করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে মিশিগান
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে করোনাভাইরাসের সংক্রমণ ক্রমশ বেড়ে যাচ্ছে। এই রাজ্য করোনার দ্বিতীয় ঢেউয়ের সর্বোচ্চ ঝুঁকিতে আছে বলে জানিয়েছে গবেষণাধর্মী সংস্থা কোভিড অ্যাক্ট নাউ।
স্বেচ্ছাসেবী সংস্থা কোভিড অ্যাক্ট নাউ যুক্তরাষ্ট্রের প্রতিটি রাজ্যের করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি স্তর চিহ্নিত করছে। করোনার সংক্রমণ দ্রুত বৃদ্ধির কারণে মিশিগানে করোনার প্রাদুর্ভাব মাঝারি ঝুঁকি থেকে উচ্চ ঝুঁকির স্তরে চলে যাচ্ছে। মিশিগানকে এর আগে ‘নিয়ন্ত্রিত করোনা রোগ বৃদ্ধি’র স্তর হিসেবে চিহ্নিত করা হয়েছিল।
১১ অক্টোবর পর্যন্ত রাজ্যের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, বর্তমানে মিশিগানে করোনা সংক্রমণের হার ১ দশমিক ১২ শতাংশ। অর্থাৎ একজন সংক্রমিত ব্যক্তি অন্য ১ দশমিক ১২ জনকে সংক্রমিত করছে।
কোভিড অ্যাক্ট নাউ মনে করে, সংক্রমণের হার ১ দশমিক ১৪ হচ্ছে জটিল স্তর। আর মিশিগানের বর্তমান সংক্রমণের হার ১ দশমিক ১২ হচ্ছে উচ্চ ঝুঁকির স্তর। এই রাজ্যে প্রতি এক লাখ মানুষের মধ্যে ১১ দশমিক ৭ জন নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হচ্ছে। যা উচ্চ ঝুঁকির স্তর বলে গবেষণায় বলা হয়েছে।
বর্তমানে মিশিগানে করোনা সংক্রমণের হার ১ দশমিক ১২ শতাংশ। অর্থাৎ একজন সংক্রমিত ব্যক্তি অন্য ১ দশমিক ১২ জনকে সংক্রমিত করছে
স্টেট সূত্রে জানা গেছে, ১০ অক্টোবর ২৪ ঘণ্টায় রাজ্যে এক হাজার ৫২২ জন করোনায় সংক্রমিত হয়েছে। যা গত ৭ এপ্রিলের পর একদিনে সর্বোচ্চ সংক্রমণ। করোনায় সংক্রমিত হয়ে মিশিগানে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ হাজার ৮৯১ জনের এবং সংক্রমিত হয়েছে এক লাখ ৩৪ হাজার ৬৫৬ জন। গত এক সপ্তাহে গড়ে প্রতিদিন রাজ্যে করোনায় সংক্রমিত হচ্ছে এক হাজার ২০ জন। রাজ্যে এ পর্যন্ত এক লাখ ৪ হাজার ২৭১ জন করোনা সংক্রমিত রোগী সুস্থ হয়েছে।
কোভিড অ্যাক্ট নাউ জানিয়েছে, মিশিগানে বর্তমানে আইসিইউ শয্যার ১৬ শতাংশ করোনায় সংক্রমিত রোগী ব্যবহার করছে।
১০ অক্টোবর ২৪ ঘণ্টায় রাজ্যে এক হাজার ৫২২ জন করোনায় সংক্রমিত হয়েছে। যা গত ৭ এপ্রিলের পর একদিনে সর্বোচ্চ সংক্রমণ। করোনায় সংক্রমিত হয়ে মিশিগানে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ হাজার ৮৯১ জনের এবং সংক্রমিত হয়েছে এক লাখ ৩৪ হাজার ৬৫৬ জন
এদিকে মিশিগানের বাংলাদেশি অধ্যুষিত এলাকা ডেট্রয়েট, হ্যামট্রাম্যাক, ওয়ারেন ও স্টার্লিং হাইটস সিটিতে বাংলাদেশি-আমেরিকানদের করোনায় সংক্রমিত হওয়ার খবর পাওয়া গেছে। একজন বাঙালি নারী করোনায় সংক্রমিত হয়ে হাসপাতালের ভেন্টিলেশনে আছেন। এ ছাড়া একাধিক বাঙালি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।