকেন্দ্রিক জটিলতায় আমাদের আমজনতা, খেটে খাওয়া নিরক্ষর মানুষকে বিভ্রান্ত হতে হয় তাহলে প্রাণের বিনিময়ে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করা কিংবা জাতিসংঘের স্বীকৃতি আদায়ের মূল লক্ষ্য ও উদ্দেশ্যই যে ভেস্তে যাবে।