করোনা লড়াইয়ের অসচেতন কুশীলবেরা

জানালার বাইরে টরন্টো শহরের এক মেঘলা সকাল। বিষণ্নতার গাঢ় কুয়াশায় ভেজা জনশূন্য রাজপথ। গ্রিলের এপাশে আমাদের মহামারি সময়ের গৃহবন্দী জীবনের এক অভূতপূর্ব দিনপঞ্জি। করোনা নামের অদৃশ্য দানবটি প্রবল প্রতাপে এখনো দাপিয়ে বেড়াচ্ছে দেশ থেকে দেশান্তর! কোভিড–১৯ ভাইরাসটির মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়ার নিত্যনতুন পথ খুঁজে পাচ্ছেন বিজ্ঞানীরা। এখন পর্যন্ত সামাজিক দূরত্ব আর গৃহবাসী জীবনই একমাত্র রণকৌশল এই যুদ্ধের। কিন্তু আমার সবুজ দেশের অবুঝ জনসাধারণকে কি রাখা যাচ্ছে গৃহাভ্যন্তরে! কেন মানুষ থাকছে না গৃহকোণে। কবি অনেক কাল আগেই বলে গেছেন ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। আর মহামারি জীবনের এই মুহূর্তের ট্র্যাজেডি হল, ক্ষুধার পৃথিবী মৃত্যুভয়কে পরোয়ানা করে না। সামাজিক জীবনের স্বেচ্ছাবন্দী জীবন অর্থনৈতিক চাকাটিকে স্তব্ধ করে দিয়েছে। স্বল্প আয়ের মানুষ থেকে নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত মানুষ চরম দারিদ্র্যের মধ্য পড়ে গেছেন।
যোগাযোগ ও আচরণগত বিজ্ঞানের একটি জনপ্রিয় ফর্মুলা যা আব্রাহাম মাস ল’ থিওরি হিসেবে বিশেষ পরিচিত; সেখানে বর্ণনা করা হয়েছে জীবনের অত্যাবশ্যকীয় চাহিদা একটি সিঁড়ির ধাপের মতো, একটি চাহিদা মিটলেই কেবল পরেরটি স্পর্শ করা যায়! এই সিঁড়ির প্রথম ধাপে আছে জীবনের ন্যূনতম মৌলিক চাহিদা-খাদ্য, পোশাক আর আশ্রয়। খাদ্যের প্রয়োজন না মিটলে পরবতী নিরাপত্তার ধাপে পৌঁছানো যাবে না। নিরাপত্তা না থাকলে সচেতনতা বা উদ্বুদ্ধকরণ প্রক্রিয়া মানুষের মধ্য কাজ করবে না। মানুষ যখন চরম খাদ্য সংকটে, তখন ভাইরাসকে আটকানো বা এর ভয়ংকর রূপ তার ওপর কোনো প্রভাবই ফেলছে না! তাই বোধ হয় সামাজিক দূরত্ব বজায় রাখা আর স্বেচ্ছাবন্দী জীবন তাদের কাছে অবাস্তব কিছু যারা দুমুঠো খাবার শিশুর মুখে দেওয়ার জন্য বিনিদ্র রজনী পার করছেন।
রূপকথার গল্প মনে হলেও কোন কোন দেশ অর্থনৈতিক সংকটকে মোকাবিলা করে করোনা যুদ্ধে জয়ী হওয়ার পথে অনেক দূর এগিয়ে গেছে (ভিয়েতনাম, কেরালা)!
