করোনা: মানবসভ্যতার চরমতম সংকট
করোনাভাইরাস এক সামান্য রোগজীবাণুর নাম। পৃথিবীতে কোটি কোটি অণুজীব রয়েছে, যার কিয়দংশেরই মানুষ শনাক্ত করে তার প্রতিষেধক আবিষ্কার করতে পেরেছে। করোনা পরিবারের অন্য জীবাণু ইতিপূর্বেও মানুষকে আক্রমণ করেছে, যার কোনো কোনোটি মহামারির আকার ধারণ করেছিল। কিন্তু নতুন করোনাভাইরাস তাদের থেকে ব্যতিক্রম—কী সংক্রমণে, কী আক্রমণের তীব্রতায়।
নতুন করোনাভাইরাসের মতো অন্য কোনো জীবাণু এত দ্রুত বিস্তার করতে পারে না। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে তো কথাই নেই; সরাসরি সংস্পর্শ ছাড়াও এ জীবাণু ছড়াতে পারে আক্রান্ত ব্যক্তির স্পর্শ করা কোন বস্তুর মাধ্যমে, এমনকি বাতাসের মাধ্যমেও। এর আরেকটি ব্যতিক্রমী বৈশিষ্ট্য হচ্ছে রোগীর শরীরে প্রবেশের সঙ্গে সঙ্গে এর প্রতিক্রিয়া শুরু হয় না। দুদিন থেকে দু সপ্তাহ রোগীর শরীরে ঘাপটি মেরে বসে থাকে। এ সময়ে সুস্থ রোগী স্বাভাবিক কাজকর্ম করছে, আর নিজের অজান্তেই আরও দশজনের মধ্যে জীবাণু ছড়াচ্ছে। এরপর এর প্রতিক্রিয়ায় আক্রান্ত হয় রোগীর শ্বাসযন্ত্র ও অন্যান্য অঙ্গ। অতি দ্রুতই নিস্তেজ হয়ে আসে রোগী, ঢলে পড়ে মৃত্যুর কোলে। এর আক্রমণ থেকে মুক্তি পাচ্ছে না চিকিৎসাসেবায় নিয়োজিত মানুষ। গুণিতক হারে এর প্রভাব বিস্তৃত হওয়ায় চিকিৎসা ব্যবস্থা সামলাতে পারছে না, হাসপাতালে স্থান সংকুলান হচ্ছে না। বাজারে ওষুধের অভাব তৈরি হচ্ছে।
আশঙ্কাজনকভাবে বাড়ছে রোগী ও মৃতের সংখ্যা। সবচেয়ে ভয়ংকর দিক হচ্ছে, এর সংক্রমণে সৃষ্ট রোগ কোনো বাছবিচার করছে না; ধনী বা দরিদ্র, সাদা বা কালো, প্রতাপশালী বা নিরীহ, মুসলিম বা খ্রিষ্টান, উষ্ণ অঞ্চল বা নাতিশীতোষ্ণ অঞ্চল, পাহাড় বা সমতল, নদী অববাহিকা বা মরুভূমি, সমগ্র বিশ্বের সব মানুষ এ রোগের আক্রমণের স্বীকার হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ পরিস্থিতিকে ‘প্যান্ডেমিক’ হিসেবে ঘোষণা করেছে, যা মানবসভ্যতার ইতিহাসে চরমতম দুর্যোগ হিসেবে পরিগণিত হচ্ছে। অনেকেই একে অন্য মহামারি বা বিশ্বযুদ্ধের সঙ্গে তুলনা করছেন। কিন্তু সেগুলোর কোনোটিতেই এভাবে নির্বিচারে রাজা থেকে আপামর জনসাধারণ আক্রান্ত হয়নি। উন্নত মানবসভ্যতার এত বিশাল প্রযুক্তি ও জ্ঞান যেন তুচ্ছ হয়ে যাচ্ছে এক অণুজীবের কাছে! এ যেন সমগ্র মানবসভ্যতাকে ধ্বংস করার প্রয়াস। সৃষ্টিকর্তাই একমাত্র জানেন, কী অপেক্ষা করছে আগামী দিনে।
এ পর্যন্ত করোনাভাইরাসের প্রত্যক্ষ প্রভাবের কথা বললাম। এবার দেখা যাক, এর পরোক্ষ প্রভাব। মানব সভ্যতার সব দিক—অর্থনীতি, আইন-শৃঙ্খলা, শিক্ষা, রাজনীতি সবকিছুই মুখ থুবড়ে পড়বে এ রোগের প্রভাবে। আর এ প্রভাব স্বল্পমেয়াদি হবে না, হবে সুদূরপ্রসারী। প্রথমত: চিকিৎসা ক্ষেত্রে সংকটের মাত্রা বহুগুণে বাড়বে। এখন সবাই করোনা ঠেকাতে ব্যস্ত, অন্য সব চিকিৎসা স্থগিত রেখেছে, যা ভয়াবহ স্বাস্থ্য সংকটের সৃষ্টি করতে পারে। চিকিৎসা-সংশ্লিষ্ট দক্ষ মানুষের অভাবও প্রকট হয়ে দেখা দিতে পারে।
