করোনা মহামারি, নিউইয়র্ক টাইমলাইন
নিউইয়র্ক যেন পুরো বিশ্বের করোনাভাইরাসের এপিসেন্টারে পরিণত হয়েছিল। পুরো আমেরিকায় করোনাভাইরাস তাড়িত করছে জনগণকে। তাড়িত করছে সরকার ও প্রশাসনকে। নিউইয়র্ক অঞ্চলটির করোনা পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। নিউইয়র্কে গভর্নর অ্যান্ড্রু কুমোর দৃষ্টান্তমূলক নেতৃত্ব, নাগরিকদের সচেতন তৎপরতা ও জানা-অজানা অনেক কারণেই এটি সম্ভব হয়েছে।
গত মার্চ থেকে শুরু করে নিউইয়র্ক নগর তথা অঙ্গরাজ্যে করোনাভাইরাসের টাইমলাইন পর্যবেক্ষণ করলে দেখা যায়, নিউইয়র্ক অঙ্গরাজ্যে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হয় গত ১ মার্চ। এর পর খুব দ্রুত এই অঙ্গরাজ্য বৈশ্বিক এ মহামারির কেন্দ্রে পরিণত হয়। ৩৪ দিন পর, ৪ এপ্রিল নিউইয়র্ক অঙ্গরাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা রেকর্ড করা হয় ১২ হাজার ২৭৪ জন। ১০ এপ্রিল আক্রান্ত বিবেচনায় নিউইয়র্ক আমেরিকা ব্যতীত বিশ্বের অন্য যেকোনো দেশকে ছাড়িয়ে যায়। তবে এরপর থেকে এখানে ভাইরাসটির সংক্রমণ নিয়ন্ত্রণে আসে। ২০২০ সালের ১৮ জুলাই পর্যন্ত নিউইয়র্কে ৫০ লাখ করোনাভাইরাস পরীক্ষা সম্পন্ন হয়। এর মধ্যে চার লাখ ছয় হাজার তিন শ পাঁচজনের দেহে ভাইরাসটির উপস্থিতি পাওয়া যায়। সরকারি হিসাবে এখানে মোট মারা গেছে ২৫ হাজার ৩৫ জন।
আমেরিকার অঙ্গরাজ্যগুলোর মধ্যে আক্রান্তের সংখ্যার দিক থেকে নিউইয়র্ক শীর্ষে রয়েছে। এপ্রিলে দেশটিতে শনাক্ত হওয়া মোট করোনা-আক্রান্তের এক-তৃতীয়াংশই ছিল নিউইয়র্কে। আর এর অর্ধেকের বেশি ছিল নিউইয়র্ক নগরীতে। অঙ্গরাজ্যটির মোট জনসংখ্যার প্রায় অর্ধেকের বাস এই নগরে।
নিউইয়র্কে মার্চ ও এপ্রিলে আক্রান্তের সংখ্যা ছিল সর্বোচ্চ। তবে ৭ মে নাগাদ নিউইয়র্কে সংক্রমণ বৃদ্ধির হার ১ শতাংশের নিচে নেমে আসে। আর ৬ জুনের পর থেকে এই হার দশমিক ২৫ শতাংশের নিচে নেমে আসে।
করোনাভাইরাসের ‘দ্বিতীয় টেউ’ অন্যান্য অঙ্গরাজ্যে আঘাত হানলেও নিউইয়র্ক তা এখন পর্যন্ত এড়িয়ে যেতে সক্ষম হয়েছে। জুলাই মাসের প্রথম সপ্তাহে নিউইয়র্কে দৈনিক গড়ে নতুন আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ৬৫১। অথচ এপ্রিলের প্রথম সপ্তাহে এই অঙ্গরাজ্যে দৈনিক গড়ে ৯ হাজার ৬৬৪ জন আক্রান্ত হয়েছিল। প্রথম পর্যায়ে নিউইয়র্কে মহামারি মারাত্মক আকার ধারণ করেছিল। করোনা নিয়ন্ত্রণে শুরু থেকেই নিউইয়র্ক অঙ্গরাজ্য শক্তিশালী প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিয়েছিল। ফলে প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মতো সফলতাও পেয়েছিল নিউইয়র্ক। কিন্তু ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, টেক্সাস, আরিজোনাসহ যেসব অঙ্গরাজ্য প্রেসিডেন্ট ট্রাম্পকে অনুসরণ করে যথাসময়ের আগেই লকডাউন উঠিয়ে নিয়েছিল। সেই অঙ্গরাজ্যগুলোতে আক্রান্ত ও হাসপাতালে ভর্তির সংখ্যা এখনো অনেক উচ্চ।
কোনো একক হাসপাতালকে করোনাভাইরাসের এপিসেন্টার হিসেবে ধরতে হলে নিউইয়র্কের জ্যাকসন হাইটস এলাকার এলমহার্স্ট হাসপাতালকে ধরতে হয়। ডা. অমর আশরাফ এ হাসপাতালের সংক্রামক রোগ বিশেষজ্ঞ। তিনি বলেন, ‘এই সফলতার পেছনে নানা কারণ থাকতে পারে। ভাইরাসটি নিজেই রূপান্তর হয়ে থাকতে পারে। নিউইয়র্কের অধিকাংশ লোকজন আক্রান্ত হয়ে গেছেন। অনেকে নিজেই জানেন না কিন্তু অ্যান্টিবডি পরীক্ষা করে ফলাফল ইতিবাচক দেখা যাচ্ছে। জনসাধারণের মধ্যেও সচেতনতা বেড়েছে। সামাজিক দূরত্বের নীতি মেনে চলাও নিউইয়র্কে করোনাভাইরাস নিয়ন্ত্রণে আসার অন্যতম কারণ।’