
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, করোনাভাইরাস পরিস্থিতি ভালো হওয়ার আগে আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। এ কারণে সামাজিক ব্যবধান বজায় রাখতে না পারলে সবাইকে মাস্ক পড়ার আহ্বান জানিয়েছেন তিনি।
২১ জুলাই হোয়াইট হাউসে করোনাভাইরাস নিয়ে প্রেস ব্রিফিংয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এ কথা বলেছেন। গত এপ্রিল মাসের পর প্রেসিডেন্ট ট্রাম্প করোনাভাইরাস নিয়ে আবার প্রেস ব্রিফিং করলেন। ব্রিফিংয়ে তিনি আমেরিকানদের মাস্ক ব্যবহারের আহ্বান জানিয়ে বলেন, মাস্ক ব্যবহারের দারুণ প্রভাব আছে। আপনারা কিছু দেশপ্রেম দেখান।
প্রায় দেড় লাখ মানুষের মৃত্যুর পরও করোনাভাইরাস নিয়ে আমেরিকার রাজনীতি থামেনি। গত মার্চ মাস থেকে লকডাউনে থাকা আমেরিকার রাজ্যগুলো খুলে দিতে আগাম চাপ দেওয়া হয় রাজনৈতিক কারণেই। প্রেসিডেন্ট ট্রাম্প কখনই এ ভাইরাসকে গুরুত্ব দেননি। এখন সারা দেশে ভাইরাসের সংক্রমণ আবারও ছড়িয়ে পড়ার পর বলছেন, ভাইরাসটি মারাত্মক। তবে একপর্যায়ে ভাইরাস চলে যাবে এবং এ নিয়ে তাঁর অবস্থান সঠিক প্রমাণিত হবে।
এ কারণে সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা চার্লস শুমার এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের কর্মকর্তাদের বলেছেন, মঞ্চের পোডিয়াম থেকে ট্রাম্পকে সরিয়ে রাখুন। প্রেসিডেন্ট ট্রাম্প জনস্বাস্থ্যের জন্য হুমকির কারণ।
গত পাঁচ মাসে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে এক লাখ ৪৪ হাজারের বেশি মানুষের মৃত্যু ঘটেছে আমেরিকায়। ৪০ লাখের বেশি মানুষ সংক্রমিত হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, করোনায় আমেরিকায় মৃত্যুর হার অন্য দেশের চেয়ে কম। নাজুক পরিস্থিতি মোকাবিলায় রাজ্যগুলোতে ব্যাপক প্রস্তুতি রয়েছে এবং দ্রুতই ভ্যাকসিন আসছে বলে তিনি সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।
এদিকে ২১ জুলাই নিউইয়র্ক, নিউজার্সি এবং কানেকটিকাট রাজ্যের কোয়ারেন্টিন তালিকায় নতুন ১০টি রাজ্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে মেরিল্যান্ড ও ভার্জিনিয়াও রয়েছে। এ নিয়ে আমেরিকার সর্বমোট ৩১টি রাজ্য থেকে উত্তর পূর্বাঞ্চলের এ তিনটি রাজ্যে থেকে আসা মানুষের ওপর কোয়ারেন্টিন বাধ্যতামূলক করা হয়েছে। কেউ প্রবেশ করলেই বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিনে যেতে হবে। তাদের অবস্থান জানিয়ে রাখতে হবে এবং নির্দেশ অমান্যকারীদের জরিমানা গুনতে হবে।
আমেরিকার নিউইয়র্ক শুরুর দিকে করোনাভাইরাসের সংক্রমণে বিপর্যস্ত হয়ে পড়ে। নিউইয়র্ক নগরী মৃত্যুপুরী হয়ে দাঁড়ায়। করোনায় মৃত্যু হওয়া মানুষকে গণ কবর দেওয়া হয়েছে। ট্রাকে স্তূপ করে মরদেহ রাখতে হয়েছে বেসামাল হয়ে পড়া নগরীতে। পাঁচ মাসের কম সময়ে করোনাভাইরাসে ৩২ হাজারের বেশি লোকের মৃত্যুর রাজ্য নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো বলেছেন, এ রাজ্যে ২০ জুলাই ৬৬ হাজার ১৬৯ জনের করোনা টেস্ট করা হয়েছে। এর মধ্যে মাত্র এক দশমিক ২৯ শতাংশের ফল পজিটিভ পাওয়া গেছে। পুরো রাজ্যে ২০ জুলাই ৭২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং দুজনের মৃত্যু হয়েছে।