হঠাৎ পরিকল্পনাহীন পোশাক কারখানা, ইফতারি আর ঈদের বাজার–হাট খুলে দিয়ে এই যুদ্ধ জয় দুরূহ বটে। একজন রুবি, রাহেলা, রমিজা, রেশমা বা লাভলী বা কবীর, দুলাল বা আহসান—একেকজন পোশাক কর্মীর আয়ে চলে ৫/৬ জনের সংসার। এই সাধারণ চাকরিজীবীটি তো তার ওপর নির্ভরশীল মুখগুলোর দিকে তাকিয়ে মাইলের পর মাইল দুপা ক্ষতবিক্ষত করে হেঁটে আসবে, ত্রিপল ঢাকা ট্রাকে তেলের ড্রামে নিজেদের লুকিয়ে, মালবাহী ট্রেনের ছাদে চড়ে আসবেই রাজধানীতে। আমার পাড়ার মুদি দোকানের রমিজ ভাইকে চিনি অনেকদিন। আর রাস্তার পাশে গাড়ি সারাইয়ের সুমনের ছোট্ট কারখানাটি, চম্পার মায়ের মাঠের একপাশে চিতই পিঠার ঝুড়ি নিয়ে বসা ছোট্ট ব্যবসা—তাদের মতো এমন ছোট ছোট ব্যবসায়ী দেশব্যাপী ছড়িয়ে আছেন। তাঁরা আজ সবাইই কর্মহীন, কপর্দকহীন! তাঁদের দৈনন্দিন চাহিদা মেটানো হয়তো সহজ নয়। কিন্তু এই বিশাল দুর্যোগে একটি গ্রহণযোগ্য পরিকল্পনায় অসম্ভব অবশ্যই নয়।
কানাডায় লাখ লাখ মানুষ লে–অফে আছেন, চাকরি হারিয়েছেন হাজার হাজার মানুষ, ছোটখাটো থেকে মাঝারি ব্যবসা—সব বন্ধ। এ ছাড়া আছে বিশাল শরণার্থী জনগণ। টুড্রো সরকার অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত অধিকাংশের কাছে তাদের ন্যূনতম চাহিদা নিরসনের প্রয়োজনীয় অর্থ সহায়তা দিয়ে যাচ্ছেন খুব সহজভাবে। এতে আবার তিনি ব্যক্তিগত গোপনীয়তা যথাযথভাবে রক্ষা করে চলেছেন। চারটি প্রয়োজনীয় তথ্য দিয়ে রেভিনিউ কানাডার ওয়েবসাইটে দরখাস্ত করলেই আবেদনকারীর ব্যাংক হিসেবে অতি অল্প সময়ের মধ্য অর্থ সাহায্য চলে আসছে! তাই হয়তো তারা ঘরে থাকছেন। তবে পুরো এক শ ভাগ সচেতনতা যে আছে, তা বলা যাবে না। সে গল্পে পরে আসছি।
পৃথিবী এখন ডিজিটাল যুগে! বাংলাদেশও ডিজিটাল অবকাঠামোতে পিছিয়ে নেই। সেই বাংলাদেশ কে কি মানায় লম্বা লাইনে দাঁড়িয়ে সামাজিক দূরত্ব না মেনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করা সাহায্যের আশায়! আর সেই সাহায্য তো জোটে না লাইনের শেষ প্রান্তে যারা আছেন তাদের। বাংলাদেশে প্রতিটি নাগরিকেরই জাতীয় পরিচয়পত্র আছে, প্রায় ১৪ কোটি মানুষ মোবাইল ফোন ব্যবহার করছে, মোবাইল ব্যাংকিং জনপ্রিয় এখন। এই ডিজিটাল মাধ্যমে সবাইকে ন্যূনতম সাহায্যের আওতায় আনা কি অসম্ভব কিছু। কলকারখানা, দোকানপাট গাড়িঘোড়া বন্ধ রাখাই করোনা বিস্তারের বিরুদ্ধে একমাত্র প্রতিষেধক এখন পর্যন্ত। তাহলে কেন এখনই দোকানপাট কলকারখানা খোলার আত্মঘাতী সিদ্ধান্ত নিতে হচ্ছে? জীবনের প্রয়োজনেই তো বাণিজ্য, বেঁচে থাকাই এখন একমাত্র অগ্রাধিকার।
