করোনা বিধি ভেঙে বিয়ে, সিনাগগকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রুকলিনে ইয়েতেভ লেভ টেম্পল সিনাগগ একটি বিয়ের অনুষ্ঠানে হাজারো মানুষের উপস্থিত
ছবি: টুইটার থেকে নেওয়া

সহস্রাধিক অতিথি নিয়ে বিয়ের আয়োজন করায় নিউইয়র্কের ব্রুকলিনে ইয়েতেভ লেভ টেম্পল নামে ইহুদিদের এক প্রার্থনালয় (সিনাগগ) কর্তৃপক্ষকে ১৫ হাজার ডলার জরিমানা করেছে নগর কর্তৃপক্ষ।

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ওই সিনাগগের ধর্মগুরুর নাতির বিয়ের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে কয়েক হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিল, যাদের অধিকাংশই মাস্ক ব্যবহার করেননি এবং সামাজিক দূরত্ব মেনে চলেননি।

২৩ নভেম্বর রাতে সিটি হলে এক সংবাদ সম্মেলনে নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাজিও বলেছেন, ৮ নভেম্বর ইয়েতেভ লেভ টেম্পলে ওই বিয়ের অনুষ্ঠানের আয়োজন ছিল। সেখানে হাজারেরও বেশি অতিথি সামাজিক দূরত্ব না মেনে ও মাস্ক ছাড়াই উপস্থিত ছিলেন। সেখানে তাঁরা নাচ-গান করছিলেন। এতে করোনা বিধি লঙ্ঘনের দায়ে ওই সিনাগগকে ১৫ হাজার ডলার জরিমানা করে সমন জারি করা হয়েছে।

বিল ডি ব্লাজিও বলেন, ওই সিনাগগের এ ধরনের আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটা তাদের পুরো দায়িত্বজ্ঞানহীন একটি কর্মকাণ্ড। ওই সিনাগগে সাত হাজার মানুষের ধারণ ক্ষমতা রয়েছে। আর যেহেতু হাজারের অধিক অতিথি উপস্থিত হয়েছিলেন তাই নিশ্চিন্তে বলা যায়, সেখানে করোনা বিধি মেনে চলার সুযোগই ছিল না।

যুক্তরাষ্ট্রের করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ ভয়াবহ হয়ে উঠেছে। প্রথম দফায় সংক্রমণ ও মৃত্যু দুই বিচারেই বিশ্বের সবচেয়ে আক্রান্ত দেশ ছিল যুক্তরাষ্ট্র। কিছুটা নিয়ন্ত্রণে আসার পর এখন দ্বিতীয় দফায় এ হার ভয়াবহ পর্যায়ে গিয়ে পৌঁছেছে। নিউইয়র্ক নগরের ৪০টি জিপকোডে ৪ শতাংশের বেশি হারে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ছে।

নিউইয়র্কে সর্বত্র মাস্ক পরা ও সামাজিক ব্যবধান কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হচ্ছে। ১০ জনের বেশি মানুষ নিয়ে হাউস পার্টি না করারও নির্দেশ দেওয়া হয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ বিপজ্জনক হয়ে ওঠার কারণে নিউইয়র্ক নগরের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ১৯ নভেম্বর থেকে আবার ছুটি ঘোষণা করা হয়েছে। ‘থ্যাংকস গিভিং ডে’ পর্যন্ত নগরের শিক্ষাপ্রতিষ্ঠানে এই ছুটি অব্যাহত থাকবে।

নিউইয়র্ক ডেইলি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ২০ নভেম্বর নিউইয়র্ক সিটি হল থেকে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্ক নগরের ৪০টি জিপকোড এলাকায় ৪ শতাংশের বেশি হারে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ছে।