দ্বিতীয়ত: মানুষ উদ্ভ্রান্ত হয়ে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী মজুত করেছে, যার কারণে ইতিমধ্যেই বাজারে অধিকাংশ পণ্য দুষ্প্রাপ্য হয়ে উঠেছে। এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে, এমনকি এক দেশ থেকে অন্য দেশে মাল পরিবহনে নিষেধাজ্ঞা আরোপিত হওয়ায় বাজারকেন্দ্রিক সংকট তীব্রতর হয়ে উঠবে শিগগিরই।
তৃতীয়ত: অধিকাংশ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিত রয়েছে। অনেকেই অনলাইনে কিছুটা সচল রেখেছে। কিন্তু এতে সর্বোপরি কার্যক্ষমতা হ্রাস পাবে এবং অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলবে। স্বল্প পুঁজির অনেক ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে। এর ফলে ক্ষতিগ্রস্ত হবে ব্যাপকসংখ্যক জনগোষ্ঠী, যাদের অনেকেই পেশাহীন হয়ে পড়বে এবং উপার্জন হারাবে।
চতুর্থত: অর্থনীতির মন্দা পরিস্থিতি আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাবে। উপার্জনের অভাবে স্বাভাবিকভাবেই অনেকে অপরাধে জড়িয়ে পড়বে।
পঞ্চমত: শিক্ষা ও গবেষণা খাতে ঘটবে বিপর্যয়। অর্থাভাবে অনেকেই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিদায় নেবে। কমে যাবে শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম ও আয়। অনেক প্রতিষ্ঠান বন্ধও হয়ে যেতে পারে। গবেষণায় বিনিয়োগ কমবে, নতুন আবিষ্কারের পথ রুদ্ধ হবে এবং এর ফলে সভ্যতার অগ্রযাত্রা স্তিমিত হবে।
ষষ্ঠত: কৃষি ক্ষেত্র ও শিল্পকারখানায় ধস নামবে। একদিকে কাঁচামালের সরবরাহ বন্ধ হবে বা কমে যাবে, অন্যদিকে কর্মচারীদের অসুস্থতা ব্যাহত করবে সব রকম উৎপাদন। এর বিরূপ প্রতিক্রিয়া পড়বে সমাজের সব স্তরে।
সপ্তমত: পারিবারিক ও সামাজিক কাঠামোয় আঘাত আসবে। যদিও বয়স্করা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে। কিন্তু বাদ যাচ্ছে না সুস্থ মধ্যবয়স্ক ও অল্পবয়স্ক মানুষেরাও, যাদের অনেকেই পরিবারে, পেশাগত ক্ষেত্রে বা সমাজে গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছে। এদের অপ্রত্যাশিত অকালপ্রয়াণে অনেক কাঠামো ভেঙে পড়বে।
সারা বিশ্বের সব স্বাভাবিক দৈনন্দিন ও উন্নয়ন কর্মকাণ্ড আজ থমকে আছে। বন্ধ রয়েছে উপাসনালয়। কিছু কিছু দেশ বা অঞ্চল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কোটি কোটি মানুষ আক্রান্ত হয়েছে এবং প্রতিনিয়ত হচ্ছে। এদের অনেকেই আর ফিরবে না মাটির পৃথিবীতে। কিন্তু যারা ফিরতে পারবে কিংবা যারা ভাইরাসের প্রকোপ থেকে বেঁচে যাবে, তারাও কি একটি সুন্দর পৃথিবী ফিরে পাবে? মানবসভ্যতার সবচেয়ে ভয়াবহ ও চরমতম দুর্যোগের ভেতর দিয়ে যাচ্ছি আমরা। গোটা পৃথিবীই এখন ভারসাম্যহীন হয়ে পড়ার উপক্রম। আমরা কি আবার নির্মল বাতাসে শ্বাস নিতে পারব? মানবসভ্যতার উন্নয়নের চাকা কি সামনের দিকে চলবে?
লেখক: অধ্যাপক, স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্ক