কেরালা মডেল অনুসরণ করে আমরা এলাকাভিত্তিক কমিউনিটি কিচেন তৈরি করতে পারি। বিভিন্ন বয়স ও পেশার মানুষ নিয়ে একটি স্বেচ্ছাসেবী বাহিনী এলাকা অনুযায়ী তার ব্যবস্থাপনায় থাকবে। পবিত্র রমজান মাসে এ ধরনের উদ্যোগের সঠিক ব্যবহার মানুষের জন্য স্বস্তির হয়ে উঠতে পারত। কানাডার বিভিন্ন শহরে সরকার ও প্রাইভেট সেক্টরের উদ্যোগে তৈরি খাবার বিনা মূল্যে বিভিন্ন দোকান থেকে ক্ষুধার্ত মানুষদের মধ্য বিতরণ করা হচ্ছে। তবে খাদ্য সাহায্যই যে সচেতনতা তৈরির একমাত্র সোপান নয়, তারও নানা উদাহরণ দেখতে পাচ্ছি।
আমার বাংলাদেশের তরুণ তুর্কি বাহিনীকে ঘরে আটকে রাখা অসম্ভব দেখছি। আড্ডা অন্তঃপ্রাণ যুব সমাজকে গলির এ–মাথা, ও–মাথায় বেশ জটলা পাকাতে দেখা যায়। বাজারবিলাসী বাঙালিরাও বাজার করার শৌখিনতা ছাড়তে পারছেন না। তাদেরকে সচেতন করার দায়িত্ব নিতে পারেন সামাজিক ও রাজনৈতিক বা ধর্মীয় নেতারা বা এলাকার মুরব্বিরা বা তরুণদের কাছে যারা জনপ্রিয় রোল মডেল আছেন। গণমাধ্যম এই সচেতনতা তৈরির প্রধান ও ফলপ্রসূ হাতিয়ার। বাংলাদেশসহ বিশ্বের প্রায় সব দেশের গণমাধ্যম এই ভূমিকা সাফল্যর সঙ্গে পালন করছেন। কিন্তু অসচেতনতা আর কুসংস্কারের দেয়াল এখন পর্যন্ত অতিক্রম করা যাচ্ছে না।
টরন্টো শহরের চকচকে ডাউন টাউনের লাস্যময়ী অলিগলির মধ্যে বা আকর্ষণীয় দোকান পাটের বা কফি শপের আশপাশে আশ্রয়হীন কিছু মানুষকে নিরাসক্ত মুখে ঘুরতে ফিরতে দেখা যেত। এদের কেউ মাদকাসক্ত, কেউ বোহিমিয়ান হিপ্পি টাইপ, কেউ জীবন নিয়ে বড় উদাসী। এদের জন্য নির্ধারিত শেলটার হোম থাকলেও তারা সেখানে কমই থাকেন। করোনা পরিস্থিতিতে তাদেরকে মোটামুটি বাধ্য করা হয়েছে ঘরে থাকতে এবং এখন বেশ কিছু হোটেলে তাদের স্বেচ্ছাবন্দী জীবন। আইনের ব্যবহার তাই কোনো কোনো ক্ষেত্রে অপরিহার্য। কিছু পরিবার এই কঠিন করোনাকালেও উডবাইনড বিচ কি আশপাশের পার্কে জমায়েত হচ্ছিলেন। এতে বিশাল অঙ্কের জরিমানার খেসারত দিতে হল তাদের! আইন প্রয়োগও সচেতনতা তৈরির মাধ্যম বটে।
জীবন বহতা নদী। বাঁধ দিয়ে জীবনের স্রোতকে কি ঠেকানো যাবে। জীবনকে ফিরতে হবে তার নিজের ছন্দে। করোনা বধ হয়তো খুব সন্নকটেই। এই মুহূর্তে লকডাউন বা অবরোধই নতুন জীবনে ফেরার একমাত্র পথ। তবে জীবিকা আর অর্থনীতির চাকাকে ঘুরাতে খুবই পরিকল্পিতভাবে এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ বিবেচনায় এনে এই অবরোধকে ধাপে ধাপে খুলতে হবে। এই বিষয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞর মতামতই অগ্রাধিকার পাবে। এভাবেই এগিয়েছেন করোনা যুদ্ধে জয়ের পথে থাকা দেশগুলো।
আশা আর বিশ্বাস নিয়ে জীবনের পথে এগিয়ে চলাই মনুষ্য ধর্ম। আসুন আশা নিয়ে এই যুদ্ধ জয় করি!
লেখক: অধ্যাপক, কমিউনিটি মেডিসিন, টরন্টো, কানাডা।