করোনা সংক্রমণ ৫ ভাগের নিচে এলে স্কুল খোলা যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর বলেছেন, রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠান স্কুলগুলো শরৎকালে আবার খোলা যেতে পারে। তবে এ ক্ষেত্রে একটি শর্ত জুড়ে দেন তিনি।

বলেন, কোভিড-১৯ সংক্রমণের হার ৫ ভাগ বা তারও নিচে নেমে আসলে এই উদ্যোগ বাস্তবায়ন সম্ভব। পুনরায় খোলার জন্য স্কুল অবশ্যই চতুর্থ ধাপে খুলে দেওয়ার এলাকায় থাকতে হবে।

১৩ জুলাই গভর্নর কুমো আরও বলেন, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তাকে গুরুত্ব দিয়ে পরিকল্পনা প্রণয়ন করতে হবে। অন্য রাজ্যগুলোর গভর্নররা শিক্ষাপ্রতিষ্ঠান আবার খোলার আদেশ দিতে বিজ্ঞান ও ডেটা ব্যবহার করতে ব্যর্থ হওয়ায় সমালোচিত হয়েছেন। সে সব রাজ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পর থেকে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে।

গভর্নর বলেন, ‘আমরা আমাদের বাচ্চাদের লিটমাস টেস্টের জন্য ব্যবহার করতে পারি না। সহজ কথা হলো, আমরা আমাদের বাচ্চাদের এমন জায়গায় রাখব না যেখানে তাদের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে।’

গত সপ্তাহে কুমো বলেছিলেন, রাজ্যব্যাপী স্কুলগুলো খোলার বিষয়ে একটি পরিকল্পনা জমা দিতে হবে। রাজ্যের সরকারের বিশেষজ্ঞ দল পরিকল্পনা বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবেন। এরপর স্কুল ডিস্ট্রিক্ট সিদ্ধান্ত নেবে, স্কুল পুনরায় খুলবে কিনা। তাঁর মতে, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ৭ আগস্টের মধ্যে।

স্কুলগুলো ততক্ষণ পর্যন্ত খোলা রাখা যাবে, যতক্ষণ পর্যন্ত সংক্রমণের হার ৯ শতাংশের কম থাকে। ৯ শতাংশের বেশি সংক্রমণের হার হলে অবশ্যই স্কুল বন্ধ করে দেওয়া হবে।

মেয়র বিল ডি ব্লাজিও এবং স্কুল চ্যান্সেলর রিচার্ড কারানজা শ্রেণির আকার, সময়সূচি ও দূরবর্তী শিক্ষার ওপর নির্ভর করে প্রতি সপ্তাহে ২ বা ৩ দিন সশরীরে শিক্ষার মিশ্রণের রূপরেখা প্রকাশ করেছেন।

নিউইয়র্ক অঙ্গরাজ্যের শিক্ষা বিভাগ (এনওয়াইএসইডি) স্কুলগুলো পুনরায় খোলার জন্য কাঠামো বা নির্দেশিকা সম্প্রমতি উপস্থাপন করেছে। গত মাসে ৫টি ভার্চুয়াল আঞ্চলিক শিক্ষাবিদ ও ছাত্র ফোরামের তথ্য সংগ্রহের মাধ্যমে নির্দেশিকা তৈরি করা হয়েছিল, যেখানে এক হাজারের বেশি বাবা–মা, শিক্ষার্থী, শিক্ষক, প্রশাসক এবং স্টেকহোল্ডার উপস্থিত ছিলেন।