করোনাকালে কয়েকটি স্বাস্থ্যকর রেসিপি

কোভিড-১৯ মহামারি আকারে আজ ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। আমরা আজ কঠিন এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। গত ২২ মার্চ থেকে নিউইয়র্ক সিটি লকডাউন ঘোষণা করার পর থেকে আমরা অনেকে স্বেচ্ছায় গৃহবন্দী হই। যাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তারা খুব সহজেই করোনাভাইরাসে আক্রান্ত হতে পারেন। যেহেতু এই ভাইরাসের এখনো কোনো ওষুধ আবিষ্কার হয়নি, তাই আমাদের সবাইকে সেই সব খাবার বেশি বেশি খেতে হবে, যা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। এই করোনাকালে প্রতি দিনের খাদ্যতালিকায় এমন খাবার রাখুন, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে।
আরেকটি কথা বলে রাখি—আপনি চাইলেই এই মুহূর্তে বারবার বাইরে যেতে পারছেন না। আপনি চাইলেই হাতের কাছে প্রয়োজনীয় সব ধরনের উপকরণ পাচ্ছেন না। কারণ, পুরো নিউইয়র্ক শহর এই মুহূর্তে লকডাউন। সামান্য কিছু গ্রোসারি ওপেন থাকলেও সবকিছু পাওয়া যাচ্ছে না সেখানে। তাই এমন কিছু খাবারের কথা আজ বলব, যা তৈরির জন্য দরকারি উপকরণগুলো সবার হাতের নাগালেই রয়েছে।
আমি খুব সহজ, সুস্বাদু, স্বাস্থ্যসম্মত এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়—এমন তিনটি খাবারের কথা বলব আজ। এগুলো খুব সহজেই যে কেউ ঘরে বসে তৈরি করতে পারবে। এই খাবারগুলো কেউ চাইলে ইফতার বা সাহরিতে খেতে পারেন।

সবজি-ডাল
সবজি-ডাল করতে আপনার লাগবে দু-তিন রকমের সবজি ও দু-তিন রকমের ডাল। প্রথমেই ডালগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। গরম তেলে পেঁয়াজ, রসুন ভেজে নিতে হবে। তারপর সে ভাজা পেঁয়াজে সব ধরনের মসলা পরিমাণমতো দিতে হবে। মসলা কষানো হলে ডালগুলো ছেড়ে দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ পর সবজিগুলো ঢেলে দিতে হবে। তারপর সব উপকরণ গুলো দেওয়া হয়ে গেলে পরিমাণমতো পানি ঢেলে ঢেকে দেবেন। কিছুক্ষণ পর নেড়েচেড়ে নামিয়ে নেবেন সবজি-ডাল। কত সহজেই তৈরি হয়ে গেল সুস্বাদু সবজি-ডাল।

রসুন ও কালোজিরা ভর্তা
এটা তৈরি করা খুবই সহজ। এটা তৈরি করতে লাগবে রসুন, কালোজিরা, লবণ ও কাঁচা মরিচ। প্রথমে কালোজিরা হালকা তাপে ভেজে নিতে হবে। রসুনের সঙ্গে মরিচগুলো আলাদা ভেজে নিতে হবে। তারপর সবগুলো উপকরণ একসঙ্গে করে আপনি ব্লেন্ড করতে পারেন, বা পাটায় পিষে নিতে পারেন। এভাবে খুব সহজে হয়ে যাবে কালোজিরা ও রসুনের ভর্তা।

চিকেন নুডলস স্যুপ
এটা তৈরি করতে লাগবে চিকেন, নুডলস, কিছু ভেজিটেবল, কর্নফ্লাওয়ার, ডিম, আদা-রসুন বাটা, লবণ ও তেল। প্রথমে চিকেনগুলো আদা-রসুন বাটা দিয়ে মাখিয়ে তেলে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে পরিমাণমতো পানি দিন। তারপর নুডলস ও কাটা সবজিগুলো দিয়ে হালকা আঁচে বসিয়ে রাখুন। যখন বুঝতে পারবেন হয়ে আসছে, তখন পানি দিয়ে মেশানো সামান্য কর্নফ্লাওয়ার ও ডিম ভেঙে দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ পর গরম-গরম পরিবেশন করুন।